বাংলাদেশে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবায় পেশাদার মিডওয়াইফ
গত ১৫ মার্চ ২০১৬, প্রথমআলো ও ইউএনএফপিএর আয়োজনে ‘বাংলাদেশে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবায় পেশাদার মিডওয়াইফ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো
আয়োজনে:


মাতৃমৃত্যু ও প্রসব
* গর্ভধারণ, সন্তান জন্মদানের জটিলতা ইত্যাদি কারণে প্রতিবছর ৫ হাজার ২০০ জন মা মৃত্যুবরণ করেন
* প্রতি এক লাখ জীবিত জন্মে ১৭০ জন মায়ের মৃত্যু হয়
* বাড়িতে প্রসব হয় ৬৩ শতাংশ, সিজারিয়ান প্রসব ২৩ শতাংশ
মাতৃমৃত্যুর কারণ
৩১% রক্তক্ষরণ
৩৫% পরোক্ষ কারণ
২০% খিঁচুনি
১% অনির্ধারিত
৭% বাধাগ্রস্ত বা বিলম্বিত জন্ম
১% গর্ভপাত
৫% অন্যান্য
মিডওয়াইফ
* তিন হাজার মিডওয়াইফ পদ সৃষ্টি করা হয়েছে
* মিডওয়াইফ ডিপ্লোমা শেষ করার পর ৫৯৭ জন মিডওয়াইফকে সনদ প্রদান করা হয়েছে
* ৬০০ জন সার্টিফায়েড মিডওয়াইফেক ইতিমধ্যে উপজেলা ও ইউনিয়ন সাবসেন্টারে পদায়ন
করা হয়েছে
* ২০৩০ সালের
মধ্যে ২০ হাজার
দক্ষ সেবাদানকারী প্রয়োজন
সূত্র: জাতিসংঘ আন্তর্জাতিক প্রতিবেদন, বিডিএইচএস ২০১৪, বিএমএমএস ২০১০
আলোচনায়সুপারিশ
* দক্ষ সেবাদানকারীর মাধ্যমে স্বাভাবিক প্রসব বাড়াতে হবে এবং সিজারে প্রসবের ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণের ওপর গুরুত্ব আরোপ করতে হবে। এ ক্ষেত্রে ওজিএসবি উল্লেখযোগ্য ভূমিকা রাখেত পারে।
* জরুরি ভিত্তিতে ইউনিয়ন পর্যায়ে গর্ভবতী মায়েদের মানসম্মত সেবা প্রদানের জন্য অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন
* মাতৃমৃতু্যর অন্যতম কারণ শিশুবিবাহ। যেকোনো মূল্যে বাংলাদেশকে শিশুবিবাহমুক্ত করতে হবে
* মিডওয়াইফারি শিক্ষার্থীদের গবেষণা, শ্রেণিকক্ষ ও আবাসিকসহ সব সমস্যা দূর করা প্রয়োজন
* পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে পরিদর্শিকাদের উপযুক্ত (আইসিএমের মান অনুযায়ী) প্রশিক্ষণ দিয়ে মিডওয়াইফ তৈরি করা সম্ভব
* প্রতি স্বাস্থ্যসেবাকেন্দ্রে কমপক্ষে তিনজন মিডওয়াইফ প্রয়োজন
আলোচনা
আব্দুল কাইয়ুম: এখনো গ্রামাঞ্চলে অধিকাংশ গর্ভবতী মায়েদের বাড়িতে সন্তান প্রসব হয়। প্রসবের সময় তাঁরা অনেক ক্ষেত্রে অনিরাপদ ও অদক্ষ সেবাদানকারীর সাহায্য নেন। তাই মা ও নবজাতক দুজনের জীবনই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দক্ষ মিডওয়াইফের প্রয়োজন।
একজন মিডওয়াইফ জানেন, অন্তঃসত্ত্বা মা ও নবজাতকের অবস্থার অবনতি হলে কীভাবে তা শনাক্ত করবেন এবং সমস্যার সমাধান করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তিনি জানেন প্রয়োজনে কখন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে মা ও নবজাতককে পাঠাতে হবে এবং কী ধরনের জরুরি সেবা প্রয়োজন।
আলোচনায় এসব বিষয় আসবে। এখন মাল্টিমিডিয়া উপস্থাপনাসহ আলোচনা করবেন সৈয়দ আবু জাফর মোহাম্মদ মুসা।

সৈয়দ আবু জাফর মোহাম্মদ মুসা: প্রতিবছর পাঁচ হাজারের বেশি মা সন্তান জন্ম দেওয়ার সময় মৃত্যুবরণ করেন। দক্ষ ধাত্রীর মাধ্যমে প্রসব হয় ৪২ শতাংশ মায়ের। প্রাতিষ্ঠানিক প্রসব হয় ৩৭ শতাংশ। মাতৃ ও নবজাতকের মৃত্যু কমাতে হলে আমাদের প্রয়োজন পেশাদার মিডওয়াইফ।
রক্তক্ষরণ ও খিঁচুনি মাতৃমৃত্যুর এখনো প্রধান কারণ। বর্তমানে ফ্যাসিলিটি ডেলিভারি ৩৭ শতাংশ। এর মধ্যে প্রাইভেট ও এনজিও খাতে সেবা বৃদ্ধি পেয়েছে ২৪ শতাংশ। সরকারি খাতে সেবা বড়েছে ১৩ শতাংশ। এখন বাড়িতে প্রসব হয় ৬৩ শতাংশ নারীর। ৫৮ শতাংশ গর্ভবতী মা দক্ষ সেবাদানকারীর সেবা নেন না।
গর্ভবতী মায়েদের জন্য গর্ভপূর্ব ও পরবর্তী সেবা খুব গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে মিডওয়াইফরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। মানসম্মত সেবা দিতে পারলে নবজাতক মৃত্যুর হার অনেক কমিয়ে আনা সম্ভব।
শহরে (বস্তিবাসী ব্যতীত) ৬০ শতাংশ গর্ভবতী মায়েদের সন্তান প্রসবের সময় সিজার করা হয়। এটা খুব উদ্বেগজনক। সিজারের মাধ্যমে সন্তান প্রসবের হার কমিয়ে আনতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ থেকে প্রমাণিত হয় যে মিডওয়াইফেরা এই সিজারের সংখ্যা কমিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখেন। একজন মিডওয়াইফ তিন বছরের একটি আন্তর্জাতিক মানের কোর্স সম্পন্ন করেন। পরীক্ষার মাধ্যমে তিনি সনদ অর্জন করেন। তাই মিডওয়াইফের দক্ষতায় কোনো প্রশ্ন তোলার সুযোগ থাকে না। মা ও নবজাতকের পরিপূর্ণ সেবা দিতে পারেন একমাত্র মিডওয়াইফ।

ফরিদা বেগম: আগে নার্সরা মিডওয়াইফের কিছুটা দায়িত্ব পালন করতেন। নার্সদের মাধ্যমে মা ও নবজাতকের পূর্ণ সেবা পাওয়া সম্ভব ছিল না। এর পরিপ্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকারের ভিত্তিতে মিডওয়াইফ সেবার নতুন এক যাত্রার শুরু হয়েছে।
বর্তমান নার্সিং ইনস্টিটিউটে মিডওয়াইফারি শিক্ষা চলছে। কিন্তু মেয়েদের বাসস্থান, ফ্যাকাল্টিসহ বিভিন্ন সমস্যা বিদ্যমান। ইউএনএফপিএ ফ্যাকাল্টি তৈরিতে সহায়তা করছে। বাংলাদেশ সরকার ইউএনএফপিএ এবং সুইডেন অ্যাম্বাসির যৌথ উদ্যোগে ৩০ জন ফ্যাকাল্টি সদস্যকে মিডওয়াইফারি মাস্টার্স কোর্সে প্রশিক্ষিত করবে।
সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপজেলা পর্যায়ে চারজন ও ইউনিয়ন সেবা সেন্টারে একজন করে মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। আমরা নার্সদের মধ্য থেকে প্রশিক্ষণ দিয়ে ইতিমধ্যে সার্টিফায়েড মিডওয়াইফ নিয়োগ দিয়েছি।
ইউনিয়ন পর্যায়ে একটা বড় সমস্যা হলো অনেক জায়গায় অবকাঠামো নেই। যাঁরা সেবা দেবেন ও নেবেন দুজনেরই একধরনের অধিকার রয়েছে। কিন্তু অবকাঠামো না থাকার জন্য সেসব জায়গায় মিডওয়াইফদের যোগদান করা সম্ভব হচ্ছে না। তাই সরকারকে অনুরোধ করব এসব জায়গায় যেন অবকাঠামোর সুযোগ বাড়ানো হয়।
আর ইউনিয়ন সাবসেন্টারে একজন করে মিডওয়াইফের নিয়োগ, এটাও অযৌক্তিক। কারণ, একজন মানুষ ২৪ ঘণ্টা সেবা দিতে পারবেন না।
সরকার মিডওয়াইফ পেশাকে অনেক গুরুত্ব দিয়েছে। ইতিমধ্যে ৫৯৭ জন মিডওয়াইফকে সনদ দেওয়া হয়েছে। ২০১৩ সালে ২০টি নার্সিং ইনস্টিটিউটের মাধ্যমে এঁদের শিক্ষা কার্যক্রম শুরু হয়। ২০১৪ সালে ২৭টি, ২০১৫ সালে ৩১টি এবং ২০১৬ সালে ৩৮টি নার্সিং ইনস্টিটিউটের মাধ্যমে মিডওয়াইফ তৈরির কার্যক্রম চলছে। ভবিষ্যতে স্বাস্থ্যসেবায় মিডওয়াইফরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এম হাবিব-এ-মিল্লাত: বিশ্বের সব জায়গায় মা ও শিশুকে প্রশিক্ষিত মিডওয়াইফরাই দেখাশোনা করেন। আমাদের মানসিকতা হলো ডাক্তারকেই দেখতে হবে। এই মানসিকতারও পরিবর্তন করতে হবে। কারণ, একজন প্রশিক্ষিত মিডওয়াইফ মা ও শিশুর জন্য অনন্য ভূমিকা রাখতে পারেন।
আমরা আজকের উপস্থাপনায় মা ও শিশুমৃত্যুর অনেক কারণ দেখলাম। কিন্তু মূল কারণ কী? প্রধান কারণ হলো, স্বাস্থ্য খাতে বাজেটস্বল্পতা। টাকার অঙ্কে বাজেট বাড়ে। কিন্তু শতকরা হারে কমতে থাকে। মাতৃমৃত্যুর একটা উল্লেখযোগ্য কারণ হলো শিশুবিবাহ। শিশুবিবাহের শিকার মেয়েদের মাতৃমৃত্যুর হার অনেক বেশি। শিশুবিবাহ বন্ধ করতে পারলে মাতৃমৃত্যু অনেক কমে যাবে। যেকোনোভাবেই হোক আমাদের শিশুবিবাহ বন্ধ করতে করতে হবে।
কমিউনিটি ক্লিনিক চালু হওয়ার পর ক্লিনিকে ছোটখাটো রোগবালাইয়ের চিকিৎসা হচ্ছে। এখানে ৩২টি ওষুধ বিনা মূল্যে দেওয়া হচ্ছে। তারপরও সমস্যা থেকে যাচ্ছে। আমার নির্বাচনী এলাকায় ৪৪টি কমিউনিটি ক্লিনিক আছে। এর চারটিতে প্রসবসুবিধা আছে। তা-ও পর্যাপ্ত নয়।
ইউনিয়ন হেলথ কেয়ারে মানসম্মত সেবা পাওয়া যায় না। শহরের মানুষ কোনো না-কোনোভাবে চিকিৎসাসেবা নিতে পারছেন। কিন্তু গ্রামাঞ্চলে দরিদ্র মানুষের জন্য স্বাস্থ্যসেবার সুযোগ ও পরিধি আরও বেশি বাড়ানো প্রয়োজন।
স্বাস্থ্য খাতে আমাদের সাফল্য আছে। ঢাকা শহরে পাঁচটি ৫০০ শয্যার বড় হাসপাতাল করেছি। সারা দেশে শয্যাসংখ্যা ১০ হাজারের বেশি বাড়িয়েছি। ১২ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। প্রায় ১০ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। সবাই একসঙ্গে কাজ করতে পারলে সামনের দিনগুলোতে আমরা আরও এগিয়ে যাব

তাহমিনা আক্তার: আমি ময়মনসিংহ নার্সিং কলেজ থেকে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করেছি। এ বছর ২৬ ফেব্রুয়ারি পরীক্ষা দিয়ে সনদ অর্জন করেছি। এখন আমি একজন রেজিস্টার্ড মিডওয়াইফ। এ জন্য আমি গর্বিত।
আমাদের চাকরিসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার জন্য অনুরোধ করছি। ইউনিয়ন পর্যায়ে আমাদের পদ সৃষ্টি করা হয়েছে। কিন্তু ইউনিয়ন পর্যায়ে কাজ করার অনেক প্রতিবন্ধকতা। এখানে কাজ করতে হলে সুসজ্জিত লেবার রুম (প্রসব স্থান), পানি, বিদ্যুৎ, বাসস্থান ও অন্যান্য সুযোগ-সুবিধা থাকা প্রয়োজন।
আমরা তিন বছরের কোর্স করেছি। একজন মায়ের গর্ভপূর্ববর্তী ও পরবর্তী সেবার বিষয়ে বিশদভাবে জেনেছি। আমি খুবই আত্মবিশ্বাসী। মা ও নবজাতকের সার্বিক যত্নের বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব।

মাহফুজা আক্তার: আমি মিডওয়াইফ কোর্সের একজন শিক্ষার্থী। এ বিষয়ে পড়তে পেরে নিজেকে গর্বিত মনে করছি। একজন নার্স অনেক বিষয়ে কাজ করেন। ফলে তিনি মা ও নবজাতকের নিবিড় পরিচর্যা করতে পারেন না। কিন্তু মিডওয়াইফদের প্রশিক্ষণ শুধু মা ও নবজাতকের দেখার জন্য। ফলে একজন মিডওয়াইফ মাকে সার্বিকভাবে দেখাশোনা করতে পারেন। একজন গর্ভবতী মায়ের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম শারীরিক ও মানসিক পরিবর্তন হয়। সে অনুযায়ী তাঁকে দেখাশোনার দায়িত্ব একজন মিডওয়াইফই ভালোভাবে নিতে পারেন।
একজন গর্ভবতী মায়ের এ বিষয়গুলো একজন মিডওয়াইফই ভালোভাবে বুঝতে পারবেন এবং সেবা দিতে পারবেন। তাই মা ও নবজাতকের জন্য মিডওয়াইফ খুবই নির্ভরতার জায়গা। এ জন্য মিডওয়াইফ অন্যদের থেকে আলাদা।

মীরা ব্যাপারী: প্রথম দিকে আমার কাজ করতে কিছুটা অসুবিধা হতো। এখন যথেষ্ট আনন্দ ও আত্মপ্রত্যয় নিয়ে কাজ করি। মায়েরাও এখানে আসতে খুব আগ্রহ বোধ করেন। কারণ, তাঁদের একটা বিশ্বাস জন্মেছে যে এখানে এলে প্রয়োজনীয় সেবা পাওয়া যাবে। একজন মিডওয়াইফের ভূমিকা শুধু মিডওয়াইফকে জানলেই হবে না—নার্স, ডাক্তারসহ অন্য সবাইকেই জানতে হবে। তাহলে তাঁরাও আমাদের কাজ করার বেশি সুযোগ দেবেন। একজন মিডওয়াইফ শুধু মা ও নবজাতকের সেবা করেন। ফলে মা ও নবজাতকের পরিপূর্ণ সেবার জায়গা হলো মিডওয়াইফ।

সামসুন নাহার: গত মাসের ২৮ তারিখে মিটফোর্ড হাসপাতালে যোগদান করেছি। এর আগে ফৌজদারহাট নার্সিং কলেজে ছিলাম। মিটফোর্ডে এখন তৃতীয় ব্যাচ চলছে। মিটফোর্ড নামটা বিদেশি। বাড়িটাও নবাবদের। কিন্তু ব্যবস্থাপনায় সবকিছু পিছিয়ে আছে। সবকিছু ঢাকা মেডিকেল কলেজকেন্দ্রিক। ওই হাসপাতালকে মনে হয় রাজধানী থেকে অনেক দূরে।
২৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয়। এবং কোনো সুযোগ-সুবিধা না বাড়িয়ে এখন ১২৫ জন শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম চলছে। গবেষণাগারের সমস্যা, শ্রেণিকক্ষের সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হলো আবাসিক সমস্যা। মেডিকেল কলেজে যেসব শিক্ষার্থী মিডওয়াইফারি কাজ করেন, তাঁরা রোগীদের স্পর্শ করতে পারে না। কারণ, অনেক ডাক্তার, নার্স ও অন্যরা থাকেন। ফলে হাতে–কলমে শিক্ষার সুযোগ কম থাকে। এটা একটা মৌলিক সমস্যা।
মিডওয়াইফারি কাজটি অবশ্য মাঠপর্যায়ের কাজ। কমিউনিটি ক্লিনিকে তাঁদের স্থানান্তর করতে পারলে এই মেয়েদের শিক্ষাটা আরও ভালো হতো। মিডওয়াইফারি মেয়েদের শিক্ষা কার্যক্রমের সুযোগ-সুবিধা বাড়ানো ও তাঁদের কাজের সুযোগ করে দেওয়া অত্যন্ত জরুরি।
রেফারেল সিস্টেম না থাকা হলো মাতৃমৃত্যুর আরেকটি উল্লেখযোগ্য কারণ। রেফারেল করার দায়িত্ব যাঁদের, তাঁরাও অনেক সময় বুঝতে পারেন না কখন রেফার করতে হবে।

রহিমা জামাল আক্তার: মিডওয়াইফারি সেবা মা ও নবজাতকের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এই সেবা বেশি দিন আগে চালু হয়নি। এ জন্য অনেক মা-ই জানেন না তাঁদের জন্য এই গুরুত্বপূর্ণ সেবাটি রয়েছে। এ জন্য আমাদের সেবা কার্যক্রমের পাশাপাশি প্রচারও চালাতে হবে।
মিডওয়াইফরা এ কাজটি অনেক দক্ষতার সঙ্গে করবেন। কারণ, তাঁরা কেবল মা ও নবজাতকের সেবার জন্যই তিন বছরের পড়াশোনা করেছেন। তাই প্রচার ছাড়া মায়েদের এটা জানার কথা নয়।
এ দেশের গর্ভবতী মা-বোনেরা সাধারণত ডাক্তারের কাছে যান। কারণ, তাঁরা ধরে নিয়েছেন এই সেবাটি একমাত্র ডাক্তারের কাছে পাওয়া যায়। তাহলে মিডওয়াইফদের যদি নির্দিষ্ট কোনো বসার জায়গা থাকে, তাঁদের একটা নেমপ্লেট থাকে, তাহলে গর্ভবতী নারীরা তাঁদের কাছে আসবেন।
মিডিওয়াইফরা সর্বোচ্চ চেষ্টা করবেন, যাতে কোনো গর্ভবতী মাকে সিজার করতে না হয়।
অনেক গর্ভবতী মা–ই চান যে তাঁদের স্বাভাবিক প্রসব হোক। কিন্তু এখনকার হাসপাতালগুলোতে এর কোনো নিশ্চয়তা নেই। একজন মিডওয়াইফ এই নিশ্চয়তা দিতে পারেন যে একজন মায়ের স্বাভাবিক প্রসব হওয়া সম্ভব।

মো. মফিজুল্লাহ: আমরা ইউএনএফপিএর সহযোগিতায় কাজ করছি। আমাদের শিক্ষকেরা খুব চেষ্টা করে প্রতিটি প্রতিষ্ঠান তদারক করছেন। আমাদের গাইনি ওয়ার্ড আছে। প্রত্যেক শিক্ষার্থীকে কমপক্ষে ২০টি প্রসবের সঙ্গে সম্পৃক্ত থাকতে হয়।
দেশে লোকসংখ্যা বেশি। তাই গর্ভবতী মায়ের সংখ্যাও বেশি। ফলে আমাদের শিক্ষার্থীরা হাতে-কলমে শেখার যথেষ্ট সুযোগ পায়। যেখানে অন্য দেশের শিক্ষার্থীরা এত সুযোগ পায় না। ইউএনএফপিএ থেকে চারজন মেন্টর, আমাদের শিক্ষক—সবাই এ বিষয়টি ফলপ্রসূ করে তোলার জন্য কাজ করছেন।
এখন সবচেয়ে বড় কাজ হলো ইউনিয়নের সেন্টারগুলোকে কাজের ও থাকার উপযোগী করে তোলার। কারণ, একজন মিডওয়াইফ ইউনিয়ন সাবসেন্টারে যদি কাজের ভালো পরিবেশ না পান, তাঁর থাকার ভালো ব্যবস্থা না থাকে, তাহলে এ কেন্দ্রগুলোকে কার্যকর করে তোলা যাবে না।
ভালো শেখার পারও তাঁরা বিভিন্ন উপকরণের অভাবে ভালো সেবা দিতে পারবেন না। তঁাদের এ শিক্ষা কোনো কাজে আসবে না। স্থানীয় গর্ভবতী মায়েরাও মিডওয়াইফদের এত ভালো সেবা থেকে বঞ্চিত হবেন।
এনজিও, সরকার—সবার কাজ হবে ইউনিয়ন সাবসেন্টারগুলোতে কাজ করার জন্য যা কিছু লাগে তা সরবরাহ করা। তাহলে মিডওয়াইফদের ভালোভাবে কাজে লাগাতে পারব। গর্ভবতী মায়েরা উন্নত সেবা পাবেন। এর ফলে মা ও শিশুমৃত্যু অনেক কমে আসবে।

মনিরা ইউসুফ মেমি: আমার ২২ বছর আগে সন্তান হয়েছে। আমার একটা মানসিক প্রস্তুতি ছিল যে স্বাভাবিক প্রসব হবে। এই যে মানসিক প্রস্তুতি, এটা খুব গুরুত্বপূর্ণ। নিজের প্রস্তুতি ও আত্মবিশ্বাস থাকলে আমার মনে হয় স্বাভাবিক প্রসব হওয়া সম্ভব। আমাদের মা-খালাদের সবারই স্বাভাবিক প্রসব হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা যেমন আগেও ছিল, এখনো আছে। আমার সন্তানকে দুই বছর বুকের দুধ খাইয়েছি। তাকে কখনো প্যাম্পার্স পরাইনি। আমরা ডাক্তারের কাছে যাই। তিনি কী ওষুধ দেবেন তার থেকে বড় বিষয় তিনি আমাকে কতটুকু বুঝতে পারলেন।
আজকের আলোচনা শুনে মনে হলো মিডওয়াইফ এমন হবেন যেন তাঁরা গর্ভবতী মায়েদের ভালোভাবে বুঝতে পারেন। মায়েদের আন্তরিকতার সঙ্গে সময় দেন। তাঁদের অনেক ধৈর্য ও সহযোগিতা নিয়ে কাজ করতে হবে। মায়েরা যেন তাঁদের আচরণে কোনোভাবে মনঃক্ষুণ্ন না হন এদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। মায়েদের শতকরা ১০০ ভাগ আস্থা অর্জন করতে পারলেই মিডওয়াইফ কার্যক্রমের সফলতা আসবে।
একজন ডাক্তার, নার্স, মিডওয়াইফ সব সময় এগুলো নিয়ে থাকেন। তাঁদের কাছে সবকিছুই স্বাভাবিক মনে হতে পারে। একজন রোগীর কাছে সবকিছু প্রথম থাকে। আমি খুবই আশা করছি যে মিডওয়াইফরা মা ও নবজাতকের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নিলুফার ফরহাদ: মিডওয়াইফের ভাবনাটি প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছে। সর্বক্ষণ তিনি এ দেশের মা ও নবজাতকের কল্যাণ কামনা করেন। এ জন্য তিন হাজার পদ সৃষ্টি করা হয়েছে। ৬০০ জনকে ইতিমধ্যে পদায়ন করা হয়েছে।
