বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান অ্যামনেস্টির
কোনো ধরনের ভীতি ছাড়া জনগণের স্বাধীন মতপ্রকাশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত বুধবার এক বিবৃতিতে লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থাটি এই আহ্বান জানায়।সম্প্রতি সাংবাদিকের ওপর হামলা এবং একজন ব্লগার খুন হওয়ার পর এই বিবৃতি দিল অ্যামনেস্টি। বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্য করেন—এমন ব্যক্তিদের নিরাপত্তা জোরদারেরও আহ্বান জানানো হয়েছে।অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশবিষয়ক গবেষক আব্বাস ফাইয়াজ বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্য করে হুমকির মুখে থাকা ব্যক্তি এবং এই ট্রাইব্যুনালের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবশ্যই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে। জনগণের মতপ্রকাশের স্বাধীনতাও অবশ্যই নিশ্চিত করতে হবে।’১৫ ফেব্রুয়ারি খুন হন ব্লগার আহমেদ রাজীব হায়দার। শাহবাগের আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন রাজীব। ছাত্রশিবিরের বিরুদ্ধে এই খুনের অভিযোগ উঠেছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন অধিকাংশ আসামিই জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতা। যদিও জামায়াত এই অভিযোগ অস্বীকার করেছে।এ ছাড়া গত মঙ্গলবার গভীর রাতে একটি অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিক সুমন মাহবুবকে গাড়িচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। ওই সংবাদমাধ্যমে জামায়াতকে নিষিদ্ধের পক্ষে একটি জনমত জরিপের ফল প্রকাশ করার পর থেকে তাঁরা হুমকি পাচ্ছিলেন। ব্লগার খুন ও সাংবাদিকের ওপর হামলার দায় কেউ স্বীকার করেনি। এর আগে জামায়াত বিবৃতি দিয়ে রাজীব খুনের সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করে।অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এসব হামলার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে আশঙ্কা প্রকাশ করে বলেছে, এটা না হলে সহিংসতা আরও বেড়ে যেতে পারে।