বাংলাদেশে মানসম্মত মিডওয়াইফারি সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ মে ২০১৬, প্রথম আলো ও ইউএনএফপিএর আয়োজনে ‘বাংলাদেশে মানসম্মত মিডওয়াইফারি সেবা’ শীর্ষক এক আ​েলাচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো।

যাঁরা অংশ নিলেন

জাহিদ মালেক                    :    মাননীয় সাংসদ, প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়

এম হাবিব-এ-মিল্লাত             :    মাননীয় সাংসদ, সদস্য, সংসদীয় স্থায়ী কমিটি, সমাজকল্যাণ মন্ত্রণালয়

সুভাষ চন্দ্র সরকার                :    অতিরিক্ত সচিব, ডিসিপ্লিন অ্যান্ড নার্সিং

সুরাইয়া বেগম                    :    রেজিস্ট্রার, বাংলাদেশ নার্সিং কাউন্সিল

সৈয়দ আবু জাফর মোহাম্মদ মুসা  :    বিশেষজ্ঞ উপদেষ্টা, ইউএনএফপিএ

ফেরদৌসি বেগম                 :    সহসভাপতি, ওজিএসবি

মোমেনা খাতুন                    :    সিনিয়র হেলথ্ অ্যাডভাইজর, গ্লোবাল অ্যাফেয়ার্স, কানাডা

হালিমা আক্তার                   :    সভাপতি, বিএমএস

লুৎফুন নাহার লিজা               :    শিক্ষার্থী, নার্সিং ইনস্টিটিউট, মিটফোর্ড, ঢাকা

শারমিন আক্তার                  :    ডিপ্লোমা, মিডওয়াইফারি শেষ বর্ষ, ঢাকা নার্সিং কলেজ

সঞ্চালক

আব্দুল কাইয়ুম                        :    সহযোগী সম্পাদক, প্রথম আলো

.
.

আলোচনায় সুপারিশ

*মিডওয়াইফ শিক্ষার্থীরা যাতে সরাসরি গর্ভবতী মায়েদের পর্যাপ্ত সেবা করার সুযোগ পান, ​এ বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন

*দেশে ২২ হাজার মিডওয়াইফের প্রয়োজন। ​িমডওয়াইফ নিয়োগের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন

*সেবার মানসিকতা একজন মিডওয়াইফের জন্য অত্যন্ত জরুরি

*দেশের বেসরকারি হাসপাতালগুলোতে অ​েস্ত্রাপচারের মাধ্যমে সন্তান প্রসবের সংখ্যা আনুপাতিক হারে​ বেশি। এ জন্য বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোতে মিডওয়াইফ নিয়োগ দেওয়া প্র​​েয়াজন

*ব্যাপক প্রচার ও সচেতনতার মাধ্যমে মিডওয়াইফ পেশাকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে

আলোচনা

আব্দুল কাইয়ুম: বাংলাদেশে মিডওয়াইফের প্রয়োজনীয়তা অপরিসীম। এখনো দেশের অধিকাংশ মা বাড়িতে অদক্ষ সেবাদানকারীর মাধ্যমে সন্তান প্রসব করান। ফলে শিশু ও মাতৃমৃত্যুর ঝুঁকি থেকে যায়। এ অবস্থার পরিবর্তনের জন্য মিডওয়াইফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় আমরা এ ক্ষেত্রে সাফল্য অর্জন করেছি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায়ও এ বিষয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ২০৩০ সালের মধ্যে প্রতি লাখ জীবিত জন্মে মাতৃমৃত্যুর হার ৭০–এর নিচে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

আলোচনায় এসব বিষয় আসবে। এখন আলোচনা ও উপস্থাপনা করবেন হালিমা আক্তার।

হালিমা আক্তার
হালিমা আক্তার

হালিমা আক্তার: আজ বিশ্ব মিডওয়াইফারি দিবস। প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশে তিন হাজার মিডওয়াইফ নিয়োগের সিদ্ধান্ত হয়।এখন ৪২৭টি উপজেলায় মিডওয়াইফরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। ৫৯টি জেলা হাসপাতাল ও ৭০টি মাতৃসেবাকেন্দ্রকে জরুরি অবস্টেট্রিক্যাল ও নিওনেটাল সেবার উপযোগী করা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির আলোকে স্বাস্থ্য মন্ত্রণালয়, নার্সিং সেবা অধিদপ্তর ও বাংলাদেশ মিডওয়াইফারি সেবা কাউন্সিল মিডওয়াইফারি শিক্ষা শুরু করে। ২০১৫ সালে ৭০০ জন মিডওয়াইফ স্নাতক শেষ করেছেন। এঁদের মধ্যে ৫৯৭ জনের লাইসেন্সিং হয়েছে। মিডওয়াইফদের সেবার মাধ্যমে মা ও নবজাতকের অসুস্থতা, মৃত্যুহার ও অন্যান্য সমস্যা কমে আসবে। মিডওয়াইফরা, বিশেষ করে মা ও শিশুর নিবিড় পরিচর্যা করবেন। সরকার ৩ হাজার মিডওয়াইফ পদ সৃষ্টি করেছে। ৬০০ জন সার্টিফায়েড মিডওয়াইফ ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে আরও ৬০০ জন মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে।

