বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালে বাংলাদেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে মন্তব্য করা হয়েছে যুক্তরাজ্যের ‘মানবাধিকার ও গণতন্ত্র’ শীর্ষক বার্ষিক প্রতিবেদনে। দুটি প্রধান রাজনৈতিক দলের সংঘাত, মুক্তমনা লেখক ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা এবং মত প্রকাশের স্বাধীনতার ওপর ক্রমবর্ধমান চাপের কারণে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়নি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের তৈরি করা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। এতে বলা হয়, মামলার চাপে বেসামাল বিচারব্যবস্থা এবং বিচারের দীর্ঘসূত্রতার কারণে সহিংসতার সংস্কৃতি তৈরি হচ্ছে, যেখানে মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। ২০১৫ সালে বাংলাদেশের বিচারব্যবস্থার সংস্কারে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ (ডিএফআইডি) ৩৭ লাখ পাউন্ড এবং পুলিশের সংস্কারের জন্য ১২ লাখ পাউন্ড ব্যয় করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, মানবাধিকার ও গণতন্ত্র কর্মসূচির আওতায় বাংলাদেশের ব্লগারদের নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাজ্য। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন, ২০০৬ কে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে ওই আইন পুনর্বিবেচনা করার বিষয়টিকে সমর্থন জানিয়েছে যুক্তরাজ্য।
বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) বরাতে প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত বলপ্রয়োগ, বিচারবহির্ভূত হত্যা ও জোরপূর্বক গুমের ঘটনা ঘটছে বাংলাদেশে এবং সেগুলোর দায়মুক্তি দেওয়া হচ্ছে। বৈদেশিক অনুদান আইনের (ফরেন ডোনেশন অ্যাক্ট) খসড়া এনজিওগুলোর নিয়ন্ত্রণব্যবস্থা উন্নয়নের সুযোগকে ঝুঁকির মধ্যে ফেলবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে বিরাজমান উত্তেজনার কোনো মীমাংসা হয়নি উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের শুরুর দিকে দল দুটির মুখোমুখি অবস্থান, বিএনপির জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার এবং বিএনপির অনির্দিষ্টকালের অবরোধ মানুষের জীবিকা ও নিরাপত্তা বিঘ্নিত করে। তবে গত ৩০ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনকে তুলনামূলক শান্তিপূর্ণ ছিল উল্লেখ করে ওই নির্বাচনকে ইতিবাচক অগ্রগতি বলে মন্তব্য করা হয় প্রতিবেদনে।
নানাবিধ অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড এখনো একটি বৈধ সাজা হিসেবে বলবৎ রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, গত বছর বাংলাদেশে পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে তিনজন যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত হন। তবে বিভিন্ন বেসরকারি সংস্থা এই বিচারের পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এ ছাড়া, বাল্যবিবাহ এবং নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের মতো বিষয়গুলোতে গুরুতর উদ্বেগ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বার্ষিক এই প্রতিবেদনে ২০১৫ সালের বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতির মূল্যায়নও তুলে ধরা হয়। নাজুক মানবাধিকার পরিস্থিতির কারণে উদ্বেগ রয়েছে—এমন অগ্রাধিকারভিত্তিক ৩০টি দেশ সম্পর্কে আলাদা আলাদাভাবে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। এই তালিকায় আফগানিস্তান, পাকিস্তান, মিয়ানমার, চীন, রাশিয়া কিংবা সুদান, সোমালিয়ার মতো দেশের পাশাপাশি বাংলাদেশও রয়েছে।
বাংলাদেশের উদীয়মান অর্থনীতি এবং ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার আকাঙ্ক্ষার প্রশংসা করে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ কর্তৃপক্ষ যাতে ওই আকাঙ্ক্ষার সঙ্গে তাল মিলিয়ে মানবাধিকার পরিস্থিতিরও ইতিবাচক উন্নতি ঘটায়, সে বিষয়ে উৎসাহিত করে যাবে যুক্তরাজ্য।
প্রতিবেদনে বলা হয়, কার্যকর বিচারব্যবস্থা, সক্রিয় সুশীল সমাজ এবং কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ ও জবাবদিহি করার মতো স্বাধীন গণমাধ্যম যে একটি সফল গণতন্ত্রের মূল ভিত্তি, সে বিষয়ে যুক্তরাজ্যের অবস্থান পরিষ্কার। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অত্যন্ত জরুরি বলে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে ওই ধরনের একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দলগুলোকে একসঙ্গে কাজ করতে উৎসাহ দিয়ে যাবে যুক্তরাজ্য।