প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে জার্মান উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দক্ষিণ এশিয়ার মধ্যে কেবল এ দেশেই সরাসরি সবচেয়ে উদার বিদেশি বিনিয়োগনীতি রয়েছে। খবর বাসসের।গতকাল সোমবার বার্লিনে হোটেল এডলনে জার্মান-বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত এক সেমিনারে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ‘উদীয়মান বাজার বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে ম্যাকুওয়ানজি জিআইজেড, কমার্স ব্যাংক, ডিএইচএল, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয়, সোলার ওয়ার্ল্ড এজি, জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় পার্লামেন্ট সদস্যসহ জার্মানির শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিদেশি বিনিয়োগের শতভাগ মুনাফা ও পুঁজি স্বদেশে পাঠানোর সুযোগ দিচ্ছে। আমরা পারস্পরিক স্বার্থে আপনাদের সঙ্গে অংশীদারির ভিত্তিতে কাজ করতে আগ্রহী।’সেমিনারে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হোগলার মিচেল স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিজিসিসিআই) সভাপতি সাইফুল ইসলাম সূচনা বক্তব্য দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ম্যাকিনসে অ্যান্ড কোম্পানির আচিম বার্গ, পিকার্ড জার্মানির প্রধান নির্বাহী টমাস পিকার্ড, জার্মান চেম্বার ফেডারেশনের আন্তর্জাতিক অর্থনীতিবিষয়ক এমডি ও উপপ্রধান নির্বাহী কর্মকর্তা ভলকার ট্রেয়ার্স, বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ কে আজাদ এবং জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মসউদ মান্নান বক্তব্য দেন।বক্তৃতা ও উপস্থাপনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্যানেল আলোচনা হয়। এটি পরিচালনা করেন দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম।শেখ হাসিনা বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের দেওয়া ব্যবসায়িক সুযোগ-সুবিধা তুলে ধরে বলেন, বাংলাদেশ সব সময় জার্মানিকে বিশ্বস্ত উন্নয়ন ও ব্যবসায়িক অংশীদার মনে করে।প্রধানমন্ত্রী বাংলাদেশে বিদ্যমান স্বাধীন সংবাদমাধ্যম ও বিচারব্যবস্থার কথা তুলে ধরে বলেন, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন ও দুর্নীতি দমন কমিশনের মতো বিধিবদ্ধ সংস্থাগুলো দেশে সুশাসন নিশ্চিত করছে।বঙ্গবন্ধুর দুর্লভ আলোকচিত্র: জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের সাবেক গাড়িচালক আনোয়ার আলী প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি দুর্লভ আলোকচিত্র দেন। গতকাল এক সেমিনার শেষে তাঁকে এই আলোকচিত্র দেওয়া হয়। সেমিনারে অংশগ্রহণকারীদের তুমুল করতালির মধ্যে আনোয়ার আলী যখন প্রধানমন্ত্রীর হাতে দুর্লভ আলোকচিত্রটি তুলে দেন, তখন এক আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়। ছবিটিতে আনোয়ার আলী ১৯৭২ সালে জার্মানির ফ্রাঙ্কফুর্টে বঙ্গবন্ধুকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন।