বাংলাদেশে ব্লগার হত্যায় রুশদিসহ ১৫০ লেখকের নিন্দা

সালমান রুশদি ও মার্গারেট অ্যাটউডসহ বিশ্বের ১৫০ জনের বেশি লেখক ২০১৫ সালে বাংলাদেশে তিনজন ব্লগার হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়ে দ্য গার্ডিয়ান পত্রিকার একটি খোলাচিঠিতে স্বাক্ষর করেছেন। গত তিন মাসে ঘটা এসব হত্যাকাণ্ডের মতো ঘটনা যেন আর না ঘটে, এ ব্যাপারে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এসব লেখক। দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করারও অনুরোধ জানান তাঁরা।
আজ শুক্রবার গার্ডিয়ানের খবরে জানানো হয়, গত সপ্তাহে সিলেটে জনাকীর্ণ সড়কে অনন্ত বিজয় দাস খুন হন। নিজের কর্মস্থলে যাওয়ার পথে মুখোশধারী চার হামলাকারী তাঁকে ধাওয়া করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে।
অনন্ত মুক্তমনা নামের একটি ব্লগের প্রদায়ক হিসেবে কাজ করতেন। ২০০২ সালে অভিজিৎ রায় মুক্তমনা ব্লগটি প্রতিষ্ঠা করেন। সেখানে অনন্ত বিজ্ঞান ও বিবর্তন বিষয়ে লেখা পোস্ট করতেন। সেখানে ইসলাম ও হিন্দুত্ববাদকে সমালোচনা করেও তাঁর কিছু লেখা ছিল।
তাঁর সহকর্মী লেখকদের মতে, জঙ্গিদের হত্যা তালিকায় অভিজিৎ রায়ের পরই তাঁর নাম ছিল। গত ফেব্রুয়ারিতে অভিজিৎ ও তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা হামলার শিকার হন। ওই হামলায় অভিজিৎ নিহত হন। পরের মাসেই আরেক ব্লগার ওয়াশিকুর রহমানকে হত্যা করা হয়।
বেশ কয়েকটি আক্রমণের ঘটলেও এর জন্য কাউকে গ্রেপ্তার করতে না পারায় গার্ডিয়ানের চিঠিতে স্বাক্ষর করা লেখকেরা শোক ও উদ্বেগ জানিয়েছেন।
ওই চিঠিতে জানানো হয়, এই তিন ব্লগারসহ ২০১৩ সাল থেকে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে মত প্রকাশকারী লেখক ও সাংবাদিকদের প্রতি এমন সহিংসতার ঘটনায় তাঁরা উদ্বিগ্ন।
মত প্রকাশের স্বাধীনতা বাংলাদেশের অন্যতম মৌলিক অধিকার ও মানবাধিকার বলে উল্লেখ করে এই লেখকেরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অনন্ত, ওয়াশিকুর ও অভিজিৎ হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচারের ব্যবস্থা করতে দাবি জানিয়েছেন।