বাংলাদেশে মৃত্যুদণ্ড বিলোপে আবার আহ্বান জাতিসংঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর স্থগিত করা এবং এই ‘অমানবিক দণ্ড’ বিলোপ করতে আবারও আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক সংস্থা। গতকাল মঙ্গলবার এ আহ্বান জানানো হয়। খবর ইউএনবির।
সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা সামদাসানি বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে জাতিসংঘ। গুরুতর আন্তর্জাতিক অপরাধের জন্যও জাতিসংঘের অবস্থান একই।’
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনেক রায়ে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া এবং সর্বশেষ জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা কথা উল্লেখ করেন সামদাসানি। তিনি বলেন, ‘ট্রাইব্যুনালে বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় আমরা অনেক আগে থেকে বলেছি, বাংলাদেশ সরকারের উচিত হবে না মৃত্যুদণ্ড কার্যকর করা।’
এদিকে গত সোমবার নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ এক সংবাদ ব্রিফিংয়েও মৃত্যুদণ্ড বিলোপে জাতিসংঘের অবস্থানের কথা জানান।
দুজন নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার ফলে বাংলাদেশে সহিংসতা দেখা দিতে পারে বলে কেউ কেউ বলছেন—এ কথা উল্লেখ করে এক সাংবাদিক জানতে চান এ নিয়ে জাতিসংঘের কোনো মন্তব্য আছে কি না? জবাবে দুজারিচ বলেন, ‘আমি মনে করি এটা পরিষ্কার যে, যেকোনো পরিস্থিতিতেই মৃত্যুদণ্ড দেওয়ার বিরোধী মহাসচিব এবং যেসব দেশে এখনো মৃত্যুদণ্ডের বিধান বহাল আছে অন্তত পক্ষে তা আপাতত বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তিনি।’