মিডওয়াইফদের কর্মক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে। এসব সমস্যা অপসারণ করতে না পারলে মিডওয়াইফরা মা ও শিশুর সেবা নিশ্চিত করতে পারবেন না।

মিডওয়াইফদের প্রকৃত সেবা পেতে হলে তাঁদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। ডিপ্লোমা মিডওয়াইফরা এখনো তাঁদের পদায়নের অপেক্ষায় আছেন। মিডওয়াইফদের ক্যারিয়ারের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবা প্রয়োজন।

ইউনিয়ন, উপজেলাসহ অনেক জায়গায় অবকাঠামোগত সমস্যা রয়েছে। এগুলো দূর করা জরুরি। দেশের অধিকাংশ মানুষ এখনো জানে না, মিডওয়াইফ কী। এঁদের ভূমিকা কী। কী কাজ এঁরা করবেন ইত্যাদি। দেশের মধ্যে মিডওয়াইফদের সম্পর্কে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে। তাঁদের পৃষ্ঠপোষকতা দেওয়া ও তদারক করা প্রয়োজন।

সৈয়দ আবু জাফর মোহাম্মদ মুসা
সৈয়দ আবু জাফর মোহাম্মদ মুসা

সৈয়দ আবু জাফর মোহাম্মদ মুসা: আজ বাংলাদেশে বিশ্ব মিডওয়াইফ দিবস পালিত হচ্ছে। ইউএনএফপিএ মিডওয়াইফদের উন্নয়নে সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। প্রথমত, আমরা মিডওয়াইফ-সংক্রান্ত বিষয় নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করি। যেমন সংসদীয় কমিটিগুলোতে কথা বলি। বাংলাদেশে মিডওয়াইফদের কীভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়, তাঁদের আরও বেশি সুযোগ-সুবিধা তৈরি করা যায় ইত্যাদি বিষয় নিয়ে কথা বলি।
মন্ত্রিপরিষদে মিডওয়াইফারি সেবা আইন পাস হয়েছে। এই সপ্তাহে হয়তো সংসদে যাবে। আমরা আশা করছি, মিডওয়াইফদের জন্য একটি যুগান্তকারী আইন পাস হবে।
সরকার ৩৮টি প্রতিষ্ঠানের মাধ্যমে মিডওয়াইফারি প্রশিক্ষণ দিচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠানও মিডওয়াইফারি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। ফলে অ্যাক্রিডিটেশন পদ্ধতি না থাকলে মানসম্মত মিডওয়াইফ আমরা পাব না। এসব বিষয়ে সরকারের সঙ্গে আমরা কাজ করছি।

বাংলাদেশ নার্সিং কাউন্সিল মিডওয়াইফদের লাইসেন্স প্রদান করে। এ লাইসেন্স যাতে মানসম্পন্ন হয়, তার জন্য কৌশলগত সহযোগিতা দিচ্ছি। মিডওয়াইফদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য যেসব প্রতিষ্ঠান আছে, সেখানে আমরা কারিগরি সহায়তা দিই।

ইউএনএফপিএ সরকারের সঙ্গে সবচেয়ে বড় কাজ করছে মিডওয়াইফদের শিক্ষা নিয়ে। প্রধানমন্ত্রীর অঙ্গীকারের ভিত্তিতে সরকার মিডওয়াইফারি শিক্ষা কার্যক্রম চালু করেছে। মিডওয়াইফদের শিক্ষার জন্য তেমন কোনো প্রস্তুতি ছিল না। নার্সিং ইনস্টিটিউটের মধ্যে যে অবকাঠামো আছে, সেটা দিয়েই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়।

ইউএনএফপিএ বিভিন্ন ফ্যাকাল্টি মেম্বারদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেয়। মিডওয়াইফদের প্রশিক্ষণের জন্য যেসব যন্ত্রপাতি ও উপকরণ প্রয়োজন, এসব ইউএনএফপিএ সরবরাহ করেছে। ছয় মাসের একটি মিডওয়াইফ প্রশিক্ষণ কোর্স আছে। ইউএনএফপিএ এই খাতেও অর্থায়ন করেছে।

একটি বিদে​শি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরকারের অনুমোদনক্রমে একটি চুক্তি হয়েছে। এই চু​িক্তর অধীনে বিভিন্ন মিডওয়াইফারি ইনস্টিটিউটের মোট ২৫ জন শিক্ষক মাস্টার্স কোর্স (​ওয়েববেজড) সম্পন্ন করতে পারবেন। এর মাধ্যমে মিডওয়াইফারি শিক্ষার গুণগত মান বাড়বে।

