বাংলাদেশে মানুষ গুমের পরিস্থিতি উদ্বেগজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে গুম হওয়া মানুষের সমর্থনে গতকাল বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। জাতিসংঘ ঘোষিত এ দিবসটিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলো। সংস্থাগুলো বলছে, এ দেশে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মানুষ গুমের অভিযোগ উদ্বেগজনক হারে বাড়ছে।বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রায় এক বছর আগে ঢাকার পল্টন এলাকার বাসিন্দা কে এম শামিম নিখোঁজ হয়েছেন। প্রাণান্ত চেষ্টা ও বিভিন্ন জায়গায় তদবির করেও তাঁর কোনো সন্ধান পায়নি পরিবার। বাসার সামনের রাস্তা থেকে একদিন সকালে তাঁকে গাড়িতে করে নিয়ে যায় একদল লোক। শামিমের পরিবারের অভিযোগ, তাঁকে অপহরণের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত রয়েছে। শামিমের স্ত্রী ঝর্ণা খানম বলেন, তাঁর স্বামীকে ফিরে পাওয়া যাবে—এমন আশা প্রায় ফুরিয়েছে। মানুষটা বেঁচে আছে নাকি মরে গেছে, তা অন্তত জানার অধিকার তো পরিবারের রয়েছে। এ ক্ষেত্রে সরকারেরও নিশ্চয়ই দায়বদ্ধতা আছে।মানবাধিকার সংস্থা অধিকারের হিসাবে বাংলাদেশে চলতি বছর এ পর্যন্ত গুম হওয়ার ঘটনা ঘটেছে ২৪টি। এ দেশে মানুষ গুমের বিষয়টি খুবই উদ্বেগজনক উল্লেখ করে সংস্থাটির পক্ষে আদিলুর রহমান খান বলেন, গুমের ঘটনা কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অভিযোগ থাকলেও তারা রাষ্ট্রের দিক থেকে একধরনের দায়মুক্তি ভোগ করছে। তাদের আইনের আওতায় না আনার কারণেই এসব গুমের ঘটনা বাড়ছে।এদিকে বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনা দেশে-বিদেশে ব্যাপক আলোচিত হয়েছে। ঘটনার কয়েক মাস পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদিলুর রহমান খান আরও বলেন, ‘দুই রকম মানুষ নিখোঁজ হচ্ছেন। প্রথম দলে রয়েছেন বিরোধীদলীয় রাজনীতিক, সাবেক বামপন্থী বা গোপন রাজনৈতিক দলের সদস্যরা। অপর দলে আছেন বিভিন্ন প্রফেশনাল ব্যক্তি, যাঁদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।’বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে আনা অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। তাদের দাবি, নিখোঁজ হওয়া ব্যক্তিদের উদ্ধারে যথাযথ তৎপরতা চালানো হচ্ছে।