বাংলাদেশে শিক্ষা খাতে দুর্নীতি ৫ ভাগ কম: শিক্ষামন্ত্রী
একটি জরিপের ফল উদ্ধৃত করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে শিক্ষা খাতে দুর্নীতি ৫ ভাগ কম। তবে এতে তিনি সন্তুষ্ট নন।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুদক আয়োজিত ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৪’ উপলক্ষে সততা-সংঘ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
নুরুল ইসলাম নাহিদ বলেন, সম্প্রতি বিশ্বের শিক্ষাক্ষেত্রের দুর্নীতি নিয়ে একটি জরিপের ফল প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, শিক্ষায় গড়ে শতকরা ১৭ ভাগ দুর্নীতি হয়। কিন্তু বাংলাদেশে তা শতকরা ১২ ভাগ, যা আমাদের শিক্ষা ক্ষেত্রে বড় অবদান।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর সততা সংঘের সদস্যদের শপথনামা পাঠ করানো হয়।
দুদকের কমিশনার (তদন্ত) শাহাবুদ্দিন বলেন, অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায় দুর্নীতি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীরা যদি তাদের পরিবার-পরিজন এবং সবাইকে উদ্বুদ্ধ করতে পারে, তাহলে অবশ্যই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। সবার মাঝেই সচেতনতা বাড়াতে হবে।