
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার কলকাতায় আয়োজিত দুদিনের বঙ্গ বিশ্ব বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণকারী শিল্পপতি ও ব্যবসায়ীদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন শিল্প প্রতিষ্ঠার জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে। এখানে শিল্পায়নের জন্য জমি, বিদ্যুৎ, সস্তা শ্রম ও শিল্পায়নের পরিকাঠামো বিদ্যমান। দ্রুত অগ্রগতি হচ্ছে বাংলাদেশের। তিনি বলেন, ‘বাংলাদেশ বস্ত্রশিল্পে এগিয়ে চলেছে। আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক অর্থনৈতিক আদান-প্রদানের মাধ্যমে শিল্পে সমৃদ্ধি আনতে পারব। আমাদের উন্নয়ন ত্বরান্বিত করতে পারব। আমরা ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব।’ এ সম্মেলনের মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়বে বলে উল্লেখ করেন তিনি।
গতকাল সকালে কলকাতার সায়েন্স সিটির পাশে মিলনমেলা ময়দানের বিশেষ মঞ্চে বঙ্গ বিশ্ব বাণিজ্য সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতায় আয়োজিত এ সম্মেলনে যোগ দিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, যুক্তরাজ্যের শ্রম ও কর্মনিয়োগমন্ত্রী প্রীতি প্যাটেল, ভুটানের অর্থনীতিবিষয়ক মন্ত্রী ল্যানপো নরবু ওয়াংচুক, ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাহাজ চলাচলমন্ত্রী নিতীন গড়করি, কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু, কেন্দ্রীয় বিদ্যুৎ ও কয়লামন্ত্রী পীযূষ গোয়েল, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও ভারতের বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা।
এবারের সম্মেলনে বিশ্বের ২৫টি দেশের দুই হাজার শিল্পপতি যোগ দিয়েছেন। বাংলাদেশ থেকে এসেছে ৩৪ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদল। এ দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ। আরও যোগ দিয়েছেন রিলায়েন্স শিল্পগোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি, রাকেশ মিত্তাল, সজ্জন জিন্দল, সঞ্জীব গোয়েঙ্কাসহ ভারতের বেশ কয়েকজন বিশিষ্ট শিল্পপতি। মুকেশ আম্বানি এদিন বলেন, ‘ব্যবসা করার জন্য সবচেয়ে ভালো জায়গাগুলোর মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ এবং আমি বলছি এই রাজ্য বিনিয়োগের জন্য আদর্শ স্থান।’
মূলত পশ্চিমবঙ্গের শিল্পে আরও বেশি করে বিনিয়োগ সুনিশ্চিত করতে এবং রাজ্যের বিকাশ ও উন্নয়ন ত্বরান্বিত করতে পশ্চিমবঙ্গ সরকার এই বঙ্গ বিশ্ব বাণিজ্য সম্মেলনের আয়োজন করে। এই সম্মেলন আজ শনিবারও চলবে। গতকাল এই সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে আরও বেশি করে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, পশ্চিমবঙ্গ হলো বাংলাদেশ, নেপাল ও ভুটানের প্রবেশদ্বার। শুধু তাই নয়, এই পশ্চিমবঙ্গ দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার। পশ্চিমবঙ্গে কৃষি ও শিল্পে বৃদ্ধির হার গোটা ভারতের চেয়ে বেশি। এই রাজ্য এখন ভারতের শিল্পের গন্তব্য। সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক সবই পশ্চিমবঙ্গ থেকে কাছে। এই রাজ্যে শিল্প গড়ার অনুকূল পরিবেশ বিরাজ করছে। মিলছে সস্তায় বিদ্যুৎ, শ্রম। আছে শিল্প গড়ার জন্য ভূমি ব্যাংক।
সম্মেলনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, পশ্চিমবঙ্গ সরকারের এ উদ্যোগ প্রশংসনীয়। তাই রাজ্যের অর্থনীতি চাঙা করতে বিনিয়োগের ওপর গুরুত্ব দিতে হবে। বিশ্বের অর্থনীতির দ্রুত পরিবর্তন হচ্ছে। বিশ্বজুড়ে চলছে অর্থনৈতিক মন্দা। তাই পশ্চিমবঙ্গের অর্থনীতিকে চাঙা করতে বিনিয়োগের প্রয়োজন। বলেন, পশ্চিমবঙ্গে রয়েছে শিল্পের উজ্জ্বল সম্ভাবনা। এ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রয়োজন এই রাজ্যে শিল্পবান্ধব নীতি।