মিডওয়াইফদের সার্বিক উনয়নের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে অতিরিক্ত সচিব সুভাষ চন্দ্র সরকারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা একটি মিডওয়াইফারি মডেল তৈরি করেছি।

একজন মিডওয়াইফ যেন কর্মক্ষেত্রে থাকার জায়গাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পান, এ বিষয়েও আমরা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছি। ইতিমধ্যে আমরা পাঁচটি মেন্টর অব এক্সিলেন্স তৈরি করেছি। চারজন বিদেশি মেন্টর এখানে সহযোগিতা দেবেন। এসবের মাধ্যমে শিক্ষা ও প্রয়োগের ক্ষেত্রে ব্যাপক গুণগত মানের পরিবর্তন ঘটবে।

আমরা মিডওয়াইফদের এমন একটা অবস্থান তৈরি করতে চাই, যাতে একজন মিডওয়াইফ মানসম্মত সেবা দিতে পারেন। তাঁর দক্ষতাগুলো স্বাধীনভাবে প্রয়োগ করতে পারেন। আমরা আশা করব, মিডওয়াইফারি সেবার মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশে মা ও নবজাতকের অসুস্থতা ও মৃত্যুহার যেন কমে আসে। এ ক্ষেত্রে বাংলাদেশের লক্ষ্য অর্জনে আমরা গর্বিত সহায়ক হিসেবে কাজ করে যাব।

সুভাষ চন্দ্র সরকার
সুভাষ চন্দ্র সরকার

সুভাষ চন্দ্র সরকার: জাতিসংঘ ২০৩০ পর্যন্ত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এ লক্ষ্যমাত্রার ৩ নম্বর লক্ষ্য হলো স্বাস্থ্যবিষয়ক। অর্থাৎ সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় ১৭টি লক্ষ্য আছে। আরও অনেক নির্দেশক আছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য নির্দেশক হলো, ২০৩০ সালের মধ্যে প্রতি লাখ জীবিত জন্মে মাতৃমৃত্যুর হার ৭০-এর নিচে নামিয়ে আনতে হবে।
এমডিজিতে (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা) মাতৃমৃত্যু নামিয়ে আনার লক্ষ্য ছিল ১৪৩ জনে। আমরা ১৭৬ জনে নামিয়ে আনতে পেরেছি। ১৯৯০ সালে আমাদের দেশে প্রতি লাখ জীবিত জন্মে ৫৭৪ জন মা মারা যেতেন। তাই মাতৃমৃত্যু রোধে আমরা অনেকটা সফলতা অর্জন করেছি। আঞ্চলিক দেশগুলোর মধ্যে আমরা ভালো করেছি।

মাতৃমৃত্যু ৭০-এর নিচে নামিয়ে আনতে হলে মিডওয়াইফারি সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আমাদের চিকিৎসক আছেন। নার্স আছেন। গাইনোকোলজিস্ট আছেন। এঁদের ছাড়াও যে মিডওয়াইফের একটি বিশেষ ভূমিকা আছে, সবার আগে এটা প্রতিষ্ঠিত করতে হবে।

প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে তিন হাজার মিডওয়াইফ পদ সৃষ্টি করা হয়েছে। ২০১৩ সালে মিডওয়াইফারি শিক্ষা শুরু হয়েছে। ইতিমধ্যে ৫৯৭ জন মিডওয়াইফ শিক্ষা শেষে পরীক্ষায় পাস করে রেজিস্ট্রেশন করেছেন। এক মাসের মধ্যে যেন এই ৫৯৭ জন মিডওয়াইফ কাজে যোগদান করতে পারেন, নিয়োগ পান, সে জন্য উদ্যোগ নেব।

মিডওয়াইফ পদগুলো সরাসরি দ্বিতীয় শ্রেণির পদ হিসেবে সৃষ্টি হয়েছে। আমাদের মিডওয়াইফের সংখ্যা বাড়াতে হবে। এক গবেষণায় দেখেছি, একসময় আমাদের প্রায় ২২ হাজার মিডওয়াইফের প্রয়োজন হবে। এ লক্ষ্যে সরকার কাজ করছে।

বর্তমানে ৩৮টি প্রতিষ্ঠানের মাধ্যমে মিডওয়াইফদের প্রশিক্ষণ হচ্ছে। বেসরকারিভাবে ১৩টি প্রতিষ্ঠানে মিডওয়াইফ প্রশিক্ষণ চলছে। আমরা আশা করছি, বেসরকারিভাবে প্রতিষ্ঠানের সংখ্যা আরও বাড়বে। এভাবে মিডওয়াইফের সংখ্যাও বাড়তে থাকবে।

মিডওয়াইফের সংখ্যা বাড়লে মা ও নবজাতকের মৃত্যুর হার কমে আসবে। মিডওয়াইফ প্রশিক্ষণের প্রতিষ্ঠান হলেই হবে না। এর জন্য প্রশিক্ষক দরকার। বিভিন্ন উপকরণ দরকার। সুযোগ-সুবিধা দরকার। এসবের জন্য সরকার কাজ করে যাচ্ছে।

ইউএনএফপিএর সহযোগিতায় আমরা একটি ওয়েবনির্ভর মাস্টার্স (স্নাতকোত্তর) শিক্ষা কার্যক্রম চালু করেছি। ২৫ জন এখানে মাস্টার্স করবেন। এঁদের মাস্টার্স শেষ হলে মিডওয়াইফদের শিক্ষক হিসেবে ভূমিকা রাখতে পারবেন। মিডওয়াইফারি গ্র্যাজুয়েশনের (স্নাতক) জন্য আমরা ভবিষ্যতে কাজ শুরু করব।

সরকারি পর্যায়ে একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে নিয়োগ হয়। তাই অনেক ক্ষেত্রে বিলম্ব হয়। দেশে বেসরকারি পর্যায়ে সরকারি সেবাকেন্দ্রের প্রায় তিন গুণ অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব হয়। তাই বেসরকারি প্রতিষ্ঠানকে অনুরোধ করব, তারা যেন বেশি করে মিডওয়াইফ নিয়োগ দেয়। এঁদের সেবার মাধ্যমে বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের হার কমে আসবে।

বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে সরকারের একটি নীতিমালা মেনে কাজ করতে হয়। এই নীতির মধ্যে মিডওয়াইফ নিয়োগের বিষয়টিও অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তাহলে বেসরকারি প্রতিষ্ঠান মিডওয়াইফ নিয়োগ দিতে বাধ্য থাকবে।

মোমেনা খাতুন
মোমেনা খাতুন

মোমেনা খাতুন: একটা প্রধান বিষয় হলো কীভাবে মানসম্মত মিডওয়াইফ তৈরি করব। সরকারের একটা লক্ষ্য হলো ফ্যাসিলিটি ডেলিভারি বাড়ানো। ১৯৯৩ সালে দেশে ফ্যাসিলিটি ডেলিভারি ছিল মাত্র ৯ শতাংশ। ২০১৪ সালে এটা বেড়ে হয়েছে ৩৭ শতাংশ।
তারপরও আমাদের এখনো অনেক পথ যেতে হবে। তাই ফ্যাসিলিটি ডেলিভারি বাড়ানোর জন্য মিডওয়াইফরা ব্যাপক ভূমিকা রাখতে পারবেন। আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন যে, তিনি মিডওয়াইফের পদ সৃষ্টি করেছেন। পদ সৃষ্টির পর গত ডিসেম্বরে তাঁরা প্রথম নিয়োগ পেয়েছেন।

মিডওয়াইফ বললেই মনে হয়, তাঁরা কেবল মায়েদের প্রসব নিরাপদ করবেন। কিন্তু না। তাঁদের দায়িত্ব এখানে অনেক। তাঁদের গর্ভ-পূর্ববর্তী ও পরবর্তী সেবা দিতে হবে। এসব কাজ করতে হলে তাঁদের আউটডোর-ইনডোর সব জায়গায় কাজ করতে হবে। পরিবার পরিকল্পনাবিষয়ক পরামর্শ দিতে হবে। এত বিশাল কাজ তাঁরা কীভাবে করবেন?

প্রশিক্ষণের পরপরই তাঁরা কাজে যোগদান করছেন। তিনি যেখানে যাবেন, সেখানে কতটুকু সহযোগিতা পাবেন? সহযোগিতা করার জন্য কী উদ্যোগ নিতে হবে, সেটা খুব গুরুত্বপূর্ণ। এ সেবাগুলো দেওয়ার জন্য প্রয়োজন হবে মিডওয়াইফারি অ্যাক্ট, অ্যাকশন, অ্যাক্রেডিটেশন, লাইসেন্সিং ইত্যাদি। এর কিছু কাজ হয়েছে। কিছু হয়তো প্রক্রিয়াধীন।

সরকারের কাছে আমাদের প্রথম চাওয়া হবে, এগুলো যেন দ্রুত বাস্তবায়িত হয়। তাঁদের নিয়োগবিধির (ডেপ্লয়মেন্ট) সঙ্গে ক্যারিয়ার ও রিটেনশন পলিসির বিষয়টি যেন জোরালোভাবে থাকে। সার্ভিস ডেলিভারি মডেলের সঙ্গে একটা সুপারভাইজরি মডেলও থাকা প্রয়োজন।

গ্রামের মানুষ ধাই, ধাত্রী, পরিবার পরিকল্পনার সেবাকর্মী—এঁদের ভালোভাবে চেনে। মিডওয়াইফ সম্পর্কেও এমনভাবে সচেতন করতে হবে, যেন এঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ সেবা নিতে পারে।

কানাডীয় হাইকমিশন অনেক দিন থেকে নার্সিং খাতে সহযোগিতা করছে। চার বছর যাবৎ ৪৩টি নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমে কানাডীয় হাইকমিশন সহযোগিতা করছে। আমরাদের সহযেগিতা অব্যাহত থাকবে।

সুরাইয়া বেগম
সুরাইয়া বেগম

সুরাইয়া বেগম: মিডওয়াইফারি সেবা আগেও ছিল। এখন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে এ সেবা চালু হয়েছে। গত ডিসেম্বরে ৫৯৭ জন মিডওয়াইফের রেজিস্ট্রেশন হয়েছে। সরকার এঁদের দ্রুত নিয়োগ দেবে। কিন্তু ইতিমধ্যে ৬০০ জন মিডওয়াইফের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে পদায়ন হয়েছে। তাঁদের কাজের পরিবেশ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবা প্রয়োজন।
ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক আছে। এখানে স্বাস্থ্যসেবা-কর্মীরা কাজ করছেন। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বিদ্যমান অবকাঠামোর সঙ্গে আরও কিছু সুযোগ-সুবিধা যোগ করলে মিডওয়াইফরা ভালোভাবে সেখানে কাজ করতে পারবেন। তবে এ ক্ষেত্রে সরকার ও উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসা প্রয়োজন। তাহলে মিডওয়াইফরা মানসম্মত সেবা দিতে পারবেন।

মিডওয়াইফদের প্রশিক্ষণের জন্য খুবই মানসম্মত কারিকুলাম আছে। এ কারিকুলাম অনুযায়ী প্রশিক্ষণের জন্য বিভিন্ন উপকরণ ফ্যাকাল্টি প্রয়োজন। এ জন্য সরকার ও উন্নয়ন সহযোগীদের একসঙ্গে কাজ করা দরকার।

নারীদের স্বাভাবিক প্রসব হবে, এটাই স্বাভাবিক। গর্ভধারণ ও প্রসব দুটোই নারীদের খুব স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। কিন্তু আমাদের দেশে অস্বাভাবিকভাবে অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ৮০টি শিশুর স্বাভাবিক প্রসব হলে সর্বোচ্চ ২০টি শিশুর প্রসবের ক্ষেত্রে অস্ত্রোপচার হতে পারে। কিন্তু আমাদের দেশের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।

মিডওয়াইফদের এই চ্যালেঞ্জটি নিতে হবে। তাঁদের দক্ষ সেবার মাধ্যমে যেন মায়েদের স্বাভাবিক প্রসব হয়। মিডওয়াইফরা যেন তাঁদের মেধা ও দক্ষতা প্রয়োগের যথেষ্ট সুযোগ পান, সে ব্যবস্থা আমাদের করতে হবে।

ফেরদৌসি বেগম
ফেরদৌসি বেগম

ফেরদৌসি বেগম: এমডিজিতে (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা) দক্ষ সেবাদানকারীদের মাধ্যমে ৪০ শতাংশ প্রসব বাড়ানোর কথা বলা হয়েছিল। এ ব্যাপারে দেশে-বিদেশে অনেক আলোচনা হলো। তিউনিসিয়ায় একটি সম্মেলন হয়েছিল। সে সময়ের ওজিএসবির (অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি বাংলাদেশ) সভাপতি তিউনিসিয়ার এ সম্মেলনে যোগ দিয়েছিলেন। তিনি ফিরে আসার পর মন্ত্রণালয়ের কাছে আমরা একটি প্রস্তাব পাঠালাম যে আমরা মিডওয়াইফ চাই। তা না হলে আমরা এ লক্ষ্যে পৌঁছাতে পারব না।
আমাদের প্রস্তাবে ছিল, নার্সদের জন্য ছয় মাসের কোর্স এবং মিডওয়াইফদের জন্য তিন বছরের কোর্স। বর্তমানে সরকার, ,ইউএনএফপিএ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, নার্সিং অ্যাসোসিয়েশন ও কাউন্সিল—সবাই এ বিষয়ে একসঙ্গে কাজ করছে।

যদি কোনো সমস্যা তৈরি না হয়, তাহলে একজন গর্ভবতী মায়ের শুরু ও শেষ হবে মিডওয়াইফ সেবার মাধ্যমে। অর্থাৎ একজন মিডওয়াইফ স্বাভাবিক প্রসবের সব ধরনের উদ্যোগ নেবেন।

একজন চিকিৎসক এ ক্ষেত্রে তদারক করবেন। নার্স তো ছিলেনই, তারপরও কেন মিডওয়াইফ এলেন? নার্সদের এক জায়গায় কাজ করানো যায় না। প্রায় সব ধরনের রোগীর সঙ্গে তাঁদের কাজ করতে হয়।

অনেক নার্সকে এক বছর ধরে মিডওয়াইফারি শিখিয়েছি। পরে তাঁদের অন্য দায়িত্ব দেওয়া হলো। তাঁদের এই শিক্ষা কোনো কাজেই এল না। কিন্তু মিডওয়াইফরা গর্ভবতী মা ও নবজাতকের জন্যই নিবেদিত থাকবেন। তাঁদের অনেক ধৈর্য, দায়িত্ব ও মমতা নিয়ে কাজ করতে হবে।

আমরা মানসম্মত সেবার কথা বলছি। মানসম্মত সেবার জন্য কী প্রয়োজন? এর জন্য প্রয়োজন জ্ঞান, দক্ষতা ও সেবার মানসিকতা। সেবার মানসিকতা একজন মিডওয়াইফের জন্য অত্যন্ত জরুরি বিষয়। মিডওয়াইফের জ্ঞান ও দক্ষতা থকালেও য​িদ সেবার মানসিকতা না থাকে তাহলে কোনো কাজ হবে না।

অনেক মিডওয়াইফ রোগীর বিছানা পাল্টান না, গায়ে হাত দেন না, ঠিকভাবে কথা বলেন না। রোগীর কোনো কথা ভালোভাবে শোনেন না, তাহলে হবে না।

আমরা ওজিএসবির সদস্যরা সব সময় মিডওয়াইফদের পাশে থাকব। সবাই একসঙ্গে কাজ করলে ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব।

লুৎফুন নাহার লিজা
লুৎফুন নাহার লিজা

লুৎফুন নাহার লিজা: আমরা মেডিকেল হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস করে থাকি। এখানে অনেক চিকিৎসক, নার্স ও অন্যরা থাকেন। এখানে প্র্যাকটিস করার সুযোগ পাই না। যদি প্র্যাকটিসের মাধ্যমে দক্ষতা অর্জন করতে না পারি, তাহলে কীভাবে মানসম্মত সেবা দেব? তাই আমাদের গর্ভবতী মায়েদের স​েঙ্গ থেকে তঁাদের সরাসরি প্রসবসহ অন্যান্য কাজ করার সুযোগ প্রয়োজন। তা না হলে আমরা পেশাগত দক্ষতা অর্জন করতে পারব না।

ফেরদৌসি বেগম: এটা সব সময় একটা চ্যালেঞ্জ। মেডিকেল কলেজে চিকিৎসক-নার্স সবাই শেখে। আপনারাও শিখবেন। অনেক সময় সরকার বিভিন্ন সেবাকর্মী পাঠায় শেখার জন্য। মেডিকেল কলেজে শেখার একটা চক্র সব সময় চলতে থাকে। আপনারাও শেখার সুযোগ পাবেন, তবে একটু লেগে থাকতে হবে।

শারমিন আক্তার
শারমিন আক্তার

শারমিন আক্তার: ​শুনেছি ইন্টার্নশিপ চালু হবে। আদৌ ইন্টার্নশিপ হবে কি না, এ সম্পর্কে জানতে চাই। আমাদের উচ্চশিক্ষার জন্য সরকারের কোনো নীতি বা পরিকল্পনা আছে কি না? থাকলে সে সম্পর্কে জানতে চাই। আমরা এ পেশায় প্রতিষ্ঠিত হতে চাই। আমরা মানসম্মত সেবা দিতে চাই। এ জন্য আমাদের একটা ক্যারিয়ার পরিকল্পনা থাকা প্রয়োজন।

এম হাবিব-এ-মিল্লাত
এম হাবিব-এ-মিল্লাত

এম হাবিব-এ-মিল্লাত: একসময় স্কটল্যান্ডে ছিলাম। সে দেশের দুটি শহরে আমার দুটি সন্তান হয়। স্ত্রীর গর্ভাবস্থায় তাঁর সঙ্গে হাসপাতালে যেতাম। কোনো দিন চিকিৎসকের দেখা পাইনি। আমার স্ত্রীর প্রথম থেকে শেষ পর্যন্ত সব কাজ মিডওয়াইফ করেছেন। এমনকি গর্ভ-পরবর্তী সেবাও মিডওয়াইফ দিয়েছেন। অর্থাৎ, মিডওয়াইফদের এমনভাবে তৈরি করা হয়েছে, বড় ধরনের কোনো জটিলতা না হলে চিকিৎসক আসার প্রয়োজন নেই।
আমরাও সেভাবে মিডওয়াইফদের গড়ে তোলার চেষ্টা করছি। প্রাথমিকভাবে তিন হাজার মিডওয়াইফ তৈরি হবে। কিন্তু দেশে এখন মিডওয়াইফের চাহিদা আছে ২০ থেকে ২৫ হাজার।

আমরা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার অনেকগুলো অর্জন করতে পেরেছি। স্বাস্থ্য খাতে অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু মাতৃমৃত্যুর হার আশানুরূপভাবে কমাতে পারিনি। দেশের নারীরা অনেক কিছু জানতে পারেন না। অনেক নারী জানেন না তাঁদের পাশেই কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন, উপজেলা হেলথ সেন্টার আছে, যেখানে তাঁরা গর্ভাবস্থায় চারবার দেখানোর সুযোগ পান।

