যতই দিন যাচ্ছে, বাংলাদেশে গণমাধ্যমের ওপর নতুন নতুন বিধিনিষেধ আরোপ হচ্ছে। বিশেষ করে ২০১৪ সালে বর্তমান সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর থেকে ভিন্নমত দমনে অভিনব সব কৌশল যোগ হয়েছে। বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রকাশিত প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
আজ মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ভীতি ও দমন-পীড়নের বেড়াজাল: বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়। একদিকে উগ্রবাদ, অন্যদিকে সরকারি দমনের কশাঘাতে পড়ে বাংলাদেশের গণমাধ্যম ১৯৯১ সালের পর সবচেয়ে খারাপ সময় পার করছে বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করা হয়।
একই সময়ে দিল্লিতেও এ প্রতিবেদন প্রকাশ করে অ্যামনেস্টি। কিন্তু ঢাকায় করা হলো না কেন? প্রথম আলোর এমন প্রশ্নের জবাবে অ্যামনেস্টির পক্ষ থেকে বলা হয়, গত দুই বছরের বেশি সময় ধরে অ্যামনেস্টির কর্মকর্তাদের বাংলাদেশে যাওয়ার ভিসা দেওয়া হয় না। তবে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার প্রেস নাদিম কাদির প্রথম আলোকে বলেন, গত এক বছরে তাঁরা অ্যামনেস্টির কাছ থেকে কোনো ভিসা আবেদন পাননি। জবাবে অ্যামনেস্টির এক কর্মকর্তা বলেন, তাঁর নিজের করা ভিসা আবেদন এখনো ঝুলে আছে।
৬৪ পৃষ্ঠার এ প্রতিবেদনে ২০১৩ সাল থেকে গত এপ্রিল মাস পর্যন্ত পরিস্থিতির বিশ্লেষণ করা হয়েছে। তুলে ধরা হয়েছে একের পর এক ব্লগার হত্যা, সাংবাদিক নির্যাতন, বিতর্কিত আইনের প্রয়োগ, ধর্মীয় উগ্রবাদ ও বিচারহীনতার চিত্র। নিরাপত্তায় আশঙ্কায় সক্রিয় সুশীল সমাজের কার্যকলাপ সীমিত হয়ে পড়ার বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সরকারকে দমননীতি থেকে সরে আসার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘মতপ্রকাশের স্বাধীনতায় সরকারি হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এ পরিস্থিতি গভীর উদ্বেগের।’ বলা হয়, ভয়ের পরিবেশ মুক্তচিন্তা ও বুদ্ধিচর্চাকে নিরুৎসাহিত করে এবং এর ফলে সবচেয়ে বড় ক্ষতিটা হয় রাষ্ট্রের।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ গবেষক চম্পা প্যাটেল বলেন, দক্ষিণ এশিয়ার অনেক দেশেই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে সমস্যা রয়েছে। কিন্তু বাংলাদেশ নিয়ে আলাদা উদ্বেগেরে কারণ হলো একজন ব্লগার হত্যার ঘটনায় আসামি হাতেনাতে ধরিয়ে দেওয়া হলেও তার বিচার আজও শুরু হয়নি। সরকারপ্রধান ও মন্ত্রীরা বিচারের কথা না বলে উল্টো ভুক্তভোগীদের দোষারোপ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আশ্রয় চেয়ে উল্টো নিপীড়িত হওয়ার নজির আছে।
চম্পা প্যাটেল বলেন, সরকারের কতটুকু সমালোচনা করা যাবে, সে বিষয়ে অদৃশ্য এক সীমারেখা টেনে দেওয়া হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের জন্য নেতিবাচক হয়—এমন সংবাদ প্রকাশ করা যায় না।
এক প্রশ্নের জবাবে চম্পা প্যাটেল বলেন, ‘গণমাধ্যমের সংখ্যা মতপ্রকাশের স্বাধীনতা নির্দেশ করে না। তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে কি না, সেটাই আসল বিষয়। কর্তৃত্বপরায়ণ সরকারগুলোই সব সময় গণমাধ্যমের সংখ্যা উল্লেখ করে মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে বলে দাবি করতে চায়।’
অ্যামনেস্টির বাংলাদেশবিষয়ক সাবেক গবেষক আব্বাস ফায়েজ বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, আওয়ামী লীগ সরকার একদিকে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধকে বেশ গৌরবের সঙ্গে উদ্যাপন করে, অন্যদিকে এসব আন্দোলনের মূল শিক্ষা ও অর্জনকে চরমভাবে অগ্রাহ্য করে। তিনি বলেন, স্বাধীনতার পরপর একদলীয় শাসন কায়েমের মধ্য দিয়ে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতায় আঘাত শুরু হয়।
আব্বাস বলেন, আওয়ামী লীগ বিরোধী দলে থাকা অবস্থায় সাংবাদিক হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক সাহায্য চাইত। কিন্তু সরকারে যাওয়ার পর তারা বিএনপি আমলে ঘটা ঘটনার বিচার দূরে থাক, উল্টো এখন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আরও বেশি ঘটছে। ভয়ে দমে না গিয়ে বাংলাদেশের স্বাধীনচেতা মানুষকেই নিজেদের অধিকার আদায় করে নিতে হবে বলে মন্তব্য তাঁর।
সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও সরকারপ্রধানের সমালোচনার জন্য একাধিক ব্যক্তিকে জেলে দেওয়ার ঘটনা উল্লেখ করে অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, সরকারের সমালোচনা ও ভিন্নমত দমন করতে উপনিবেশ আমলের অপরিচিত আইনের পাশাপাশি সরকার নতুন নতুন আইন প্রয়োগ করছে। এ কাজে সরকার রাজনৈতিকভাবে প্রভাবিত বিচারব্যবস্থাকে ব্যবহার করছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সরকার, সরকারি বাহিনী কিংবা উগ্রবাদী গোষ্ঠীগুলোর পক্ষ থেকে হুমকি সাংবাদিকদের জন্য নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শীর্ষস্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে, নানা কৌশলে হয়রানি করার মাধ্যমে সরকার গণমাধ্যমপাড়ায় সমালোচনা থেকে বিরত থাকার বার্তা দিয়েছে।
দ্বিমত জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের: অ্যামনেস্টির প্রতিবেদনে তুলে ধরা বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। আজ সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে বিরুদ্ধ মতের ওপর সরকার খড়্গহস্ত হয়েছে—অ্যামনেস্টির এমন বক্তব্যের সঙ্গে আমার মত মিলছে না। পত্রিকা বা টেলিভিশন খুললেই সরকারের সমালোচন চোখে পড়ে। সবাই তো উন্মুক্তভাবেই সরকারের সমালোচনা করছে।’ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের কিছু ঘটনা ঘটেছে। তবে দেশের সুশীল সমাজসহ সবাই এর প্রতিবাদ করেছে। কাজী রিয়াজুল হক আরও বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা দেশে আগে যেমন ছিল, অবস্থা তার চেয়ে খারাপ হয়নি। বরং কিছু ক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হয়েছে।’