বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার পঙ্কজ শরণ
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব পঙ্কজ শরণ বাংলাদেশে সে দেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার পঙ্কজ শরণের নিয়োগের বিষয়ে সম্মতি দিয়েছে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এই সম্মতিপত্রে সই করেছেন। অন্যান্য আনুষ্ঠানিকতার পর তাঁর নিয়োগের বিষয়টি চূড়ান্ত করবে ভারত। আশা করা যাচ্ছে, খুব শিগগির পঙ্কজ শরণ তাঁর দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসবেন। তিনি ভারতের সাবেক হাইকমিশনার রজিত মিত্তারের স্থলাভিষিক্ত হবেন। গত নভেম্বরে রজিত মিত্তার ঢাকা ত্যাগ করেন।পঙ্কজ শরণ অবশ্য বাংলাদেশের কূটনৈতিক মহলে অপরিচিত নন। তিনি ১৯৮৯ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৯২ সালের জুন পর্যন্ত ঢাকায় ভারতীয় হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে পদোন্নতি পেয়ে প্রথম সচিব হ ন। ২০০৭ সালে তাঁকে প্রেষণে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈদেশিক, বিশেষ করে বাংলাদেশবিষয়ক যুগ্ম সচিব পদে নিয়োগ দেওয়া হয়। পঙ্কজ শরণের জন্ম ১৯৫৮ সালের ২২ নভেম্বর। ঢাকা ছাড়াও বিভিন্ন সময়ে তিনি মস্কো, ওয়াশিংটন, কায়রো ও জেনেভায় ভারতীয় দূতাবাসে এবং নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। তাঁর স্ত্রী প্রীতি শরণও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা। বর্তমানে তিনি কানাডার টরন্টোতে ভারতের কনসাল জেনারেল।