বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতায় বড় আঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচআরডব্লিউ
এইচআরডব্লিউ

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, বাংলাদেশে গত বছর মত প্রকাশের স্বাধীনতার ওপর প্রচণ্ড আঘাত এসেছে। একই বছর সেক্যুলার ব্লগার ও বিদেশি ত্রাণকর্মীদের নিশানা বানিয়েছে কট্টরপন্থীরা। আর গণমাধ্যম ও নাগরিক সমাজের কর্মীদের ওপর দমন-পীড়ন চালানোর পাশাপাশি সরকার আদালত অবমাননার অভিযোগ বা অস্পষ্ট আইনের আওতায় তাদের বিচারের মুখোমুখি করেছে।
নিউইয়র্কভিত্তিক এইচআরডব্লিউর ‘বিশ্ব প্রতিবেদন ২০১৬’-এ এসব কথা বলা হয়। ৯০টির বেশি দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার ভিত্তিতে তৈরি ৬৫৯ পৃষ্ঠার এ প্রতিবেদনটি গতকাল বুধবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সংস্থাটি।
এইচআরডব্লিউর প্রতিবেদনের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গতকাল রাতে প্রথম আলোকে বলেন, তিনি আপাতত এ বিষয়ে কিছু বলবেন না। আগামীকাল (আজ) আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবেন।
সমালোচনা ছাড়াও বাংলাদেশের কিছু ইতিবাচক অগ্রগতির কথাও তুলে ধরা হয়েছে প্রতিবেদনটিতে। বলা হয়েছে, দেশের পোশাকশিল্পের কর্মীদের অধিকারের প্রতি সমর্থন জোরদার করার প্রচেষ্টা দৃশ্যত বাস্তবে রূপ পাচ্ছে। নিবন্ধিত শ্রমিক ইউনিয়নের সংখ্যাও বেড়েছে। যদিও স্বাধীনভাবে এ রকম ইউনিয়ন গঠন এবং তাতে অংশগ্রহণ প্রশ্নে কর্মীদের সক্ষমতার বিষয়ে উদ্বেগ রয়েই গেছে।
প্রতিবেদনের সূচনায় এইচআরডব্লিউর নির্বাহী পরিচালক কেনেথ রথ লেখেন, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী হামলার বিস্তার এবং নিপীড়ন ও সংঘাতের শিকার হয়ে শরণার্থীদের ঢল নামার প্রেক্ষাপটে অনেক সরকারই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টায় ভুল পথে গিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে। বিশ্বজুড়ে কর্তৃত্ববাদী সরকারগুলো শান্তিপূর্ণ বিক্ষোভেই ভীত হয়ে নিরপেক্ষ সংগঠনগুলোর ওপর চালিয়েছে চরম দমন-পীড়ন।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে বিরোধীদের অবরোধ কর্মসূচি চলাকালে সহিংসতায় বেশ কিছু লোক হতাহত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্রমেই বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠেছে। বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁদের বিরুদ্ধে প্রায়ই জোরালো অভিযোগ উঠছে। তবে গুম, খুন, নির্যাতনসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিচার করা হচ্ছে না।
এইচআরডব্লিউর এশিয়াবিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘প্রধান দলগুলো অংশ না নেওয়ায় জাতীয় সংসদে কোনো কার্যকর বিরোধী দল নেই। শেখ হাসিনার সরকার দৃশ্যত এখন সব ভিন্ন কণ্ঠস্বরই দমন করতে চাইছে—এমনকি সংসদের বাইরেও।’ তিনি আরও বলেন, ‘এটা ভীতিকর বিষয় যে যখন ব্লগাররা খুন হন, তখন সরকার কেবলই স্ব-আরোপিত নিষেধাজ্ঞার বাণী শোনাতে থাকে।’
২০১৫ সালে উগ্রপন্থীদের হাতে পাঁচ ব্লগার খুন হন। এ ছাড়া উগ্রপন্থীরা হামলার লক্ষ্য হিসেবে অন্যান্য ব্লগার, লেখক ও প্রকাশকদের তালিকা করায় তাঁরা আত্মগোপন করেছেন। উদ্বেগের বিষয় হলো, সরকার হয় তাঁদের সুরক্ষায় ব্যবস্থা নেয়নি, না-হয় যা নিয়েছে তা ছিল অপর্যাপ্ত। শিয়া সম্প্রদায়ের মিছিল এবং মন্দিরে হামলার ঘটনাও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, নির্বিচারে গ্রেপ্তার বা বিচারবহির্ভূত হত্যার শিকার হওয়ার আতঙ্কে আছেন বলে জানিয়েছেন অন্যতম বিরোধী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।
এইচআরডব্লিউ বলেছে, নাগরিক সমাজ ও গণমাধ্যম এখন রূঢ় পরিস্থিতির শিকার। যুদ্ধাপরাধের বিচারকাজ নিয়ে একজন সাংবাদিকের সুষ্ঠু সমালোচনা প্রকাশের অধিকারের প্রতি সমর্থন দেওয়ায় ৪৯ জনকে বিচারের সম্মুখীন করা হয়েছে।
এ ছাড়া সরকারের সমালোচনাকারী গণমাধ্যম বন্ধ করে দেওয়া হচ্ছে। গ্রেপ্তার এবং অভিযোগের সম্মুখীন করা হচ্ছে সম্পাদক ও সাংবাদিকদের। সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগের মাধ্যমে লেখায় বিচার করা হয়েছে দুজনের। যুদ্ধাপরাধের দায়ে দুজনের ফাঁসি কার্যকরের সাম্প্রতিকতম ঘটনার পর সরকার ফেসবুকসহ আরও কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেয়।
ব্র্যাড অ্যাডামস বলেন, ‘যেসব সমস্যা আমরা গত বছর দেখেছি, সেগুলোর অনেকগুলো এ বছরও রয়েছে। ক্ষেত্রবিশেষে তা আরও খারাপ হয়েছে।’