অনেকে হয়তো একবার দেখান, তাঁরা জানেন না তাঁদের সমস্যা তৈরি হবে কি না। দেশে ৬০ শতাংশের বেশি মায়ের বাড়িতে প্রসব হয়। এঁদের মধ্যে ৫৮ শতাংশ অদক্ষ সেবাদানকারীর মাধ্যমে প্রসব করান। প্রচলিত এসব সেবাদানকারী স্বাভাবিক প্রসব হয়তো করাতে পারেন। যখন রক্তক্ষরণ হয়, খিঁচুনি হয়, তখন তাঁরা এ সমস্যার সমাধান করতে পারেন না। মায়েরা মৃত্যুঝুঁকির মধ্যে পড়ে যান।

৩১ শতাংশ মায়ের রক্তক্ষরণ হয়। ২০ শতাংশ মায়ের খিঁচুনি হয়। বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা কিশোরী মাতৃত্ব। ১৫ থেকে ১৯ বছরের কিশোরীদের মধ্যে যারা মা হয়েছে বা প্রথমবার গর্ভবতী হয়েছে, তাদের সংখ্যা ২৭ শতাংশ। এর অন্যতম কারণ বাল্যবিবাহ। বাল্যবিবাহ বন্ধ করতে পারলে মাতৃমৃত্যু অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

আমাদের দেশে এখনো লাখে মাতৃমৃত্যুর হার ১৭৬। ২০১৪ সালেও লাখে মাতৃমৃত্যু ছিল ১৭৬ জন। ২০১৬ সালে এসেও সেই ১৭৬। আমরা একই জায়গায় আছি।

বাল্যবিবাহ বন্ধ হলে আমরা সেটা ১৭৬ জনের অনেক নিচে নামিয়ে আনতে পারতাম। প্রতি দুই ঘণ্টায় একজন মা মারা যান। তাই আজকের এই আলোচনা সভাটি যেমন গুরুত্বপূর্ণ, আপনারা যাঁরা মিডওয়াইফ পেশায় আছেন, তাঁদের ভূমিকাও অনেক গুরুত্বপূর্ণ।

১৩ হাজার কমিউনিটি ক্লিনিকের মধ্যে ১ হাজারেও প্রসব–সুবিধা নেই। ৮ থেকে ১০ হাজার টাকার যন্ত্রপাতি থাকলে কমিউনিটি ক্লিনিকে প্রসব করানো সম্ভব। আমাদের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আছেন, তিনি যেন অনুগ্রহ করে বিষয়টি বিবেচনায় নেন।

যখন একজন মা প্রসব করাতে হাসপাতালে যান, আর চিকিৎসক যদি বলেন অস্ত্রোপচার প্রয়োজন, তখন বাধ্য হয়ে রোগীরা অস্ত্রোপচার করান। কারণ, কেউ সন্তান ও গর্ভবতী মাকে হারাতে চান না। যত কষ্টই হোক, তাঁরা অস্ত্রোপচার করান। কিন্তু আমাদের দেশের মতো এত উচ্চ হারে অস্ত্রোপচার বিশ্বের আর কোথাও হয় না। এত অস্ত্রোপচার কেন হয়, এ বিষয়টি আমাদের এখন জরুরি ভিত্তিতে ভেবে দেখা দরকার।

ইউনিয়ন হেলথ সেন্টারগুলোর অবস্থাও ভালো নয়। সেখানেও চিকিৎসকদের সুযোগ–সুবিধা খুব বেশি নে​ই। উপজেলা পর্যায়ে মোটামুটি সুযোগ আছে। আমরা তদবির করে সবাই ঢাকায় থাকতে চাই। গ্রামে কেউ থাকতে চাই না। এই মানসিকতারও পরিবর্তন আনতে হবে।

মিডওয়াইফ তৈরি করলেই কাজ হবে না, তাঁদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে হবে। যাঁরা মিডওয়াইফ পেশায় এসেছেন, তাঁদের সবার সাফল্য কামনা করি। মা ও নবজাতকের স্বাস্থ্যসেবায় আপনারা একটা বৈপ্লবিক পরিবর্তন আনবেন বলে আশা করি।

জাহিদ মালেক
জাহিদ মালেক

জাহিদ মালেক: প্রথম আলো, ইউএনএফপিএসহ অন্য উন্নয়ন সহযোগীদের ধন্যবাদ জানাচ্ছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সভা করার জন্য। গ্রামে প্রচলিত ধাত্রী, ধাই—এঁরা মূলত মিডওয়াইফের কাজটিই করেন। বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে মিডওয়াইফ সেবা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ উন্নয়ন সহযোগীরা এ ক্ষেত্রে কাজ করছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মা ও শিশুদের সেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া ইউনিয়নে আমাদের হেলথ সেন্টার রয়েছে। উপজেলা, জেলা ও টারশিয়ারি পর্যায়ে অনেক হাসপাতালের উন্নয়ন করেছি। আমরা অনেক হাসপাতালের শয্যাসংখ্যা দ্বিগুণ করেছি। এসব কাজের ফলে মা ও শিশুমৃত্যুর হার অনেক কমে এসেছে।

বিশ্বের অনেক দেশ থেকে আমরা স্বাস্থ্য খাতে এগিয়ে আছি। আমাদের গড় আয় এখন ৭১ বছরের মতো। আমরা অনেক নতুন হাসপাতাল স্থাপন করেছি। স্বাস্থ্য খাতে জনবলের দিক থেকে অনেক পিছিয়ে আছি।

আমাদের কমপক্ষে ৭৫ হাজার চিকিৎসক প্রয়োজন। সেখানে আছে মাত্র ২৫ হাজার। প্রায় আড়াই লাখ নার্সের প্রয়োজন। আমাদের আছে মাত্র ২০ হাজার। প্রধানমন্ত্রী ১০ হাজার নার্স নিয়োগের কথা বলেছেন। কিন্তু ২ লাখ নার্স নিয়োগ করতে কত বছর লাগবে জানি না।

আমাদের অনেক যন্ত্রপাতি আছে। প্রয়োজনে আরও ক্রয় করা যেতে পারে। কিন্তু সংরক্ষণের অভাবে অনেক যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ছে। জনবলের অভাবে এসব যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না।

মা ও শিশুমৃত্যুর হার যতটুকু কমিয়েছি, এটা ধরে রাখা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য দক্ষ জনবলের কোনো বিকল্প নেই। নার্সদের ছয় মাসের প্রশিক্ষণ দিয়ে মিডওয়াইফারি শেখানো হচ্ছে। প্রধানমন্ত্রী ৩ হাজার মিডওয়াইফের কথা বলেছেন। তাঁদের ৬০০ ইতিমধ্যে নিয়োগ পেয়েছেন। আরও ৬০০ অচিরেই নি​েয়াগ দেওয়া হবে।

আমরা একটা সমীক্ষায় দেখলাম, বাংলাদেশের জন্য ২২ হাজার মিডওয়াইফ প্রয়োজন। ২২ হাজার মিডওয়াইফ নিয়োগ দিতে কত সময় লাগবে, এটা আপনারা অনুমান করতে পারেন? প্রথম অবস্থায় ৩ হাজার মিডওয়াইফ নিয়োগ পাবেন এবং এ সংখ্যা পর্যায়ক্রমে বাড়তে থাকবে।

 মিডওয়াইফরা যাতে সঠিকভাবে কাজ করতে পারেন, তার জন্য প্রয়োজনীয় উদ্যোগের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করব।

আমাদের দেশের চিকিৎসকেরা প্রসব করান। দুঃখজনকভাবে শহরে ৬০ শতাংশ মায়ের অস্ত্রোপচার হয়। আন্তর্জাতিকভাবে এই হার ১৫। সরকারি হাসপাতালগুলোতে ২৩ শতাংশ অস্ত্রোপচার হয়। এটাও বেশি। শহরে কেন ৬০ শতাংশ মায়ের অস্ত্রোপচার হয়, এটা চিকিৎসকদের ভেবে দেখতে হবে। যেহেতু তাঁরাই অস্ত্রোপচার করান।

একজন মিডওয়াইফ একজন নারীর বিয়ের আগে, পরে ও সন্তান হওয়ার সময় তাঁকে পরামর্শ দিতে পারেন। একজন নারী কখন কী খাবেন, কীভাবে চলাফেরা করবেন, কী ওষুধ খাবেন—সব ধরনের পরামর্শ তাঁকে দেবেন।

অনেকগুলো আইন আমরা সংশোধন করছি। আবার কিছু নতুন আইনও হচ্ছে। মিডওয়াইফের আইনটাও সামনে সংসদে আসবে। এই আইন পাস হবে বলেই আশা করছি।

আইনটা বড় কথা নয়, দেশের প্রতি আমাদের ভালোবাসা ও দায়িত্ব ঠিক থাকতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে ভালো মানুষ দরকার। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

আব্দুল কাইয়ুম: আমাদের স্বাস্থ্য খাতে মিডওয়াইফারি সেবা একটি গুরুত্বপূর্ণ সংযোজন। মিডওয়াইফরা মা ও শিশুমৃত্যু রোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন বলে আশা করি। মিডওয়াইফদের সঠিক সেবা পেতে হলে তাঁদের উচ্চশিক্ষার সুযোগ, কর্মক্ষেত্রে বাসস্থান, মা ও শিশুর সেবার জন্য প্রয়োজনীয় উপকরণ ও সুযোগ-সুবিধার ব্যবস্থা করতে হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে আশা করি। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।