যুক্তরাজ্য বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায়। এ ধারা অব্যাহত রাখতে সব রাজনৈতিক দল একসঙ্গে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন। গতকাল রোববার বিকেলে চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ হাইকমিশনার এ কথা বলেন। হাইকমিশনারের চট্টগ্রামে প্রথম সফর হিসেবে যুক্তরাজ্য দূতাবাস এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।লিখিত বক্তব্যে ব্রিটিশ হাইকমিশনার বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে অন্যতম প্রধান বিনিয়োগকারী। প্রায় ৫০টি ব্রিটিশ কোম্পানি চট্টগ্রাম, ঢাকা, সিলেট ও খুলনায় তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। এ পর্যন্ত দুই বিলিয়ন পাউন্ড বাংলাদেশে বিনিয়োগ হয়েছে বলে জানান তিনি।হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন বলেন, বিগত সময়ে দারিদ্র্য বিমোচন, শিক্ষা এবং নারী ও শিশুমৃত্যু হার হ্রাসে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। এসব খাতে যুক্তরাজ্যের সহায়তা অব্যাহত থাকবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে জঙ্গিবাদী তৎপরতা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, এটি তেমন উদ্বেগজনক নয়। কারণ, এ দেশের মানুষের গণতান্ত্রিক মূল্যবোধ এখন আগের চেয়ে অনেক উন্নত। স্বাধীনতার পর ৪০ বছরে সামাজিক ও অর্থনৈতিকভাবে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে।