বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদী ৫৫ ঘাঁটির তালিকার খবর নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে এখনো ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের ৫৫টি ঘাঁটি রয়েছে। অবিলম্বে এসব ঘাঁটি গুঁড়িয়ে দিতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে ভারত। আগরতলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা পিটিআই গতকাল বৃহস্পতিবার এ খবর জানায়। তবে বিজিবি এ খবর নাকচ করে দিয়েছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বর্তমান সরকারের আমলে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের দমনে বাংলাদেশের সহযোগিতার ভূয়সী প্রশংসা করে থাকে দিল্লি। গত কয়েক বছরে বিএসএফের পক্ষ থেকে এ ধরনের তালিকা দেওয়া হলেও অনুসন্ধান শেষে তার উপস্থিতি পাওয়া যায়নি।পিটিআইয়ের খবরে বলা হয়, সম্প্রতি সিলেটে দুই দেশের সীমান্তরক্ষীদের যৌথ সীমান্ত ব্যবস্থাপনা ও সমন্বয়সংক্রান্ত এক বৈঠকে ওই ৫৫টি ঘাঁটির তালিকা হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ থেকে বিচ্ছিন্নতাবাদীরা ভারতে প্রবেশ করে রাষ্ট্রবিরোধী তৎপরতা চালাচ্ছে বলেও বৈঠকে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়।জানতে চাইলে ওই বৈঠকে যোগ দেওয়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক কর্মকর্তা বলেন, ভারতের পক্ষ থেকে কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তালিকা দেওয়া হয়েছে। তবে সংখ্যাটি ৫৫ কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি।