বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি চরম অস্থিতিশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকারের চরম অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ অতিক্রম করছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে দেশে জঙ্গিবাদ বা সন্ত্রাসী কর্মকাণ্ডের উত্থান হওয়ার আশঙ্কা আছে বলে মনে করা হচ্ছে।

আজ মঙ্গলবার মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র  (আসক) বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি-২০১৩-এর প্রতিবেদন প্রকাশ করে। এ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনটির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খান এ কথা বলেন।

প্রতিবেদনে জানানো হয়, ২০১৩ সালের সার্বিক মানবাধিকার পরিস্থিতি ছিল চরম উদ্বেগজনক। বছরব্যাপী ধারাবাহিকভাবে চলতে থাকা রাজনৈতিক সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি হয়।

বিভিন্ন যানবাহনে পেট্রলবোমা ছোড়ার কারণে এবং বোমা বানাতে গিয়ে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সাতটি হাসপাতালে চিকিত্সাধীন ৯৭ জনের মধ্যে ২৫ জন মারা যান। এ বছর বিভিন্ন সময় সহিংসতার খবর সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন পক্ষের রোষানলে পড়ে তিনজন সাংবাদিক মারা যান।

প্রতিবেদনে বলা হয়, এ বছর রাষ্ট্রে সন্ত্রাসী কর্মকাণ্ডে নতুন সংযোজন গুম বা গুপ্ত হত্যা। ২০১৩ সালে গুম বা গুপ্তহত্যার শিকার হয়েছেন ৫৩ জন। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন ৭২ জন।

২০১৩ সালে মোট রাজনৈতিক সংঘাতের ঘটনা ঘটেছে ৮৪৮টি। এতে ৫০৭ জন নিহত ও ২২ হাজার ৪০৭ জন আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে ১৫ জন পুলিশ ও দুজন বিজিবির সদস্যও রয়েছেন।