বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খতিয়ে দেখছে গুগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুজাতিক ইন্টারনেট জায়ান্ট গুগল বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে এবং এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ঢাকায় একজন পরামর্শক (কান্ট্রি কনসালট্যান্ট) নিয়োগ দিয়েছে।বর্তমানে বিশ্বের ৫০টির মতো দেশে গুগল তাদের ইন্টারনেটভিত্তিক বিভিন্ন পণ্য ও সেবা বিক্রি করে। বাংলাদেশের মতো অর্থনীতি ও প্রযুক্তিতে অনগ্রসর একটি দেশে ব্যবসার ব্যাপারে গুগলের আগ্রহের কারণ সম্পর্কে প্রশ্ন করা হলে বাংলাদেশে সফটওয়্যার নির্মাতা সমিতির (বেসিস) সভাপতি ফাহিম মোরশেদ বিবিসিকে বলেন, ‘বাংলাদেশে গত কয়েক বছরে মোবাইলের ব্যবহার বাড়ার কারণে বিপুলসংখ্যক মানুষ এখন ইন্টারনেট ব্যবহার শুরু করেছে। আমাদের হিসাব অনুযায়ী, দেড়-দুই কোটি লোক ইন্টারনেট ব্যবহার করছে এবং তাদের এই ব্যবহারের জায়গা হচ্ছে গুগল। শুধু যে গুগল সার্চ করার কাজে গুগল ব্যবহার হচ্ছে তা নয়, ই-মেইল করা বা বিভিন্ন ডকুমেন্ট রাখার জন্য করপোরেট প্রতিষ্ঠান, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষও গুগলের বিভিন্ন সার্ভিস ব্যবহার করছে। আমাদের জানামতে, গুগলের যে ব্যবহারকারী সারা বিশ্বে রয়েছে, তার দশমিক ৫ শতাংশ বাংলাদেশ থেকে আসে। শিগগিরই এই সংখ্যা এক শতাংশে উন্নীত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে, অ্যান্ড্রয়েডের বড় বিস্তার ঘটছে বাংলাদেশে। স্বল্প খরচে চার-পাঁচ হাজার টাকায় অ্যান্ড্রয়েডের স্মার্টফোনও পাওয়া যাচ্ছে। অ্যান্ড্রয়েড তো মূলত গুগলেরই প্রডাক্ট। বাংলাদেশের বড় জনসংখ্যার একটা অংশ গুগলের সম্ভাবনাময় ব্যবহারকারী এবং সেই দিকটা মাথায় রেখেই হয়তো এ দেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে গুগল।’এদিকে দেশের শীর্ষ মুঠোফোন অপারেটর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তার পদ থেকে ইস্তফা দিয়ে গুগল ইনকরপোরেশনে যোগ দিয়েছেন কাজী মনিরুল কবির। গতকাল সোমবার বাংলাদেশের পরামর্শক হিসেবে গুগল সিঙ্গাপুর অফিসে যোগ দিয়েছেন তিনি।বর্তমানে গুগলের ভারত, শ্রীলঙ্কাসহ আশপাশের আরও কয়েকটি দেশে অফিস রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশেও সাম্প্রতিক সময়ে যাত্রা শুরু করেছে গুগল।