বাংলাদেশে ব্যবসা বাড়াতে আগ্রহী যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ রোববার তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এলিসন ব্লেক। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্য
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ রোববার তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এলিসন ব্লেক। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্য

যুক্তরাজ্যের ব্যবসায়ীরা বাংলাদেশে তাদের বাণিজ্য বাড়াতে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত দেশটির হাইকমিশনার এলিসন ব্লেক। আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। পরে সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত তুলে ধরা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকমিশনার বলেন, বাংলাদেশে ব্রিটিশ ব্যবসায়ীরা তাদের ব্যবসা বাড়াতে আগ্রহী, বিশেষ করে জ্বালানি খাতে। বাংলাদেশের উন্নয়নে ‍যুক্তরাজ্য সরকার সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান হাইকমিশনার এলিসন। সাক্ষাৎকালে এ জলবায়ু পরিবর্তন ঝুঁকি নিয়ে আলোচনা হয়।

যুক্তরাজ্য পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত তিন সংসদ সদস্য বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার কন্যা টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, সংসদ সদস্য রুশনারা আলী ও রূপা হকের প্রশংসা করেন হাইকমিশনার। দায়িত্ব পালনকালে দুই দেশের সম্পর্ক বৃদ্ধিতে কাজ করবেন বলে জানান হাইকমিশনার। প্রধানমন্ত্রীর সঙ্গে অমর একুশে বই মেলা ঘুরে দেখার অনুভূতি ব্যক্ত করেন হাইকমিশনার।
নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে সব ধরনের সহযোগিতা দেওয়া আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের চলমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করে এ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যুক্তরাজ্যের জনগণ ও রাজনীতিবিদদের সহযোগিতার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
তথ্য-প্রযুক্তিতে বাংলাদেশের অসাধারণ অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা ইন্টারনেট সেবাকে সারা দেশে ছড়িয়ে দিয়েছি। অনলাইনের ২৫৭ ধরনের সেবা দেওয়া হচ্ছে। বাংলাদেশের মানুষ প্রযুক্তি বান্ধব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন শেখ হাসিনা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী আন্তর্জাতিক উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রী কার্যালয় সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।