বাংলাদেশে রোহিঙ্গা পাঠানোর চেষ্টা বিএসএফের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তের ওপারে ইছামতী নদীর তীরে রোহিঙ্গাদের জড়ো করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে নজরদারি বাড়িয়েছে।

বিজিবির ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তারিকুল হাকিম প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ-ভারত শূন্যরেখায় ইছামতী নদীর ওপারে (ভারতীয় অংশ) ২০ জনের মতো রোহিঙ্গাকে জড়ো করে রেখেছে বিএসএফ। তাদের বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। আমরা কোনোভাবেই ভারত থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ করতে দেব না। এর জন্য সীমান্তে বিজিবি সদস্য বাড়ানো হয়েছে। বাড়ানো হচ্ছে টহল ও নজরদারি।’

বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, ‘ইছামতী নদীর ওপারে ভারতীয় অংশে রোহিঙ্গাদের এনে জড়ো করা হচ্ছে—সকালে এমন দৃশ্য আমাদের নজরে আসে। বিএসএফ তাদের বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করছে বুঝতে পেরে আমরা সীমান্তের মানবপাচারের পয়েন্টগুলোতে বিশেষ নজর রাখছি। এ বিষয়ে বিএসএফ আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। আমরাও বিএসএফ সদস্যদের সঙ্গে কোনো যোগাযোগ করিনি। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।’

স্থানীয় বাসিন্দারা বলছেন, পুটখালী সীমান্তের কয়েকটি স্থানে শতাধিক রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় শূন্যরেখায় অবস্থান করছে। সীমান্তের পুটখালীতে ভারতীয় ইছামতী নদীর পাড়ে শূন্য রেখায় আর-১২০ পিলারের বিপরীতে ভারতীয় অংশে এসব রোহিঙ্গাদের অবস্থান করতে দেখা যাচ্ছে।