উপজেলা কমপ্লেক্সে চারজন ও ইউনিয়ন পর্যায়ে একজন করে মিডওয়াইফের পদ দেওয়া হয়েছে। আমরা নার্সদের ছয় মাসের মিডওয়াইফারি কোর্স করিয়ে কাজের সুযোগ করে দিয়েছি। মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্স শুরু হয়েছে। ২০১৬ সালে ৯৭৫টি পদের জন্য মিডওয়াইফেদর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ১ হাজার ৪৮৪ জন নার্স–মিডওয়াইফ তৈরি করা হয়েছে। কিছুদিনের মধ্যে আরও ৬০০ জনকে পদায়ন করা হবে।
মিডওয়াইফকে স্থানীয় মানুষের কাছে প্রিয় করে তুলতে হবে। দেশে গর্ভবতী নারীদের জন্য ২০ হাজার মিডওয়াইফ দরকার। তিন হাজারের পর পর্যায়ক্রমে আরও মিডওয়াইফ নিয়োগের ব্যবস্থা করতে হবে।
যাঁরা শিক্ষার্থী, তাঁদেরও মাঠপর্যায়ে প্রসবকাজের সঙ্গে সংযুক্ত করার উদ্যোগ নিতে হবে। তাহলে তাঁরা কাজে যুক্ত হতে হতে অনেক বেশি দক্ষতা অর্জন করতে পারবেন। মিডওয়াইফদের ভূমিকার ফলে ভবিষ্যতে বাংলাদেশে মাতৃ ও শিশুমৃত্যু রোধ করা সম্ভব হবে।

সুরাইয়া বেগম: আজকাল অনেক মা-ই প্রসবের সামান্য বেদনা নিতে চান না। তাঁরা মানসিকভাবে অনেকটা দুর্বল থাকেন। আবার আমরাও তাঁদের মানসিকতাকে ক্ষতি করেছি। অথচ গর্ভধারণ ও প্রসব দুটোই স্বাভাবিক প্রক্রিয়া। এই স্বাভাবিক প্রক্রিয়া থেকে আমরা সরে এসেছি। এ জন্যই আজকে গর্ভবতী মায়েদের এত সিজার হচ্ছে।
আজ এ আলোচনায় আমরা যারা কথা বলছি, প্রায় সবাই আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় জন্মগ্রহণ করেছি। আমি আশা করি আমাদের মিডওয়াইফরা আবার আমাদের এই জায়গায় নিয়ে আসবেন, যেখানে সিজার ছাড়া সন্তানের স্বাভাবিক জন্মদানই হবে নিয়ম। বাংলাদেশে এই প্রথম তিন বছরের মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করলেন শিক্ষার্থীরা। ৬০২ জন পরীক্ষা দিয়েছিলেন। ৫৯৭ জন পাস করেছেন। তাঁরা এখন সনদপ্রাপ্ত মিডওয়াইফ। গতকালই সূচনা নামে একজন নারী বাংলাদেশের ইতিহাসে প্রথম মিডওয়াইফ হিসেবে রেজিস্ট্রেশন নিয়েছেন।
প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের ফলেই বাংলাদেশে মিডওয়াইফের যাত্রা শুরু হলো। মিডওয়াইফদের প্রশিক্ষণের জন্য ৩৮টি সরকারি ও ১৩টি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট ১ হাজার ৪০৫ জন্য শিক্ষার্থী কোর্স সম্পন্ন করছেন।
আমাদের জন্ম-মৃত্যু যেমন অনন্তকাল ধরে চলছে, চলতে থাকবে, তেমনি মিডওয়াইফের সেবা আমাদের দেশে অনন্তকাল ধরে চলতে থাকবে বলে আমাদের আশা। এ ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ দৃষ্টি রাখার প্রয়োজন আছে।

ক্যাথরিন স্নিগ্ধা বালা: প্রয়োজনের তুলনায় আমাদের সুযোগ-সুবিধা নেই বললেই চলে। তারপরও আমরা ফ্যাকাল্টি খুলে মেয়েদের পড়াশোনার সুযোগ করে দিতে পেরেছি। আমাদের ময়মনসিংহ কলেজ মিডওয়াইফ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কাজে ইউএনএফপিএ আমাদের নিরন্তর সহযোগিতা করে যাচ্ছে। আমাদের প্রতিষ্ঠানে মেয়েরা হাতে-কলমে মিডওয়াইফারি শেখার অনেক সুযোগ পাচ্ছেন। আমরা ময়মনসিংহ নার্সিং কলেজের ডাক্তারসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছি। প্রসবের স্থানকে উন্নত করেছি। এখানকার সুযোগ-সুবিধা বাড়িয়েছি।
আমাদের শিক্ষার্থীরা হাতে-কলমে শেখার পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন। আমাদের প্রতিষ্ঠান থেকে যাঁরা সনদ নিয়েছেন, তাঁরা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন বলে আশা করি। কারণ, তাঁদের দক্ষতার সঙ্গে কাজ করার যথেষ্ট আত্মবিশ্বাস তৈরি হয়েছে। মিডওয়াইফরা মা ও শিশুদের সমস্যা থেকে মুক্তি দেবে বলে আমার বিশ্বাস।

মোহাম্মদ ওয়াহিদ হোসেন: বাংলাদেশের স্বাস্থ্য খাতে একটি যুগান্তকারী উদ্যোগ হলো মিডওয়াইফারি। আমাদের ১০২টি মা ও শিশু কল্যাণকেন্দ্র ও চার হাজারের বেশি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্র আছে। এসব জায়গায়ও পেশাদার মিডওয়াইফের সেবার প্রয়োজন। চার হাজারের বেশি সেবাকেন্দ্রে তিন হাজার মিডওয়াইফ দিয়ে চালানো মোটেই সম্ভব না। ২৪ ঘণ্টা সেবা দিতে হলে একটি স্বাস্থ্যসেবাকেন্দ্রে কমপক্ষে তিনজন মিডওয়াইফ প্রয়োজন। ২০১৪ সালে সারা বাংলাদেশের ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ৫৭ হাজার স্বাভাবিক প্রসব হয়েছিল। ২০১৫ সালে সেটা হয়েছে ১ লাখ ১৫ হাজার।
প্রায় ৮৫ শতাংশ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে আরেকটু উন্নত করতে পারলে এসব কেন্দ্রে স্বাভাবিক প্রসব করানো সম্ভব হবে। প্রসব স্থান নিয়ে অনেক কথা হয়েছে। তবে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এ বছরই চার হাজার ডেলিভারি টেবিল কেনা হবে। প্রতি কেন্দ্রে একটি নতুন টেবিল থাকবে।
চার দশক ধরে পরিবার পরিকল্পনার কাজ দেশে চলছে। আমাদের পরিদর্শিকারা ব্যাপকভাবে সচেতন করেছেন। কোনো সেবাকেন্দ্রে মিডওয়াইফ যুক্ত হলেই আমাদের পরিদর্শিকাদের মাধ্যমে সঙ্গে সঙ্গে এলাকার মানুষ জেনে যাবেন।
নার্স, মিডওয়াইফ তৈরিতে যে অবকাঠামোগত সমস্যা, সেটা বিভিন্নভাবে আলোচনায় এসেছে। আমাদের অসংখ্য পরিদর্শিকা এইচএসসি ও স্নাতক আছেন, তাঁদের অল্প প্রশিক্ষণ দিয়েই মিডওয়াইফ তৈরি করা সম্ভব। আমাদের চার হাজারের বেশি পরিদর্শিকাকে খুব দ্রুততম সময়ের মধ্যে মিডওয়াইফ করা সম্ভব। এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা যেতে পারে।

মোহাম্মদ নাসিম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়নের একটি স্বর্ণযুগ চলছে। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন নারীরা পরিশ্রমী, অপেক্ষাকৃত সৎ। তিনি নার্স ও মিডওয়াইফদের একটা মর্যাদার আসন দিয়েছেন।
সত্তর-আশির দশকে গ্রামে পরিবার পরিকল্পনার কাজ করতে গেলে মানুষ বাধার সম্মুখীন হতো। সে যুগ আমরা পার করে এসেছি। এখন আধুনিক যুগে বাস করছি। অনেক মা-ই তাঁর সন্তানকে বুকের দুধ খাওয়ান না। ফলে তাঁদের সন্তানেরা অপুষ্টি ও বিভিন্ন অসুখে ভোগে। আমি বারবার বলি যে আপনারা বুকের দুধ খাওয়ান। মায়ের বুকের দুধ ও ভালোবাসার বিকল্প পৃথিবীতে আর কিছু হতে পারে না।
আমাদের নিজস্ব সংস্কৃতি থেকে সরে এসে নিজেদের বিপদ ডেকে আনছি। এখন অনেক মা মনে করেন সন্তানকে বিদেশি ফল খাওয়াতে হবে, ইংরেজিতে কথা বলাতে হবে, তা না হলে তারা অভিজাত হবে না।
দেশের সব জায়গায় পুষ্টিকর খাবার পাওয়া যায়। কিন্তু মায়েরা সেটা ঠিকভাবে গ্রহণ করেন না। দেশি ফল পেয়ারা, বরই, আমড়া ও অন্যান্য ফল তাঁরা খান না। খান আঙুর, আপেল, নাশপাতি।
একজন রোগী প্রথমেই চান ডাক্তার তাঁর সঙ্গে ভালোভাবে কথা বলুক, তাঁর সমস্যা বোঝার চেষ্টা করুক ইত্যাদি। এই যদি না হয় তাহলে স্বাস্থ্যকেন্দ্রগুলোকে সুসজ্জিত ভবন, এয়ারকন্ডিশন দিলে তাতে কি কাজ হবে? যদি সেই মমতাময়ী চিন্তা না থাকে, মমতাময়ী হাতটি না থাকে।
আমাদের ডাক্তারদের অনেক সফলতা আছে। আবার অনেকে ইচ্ছাকৃতভাবে কাজে অবহেলা করেন। অনেক ভালো ডাক্তার আছেন, যাঁরা ধৈর্য ধরে কথা বলেন। অনেকে আছেন রোগীর দিকে তাকান না।
লক্ষ করেছি অনেক হাসপাতালে সন্তান প্রসবের স্থানটি খুবই অপরিষ্কার। একজন নবজাতক জন্ম নেবে অথচ সেই জায়গাটি খুবই নোংরা। হাসপাতালকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, গেটের সামনের দোকানপাট সরিয়ে ফেলার জন্য নির্দেশ দিয়েছি। সন্তান প্রসবের স্থানটি উন্নত করার উদ্যোগ নিয়েছি।
কিন্তু আজ যাঁরা মিডওয়াইফ হচ্ছেন, কাজে যোগদান করবেন তাঁরা যেন তাঁদের সর্বোচ্চ ভালোবাসা, মায়া-মমতা দিয়ে মা ও শিশুর সেবা করার মানসিকতা ধারণ করেন।
আব্দুল কাইয়ুম: মিডওয়াইফরা কেবল মা ও শিশুর সেবার জন্য তিন বছরের প্রশিক্ষণ নিচ্ছেন। গর্ভবতী মা ও শিশুর সেবার ক্ষেত্রে মিডওয়াইফরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কর্মক্ষেত্রের পরিবেশ যেমন তাঁদের থাকা, পানি, বিদ্যুতের সরবরাহ, মানসম্মত প্রসবের স্থান ইত্যাদির ব্যবস্থা করা প্রয়োজন। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাই দৃষ্টি দেবেন বলে আশা করি। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
যাঁরা অংশ নিলেন
মোহাম্মদ নাসিম : মাননীয় সাংসদ, মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়
এম হাবিব-এ-মিল্লাত : মাননীয় সাংসদ, সদস্য, স্ট্যান্ডিং কমিটি, সমাজকল্যাণ মন্ত্রণালয়
মোহাম্মদ ওয়াহিদ হোসেন : মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর
সুরাইয়া বেগম : রেজিস্ট্রার, বাংলাদেশ নার্সিং কাউন্সিল
সৈয়দ আবু জাফর মোহাম্মদ মুসা : বিশেষজ্ঞ উপদেষ্টা, ইউএনএফপিএ
ফরিদা বেগম : ন্যাশনাল প্রোগ্রাম অফিসার, ইউএনএফপিএ
মো. মফিজুল্লাহ : ডিরেক্টরেট অব নার্সিং সার্ভিসেস
নিলুফার ফরহাদ : পরিচালক, সেবা পরিদপ্তর
সামসুন নাহার : প্রিন্সিপাল, নার্সিং ইনস্টিটিউট, মিটফোর্ড হাসপাতাল
মনিরা ইউসুফ মেমি : অভিনয়শিল্পী
ক্যাথরিন স্নিগ্ধা বালা : শিক্ষক, মিডওয়াইফারি ফ্যাকাল্টি, নার্সিং কলেজ, ময়মনসিংহ
রহিমা জামাল আক্তার : নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অফিসার, ডিরেক্টরেট অব নার্সিং সার্ভিসেস
তাহমিনা আক্তার : গ্র্যাজুয়েট, নার্সিং কলেজ, ময়মনসিংহ
মীরা ব্যাপারী : সার্টিফায়েড মিডওয়াইফ, কলেজ অব নার্সিং, মহাখালী, ঢাকা
মাহফুজা আক্তার : মিডওয়াইফারি শিক্ষার্থী, ময়মনসিংহ।
সঞ্চালক
আব্দুল কাইয়ুম : সহযোগী সম্পাদক, প্রথম আলো