বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে যুক্তরাজ্যভিত্তিক এই সংগঠনটি বলেছে, তিন সপ্তাহ ধরে রাজপথে সরকারি ও বিরোধী দলের কর্মীরা সংঘাতে জড়িয়ে পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বিরোধী দলের অবরোধ কর্মসূচির কারণে রাজপথের সহিংসতায় জীবনহানি ঘটছে, এসব ঘটনায় মানুষ আহতও হচ্ছে। ঠিক সেই সময়ে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কোনোরূপ প্রমাণ ছাড়াই বিরোধী দলের বেশ কিছু জ্যেষ্ঠ নেতাকে আটক করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক এবং নির্বাহীদের সরকারের পক্ষে যায় না এমন প্রতিবেদন প্রকাশের জন্য হেনস্তা চলছেই। এদিকে নিরাপত্তা বাহিনীও বোমা বহনকারীদের দেখামাত্র গুলি করার কথা বলেছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির এহেন নাজুক অবস্থায় আান্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আদালত অবমাননা আইনটিকে দৃশ্যত এমনভাবে ব্যবহার করছে, যাতে মানুষের মত প্রকাশের স্বাধীনতা খর্ব হচ্ছে।
অ্যামনেস্টির বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি চার দফা সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে প্রথমেই অগ্নিসংযোগের প্রতিটি ঘটনার পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের আইনের হাতে তুলে দেওয়ার সুপারিশ করা হয়। শান্তিপূর্ণ সমাবেশ ও স্বাধীন মত প্রকাশের দায়ে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মুক্তি দাবি করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা যাতে অতিরিক্ত ও অযথা শক্তি প্রয়োগ না করেন, সেটি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। আবার আন্তর্জাতিক মানদণ্ডের নিরিখে যেন শক্তি প্রয়োগ করা হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা এবং বিএনপির প্রধান খালেদা জিয়ার মধ্যে চলে আসা দীর্ঘদিনের বিরোধের কারণেই মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেওয়ার ঘটনা ঘটছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।
বিএনপির সাম্প্রতিক রাজপথের এই প্রতিবাদের মূলে আছে গত বছরের ৫ জানুয়ারির নির্বাচন। বিএনপি ওই নির্বাচন বর্জন করেছিল। দলটি ওই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের দাবি করেছিল।
বিবৃতিতে বলা হয়, এ বছরের ৫ জানুয়ারি বিএনপির ডাকা সমাবেশের দিন সরকার-সমর্থকেরাও সমাবেশ ডাকলে পুলিশ সংঘর্ষের আশঙ্কায় দুই দলের সমাবেশই বাতিল করে। এর পরিপ্রেক্ষিতে বিএনপি দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি ঘোষণা করে।
অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়, ৫ জানুয়ারির পর বিরোধী দলের ডাকা অবরোধ কর্মসূচির পর থেকে এযাবৎ ১০০-এর বেশি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এই সহিংসতার জন্য সরকার এবং অবরোধকারীরা একে অপরকে দায়ী করছে। অজ্ঞাত ব্যক্তিরা ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনে বোমা ছুড়ে পালিয়ে যাচ্ছে। এসব ঘটনায় অনেক মানুষ আহত হয়েছে। নিহত হয়েছে এক ডজনের বেশি মানুষ। এসব নিহত ব্যক্তির মধ্যে চারজন কুড়িগ্রাম থেকে বাসে ঢাকা আসার পথে পেট্রল দিয়ে তাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।
অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়, এযাবৎ সরকারি ও বিরোধী দলের সংঘাতে, আগুন পুড়ে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে অন্তত ২৭ জন মানুষ নিহত হয়েছে।
আগুন দেওয়ার বেশির ভাগ ঘটনা দৃশ্যত বিরোধী দলের অবরোধ কর্মসূচির সঙ্গে সম্পর্কিত। তবে অন্তত দুটি ঘটনায় বিরোধী দলের রাজনীতিকেরা টার্গেট হয়েছেন।
অ্যামনেস্টির প্রতিবেদনে খালেদা জিয়ার দুই উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ ও রিয়াজউদ্দিন আহমেদের ওপর হামলার ঘটনার উল্লেখ করা হয়, এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত হয়নি। বরং এসব ঘটনায় সরাসরি বিরোধী দলের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ করা হয়েছে সরকারের পক্ষ থেকে।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মানদণ্ডের নিরিখে, আইন প্রয়োগকারী সংস্থা একেবারে শেষ অস্ত্র হিসেবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। আত্মরক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তার চূড়ান্ত প্রয়োজনেই কেবল এ অস্ত্র ব্যবহার করা যেতে পারে।
অ্যামনেস্টির বিবৃতিতে একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামকে গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করে নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়ে আসছে। সরকারের সমালোচনাকারীদের মত তুলে না ধরার জন্য সংবাদপত্র এবং টেলিভিশনের সম্পাদকদের ব্যাপক চাপের মধ্যে রাখা হয়েছে। বিরোধী দলের সঙ্গে সম্পর্ক আছে এমন ব্যক্তিদের টক শোতে যেতে বাধা দেওয়া হচ্ছে।
বিরোধী দলের নেতাদের অযৌক্তিকভাবে গ্রেপ্তার করা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। রাজনৈতিক কারণেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির নেতা শমসের মবিন চৌধুরীকে আটক করা হয়েছে বলে উল্লেখ করে বিবৃতিতে তাঁদের দ্রুত নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।