ডাচ্ রাজকুমারীর সাক্ষাৎ
বাংলাদেশে বিনিয়োগের জন্য ডাচ্ উদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নবায়নযোগ্য জ্বালানি ও তেল-গ্যাসসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে ডাচ্ উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। ডাচ্ রাজকুমারী মাখরিদ ফ্রান্সিসকা গতকাল বুধবার গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। খবর ইউএনবির।প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবুল কালাম আজাদ এসব কথা জানান। শেখ হাসিনা বলেন, বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। ডাচ্ বিনিয়োগকারীরা আমাদের তথ্যপ্রযুক্তি, পর্যটন, সিরামিক, ওষুধসহ সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ করতে পারে। তিনি গড়াই নদের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে নেওয়া প্রকল্পে ডাচ্ সহযোগিতা কামনা করেন।রাজকুমারী ফ্রান্সিসকা আশা প্রকাশ করেন, তাঁর দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে এগিয়ে আসবেন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ: রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ডাচ্ রাজকুমারী ফ্রান্সিসকা। গতকাল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের সময় বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কৌশলের ভূয়সী প্রশংসা করেন রাজকুমারী ফ্রান্সিসকা। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে অন্য দেশগুলো বাংলাদেশ থেকে শিক্ষা নিতে পারে।রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদার হবে।