বাংলাদেশে রেমিট্যান্স পাঠানো অব্যাহত রাখতে ক্যামেরনের হস্তক্ষেপ কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈধ পথে টাকা পাঠানোর প্রক্রিয়া যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের হস্তক্ষেপ চেয়ে গতকাল লন্ডনের ডাউনিং স্ট্রিটে ২৫ হাজারের বেশি গণস্বাক্ষরসংবলিত স্মারকলিপি পেশ করেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। তাঁর সঙ্গে ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের কয়েকজন এমপি ছবি: প্রথম আলো
বৈধ পথে টাকা পাঠানোর প্রক্রিয়া যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের হস্তক্ষেপ চেয়ে গতকাল লন্ডনের ডাউনিং স্ট্রিটে ২৫ হাজারের বেশি গণস্বাক্ষরসংবলিত স্মারকলিপি পেশ করেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। তাঁর সঙ্গে ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের কয়েকজন এমপি ছবি: প্রথম আলো

বাংলাদেশে প্রবাসীদের পাঠানো অর্থের পঞ্চম প্রধান উৎস, ব্রিটেন থেকে বৈধ পথে টাকা পাঠানোর প্রক্রিয়া যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের হস্তক্ষেপ চেয়ে বুধবার ডাউনিং স্ট্রিটে ২৫ হাজারের বেশি গণস্বাক্ষরসংবলিত এক স্মারকলিপি পেশ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের কয়েকজন এমপি।

বিভিন্ন দেশে বৈধ পথে টাকা পাঠানোর জন্য প্রতিষ্ঠিত মানি ট্রান্সফার প্রতিষ্ঠানগুলো এত দিন ব্রিটিশ ব্যাংক বার্কলেজে তাদের হিসাব পরিচালনা করত। কিন্তু বার্কলেজ ৬০ দিনের নোটিশ দিয়ে ওই সব অ্যাকাউন্ট গত জুন মাসে বন্ধ করার নোটিশ দিয়েছে।

এর প্রভাব পড়বে বাংলাদেশসহ সোমালিয়া ও পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশগুলোতে।

মূলত সন্ত্রাসবাদী তৎপরতায় অর্থায়ন, কালোটাকা বিদেশে পাচারের মতো কাজে এসব ব্যাংক বিভিন্ন সময় জড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রে তাদের বিপুল পরিমাণ জরিমানা দিতে হয়। যে কারণে এসব ব্যাংক এ ধরনের টাকা স্থানান্তরের ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে লাভবান হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নের মতো বহুজাতিক মানি ট্রান্সফার সংস্থা। কিন্তু ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা পাঠানোর খরচ অন্যদের তুলনায় অনেক বেশি।

এই পটভূমিতে রুশনারা আলীর উদ্যোগে ‘সেভ রেমিট্যান্স গিভিং ক্যাম্পেইন’ শুরু হলে তাতে ৪৬ জন এমপি স্বাক্ষর করেছেন। সাড়ে ২৫ হাজার স্বাক্ষরযুক্ত এই স্মারকলিপি প্রধানমন্ত্রীর দপ্তরে পেশ করার পর রুশনারা আলী বলেন, প্রবাসীদের পাঠানো টাকা বাংলাদেশ, সোমালিয়া বা পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বৈধভাবে তা পাঠানো বন্ধ হলে ওই সব দেশে লাখ লাখ পরিবারে এর বিরূপ প্রভাব পড়বে। এর ফলে বেআইনিভাবে টাকা পাঠানোর ঝুঁকি নিতেও অনেকে বাধ্য হবেন। তাই বাংলাদেশসহ ওই সব দেশে বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানো অব্যাহত রাখতে ক্যামেরনের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির এমপি রুশনারা আলী ছায়া মন্ত্রিসভায় বৈদেশিক উন্নয়ন-সহায়তা বিষয়ের দায়িত্বে রয়েছেন।

দূতাবাসের অ্যাকাউন্ট বন্ধে এইচএসবিসির নোটিশ

ব্রিটেনের শীর্ষস্থানীয় একটি বহুজাতিক ব্যাংক, এইচএসবিসি বাংলাদেশসহ প্রায় ৪০টি দেশের দূতাবাসকে তাদের অ্যাকাউন্ট ৬০ দিনের মধ্যে সরিয়ে নিতে অনুরোধ জানিয়ে বলেছে, ওই সময়ের পর তাদের হিসাবগুলো বন্ধ করে দেওয়া হবে। এতে বিস্ময় প্রকাশ করেছে লন্ডনে বিভিন্ন দেশের কূটনীতিকেরা।

বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েস প্রথম আলোকে জানিয়েছেন, তাঁর হাইকমিশন ইতিমধ্যে বিকল্প ব্যবস্থা নিয়েছে। তিনি জানান, হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত অ্যাকাউন্টগুলোতে এইচএসবিসির সিদ্ধান্তে কোনো  প্রভাব পড়বে না। সেখানে যে সরকারি হিসাব খোলা আছে, তাতে শুধু ভিসা-পাসপোর্ট ফির লেনদেন হয়।