বাংলাদেশে বৈরী রাজনৈতিক সংস্কৃতির অবসান হয়নি: স্টিফেন ফ্রোইন
‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈরী সম্পর্কের যে সংস্কৃতি রয়েছে, গত পাঁচ বছরে তার অবসান হয়নি। গতবারের তুলনায় এবারের সংসদ অনেক কার্যকর হলেও প্রতিষ্ঠানটি পুরোপুরি অর্থবহ হয়ে ওঠেনি। কারণ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার মূল মঞ্চ সংসদ অধিবেশনে অংশ নিচ্ছে না প্রধান বিরোধী দল। তবে ভবিষ্যতে বাংলাদেশে অগণতান্ত্রিক শক্তির আবির্ভাব হোক, তা আমরা চাই না। আমার উত্তরসূরিকেও মুখোমুখি হতে হবে না ২০০৭ সালের ১১ জানুয়ারির মতো পরিস্থিতির।’বাংলাদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা বর্ণনা করার সময় এসব কথা বলেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোইন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা শেরাটন হোটেলে বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতি (ডিকাব) আয়োজিত অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে ফ্রোইন বলেন, নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় ফিরে এলেও রাজনৈতিক পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। তিনি বলেন, ‘পাঁচ বছর আগে আমি ঢাকায় আসার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈরী সম্পর্কের যে সংস্কৃতি ছিল, তার পরিবর্তন হয়নি। বিষয়টি খুব হতাশার।’সরকারি দল ও বিরোধী দলের এমন বৈরী সম্পর্কের পরিপ্রেক্ষিতে সংসদ কার্যকর কি না, স্টিফেন ফ্রোইনকে এমন প্রশ্ন করেছিলেন একজন সাংবাদিক। উত্তরে ফ্রোইন বলেন, গতবারের তুলনায় এবারের সংসদের পরিস্থিতি কিছুটা ভালো হয়েছে। সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। কয়েকটি কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান বিরোধী দলের সদস্যদের। তবে জাতীয় আলোচনার মূল কেন্দ্র সংসদের অধিবেশনে অনুপস্থিত থাকছে প্রধান বিরোধী দল। রাজনৈতিক দলগুলোর সংঘাতময় রাজনীতির ফলে ধুঁকছে সংসদ। সংসদ পুরোপুরি কার্যকর হচ্ছে না। এটা খুব দুঃখজনক। তবে সামগ্রিকভাবে বাংলাদেশের সংসদকে অকার্যকর বলা যাবে না। স্টিফেন ফ্রোইন বলেন, সাংসদরা শুধু ৯০ কার্যদিবসের পর সংসদে উপস্থিত হয়ে তাঁদের সংসদ সদস্যপদ রক্ষা করবেন, এটা কাম্য হতে পারে না।বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে হতাশ কি না, জানতে চাইলে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘ভবিষ্যতে কী ঘটবে, তা কেউ বলতে পারে না। আমি আশাবাদী মানুষ। বাংলাদেশে অগণতান্ত্রিক শক্তির আবির্ভাব হোক, তা আমরা চাই না। আমার উত্তরসূরিকে ২০০৭ সালের ১১ জানুয়ারির মতো পরিস্থিতির মুখোমুখি হতে হবে না, এটাই আমার প্রত্যাশা।’ বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপ। এ প্রেক্ষাপটে বাংলাদেশের পোশাকশিল্পের কর্মীরা যাতে ন্যূনতম মজুরি পায় এবং নিষ্পেষিত না হয়, সে ব্যাপারে ইইউ সোচ্চার রয়েছে। এ প্রসঙ্গে ফ্রোইন বলেন, সরকার পোশাকশিল্পের কর্মীদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে। এটা বাস্তবায়ন হবে নভেম্বর থেকে। তিনি বলেন, ‘আমরা মনে করি, এবারের ঈদে নতুন কাঠামোতে উত্সব ভাতা দেওয়া হলে শ্রমিকেরা বেশি খুশি হতো।’মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন ডিকাব সাধারণ সম্পাদক ইমরান আলম। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের সভাপতি জহিরুল আলম।প্রধানমন্ত্রীর সঙ্গে স্টিফেন ফ্রোইনের সাক্ষাৎ: বার্তা বাসস জানায়, স্টিফেন ফ্রোইন গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাত্কালে তিনি আশ্বাস দেন, সিলেট ও কিশোরগঞ্জের হাওর এলাকায় আকস্মিক বন্যাজনিত ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশকে ৩৮ লাখ ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষভাবে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠানে সমর্থন ও সহযোগিতার জন্য ইউরোপীয় দেশগুলোকে ধন্যবাদ জানান।