প্রশাসনের সর্বস্তরে দুর্নীতি ও আইনের যথাযথ প্রয়োগের অভাবই বাংলাদেশে বিনিয়োগের প্রধান বাধা। গত শুক্রবার গ্রেটার লন্ডন অথরিটি আয়োজিত এক মতবিনিময় সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ মন্তব্য করেন।লন্ডনের সিটি হলে আয়োজিত এ মতবিনিময় সভায় অংশ নেন লন্ডন অ্যাসেম্বলির মেম্বার মুরাদ কুরেশি ও ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদুর রহমান খান।অর্থমন্ত্রী বলেন, ১৯৭২ সালে স্বাধীন হলেও বাংলাদেশের ওপর এখনো আন্তর্জাতিক বিনিয়োগকারীরা নির্ভর করতে পারছেন না এর ‘ইমেজ’-এর কারণে। তবে তিনি বাংলাদেশকে বিশ্বের অন্যতম বিনিয়োগবান্ধব রাষ্ট্র বলে অভিহিত করেন।আলোচনা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি অকপটেই স্বীকার করেন, রাজনীতিবিদদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নেই এবং সরকারি কাজ করাতে গেলে টেবিলের নিচে অর্থ লেনদেন করতে হয়। বাংলাদেশকে এই ইমেজ থেকে বের করে নিয়ে আসতে অর্থমন্ত্রী পরামর্শক (থিংক ট্যাংকার) হিসেবে প্রবাসীদের সহায়তা চান। সে সঙ্গে বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজ বাড়াতে তিনি প্রবাসীদের কাজ করার অনুরোধ জানান।অর্থমন্ত্রী বলেন, প্রয়োজনে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে প্রবাসী বাংলাদেশিদের পরামর্শক হিসেবে কাজ করার সুযোগ দেবে সরকার।রাজধানী ঢাকাকে অসম্ভবের শহর হিসেবে অভিহিত করে অর্থমন্ত্রী পরিবহন ও যোগাযোগ খাতে বিনিয়োগ-সম্ভাবনার কথা বলেন। এ জন্য সরকার আগামী বছরই রাজধানীর পরিবহনব্যবস্থার উন্নয়নে টঙ্গী থেকে যাত্রাবাড়ী এবং মহাখালী থেকে আউটার সার্কুলার রোড পর্যন্ত বিশেষ রেল সার্ভিস চালু করার কথা জানান। প্রায় দুই ঘণ্টাব্যাপী খোলামেলা আলোচনা শেষে অর্থমন্ত্রী সিলেট সদর অ্যাসোসিয়েশন ও যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত পৃথক দুটি সভায় অংশ নেন।