সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদের মৃত্যুতে বাংলাদেশে গতকাল শনিবার রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। এ ছাড়া প্রয়াত বাদশাহর প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল সৌদি আরবে গেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। খবর বাসসের।
রাষ্ট্রীয় শোক পালনে দেশের সব সরকারি-বেসরকারি, আধা সরকারি অফিস ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশি দূতাবাসসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বাদশাহ আবদুল্লাহর আত্মারÄমাগফিরাত কামনা করে দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়। এ ছাড়া অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদশাহর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান, সৌদি বাদশাহর মৃত্যুতে সমবেদনা ও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ গতকাল সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে রিয়াদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানেরা, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
আজ রোববার রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশে ফেরার কথা রয়েছে।
বাদশাহ আবদুল্লাহ গত বৃহস্পতিবার গভীর রাতে ইন্তেকাল করেন। তাঁর সৎভাই সালমান বিন আবদুল আজিজ আল-সৌদকে সৌদি আরবের নতুন বাদশাহ ঘোষণা করা হয়েছে।