শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশে শিক্ষাকে জাতীয় উন্নয়ন এজেন্ডার মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত মঙ্গলবার প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে ইউনেসকো লিডারস ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এই অনুষ্ঠানে যোগ দিতে সোমবার প্রধানমন্ত্রীর প্যারিস যাওয়ার কথা ছিল। তবে শুক্রবার প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর সেখানকার সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রোববার তাঁর এই সফর বাতিল করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষায় টেকসই বিনিয়োগের মাধ্যমে ইতিমধ্যে বাংলাদেশে প্রাথমিক স্তরে প্রায় শতভাগ শিক্ষার্থী ভর্তি এবং মাধ্যমিক স্তর পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যায় সমতা অর্জন হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে সমর্থ হয়েছে। তিনি বলেন, নারীশিক্ষার মাধ্যমেই বাল্যবিবাহ ও নারীর বিরুদ্ধে সহিংসতা রোধ এবং সমাজ উন্নয়নে নারীর ভূমিকা বিষয়ে গণমানুষের মনোভাব পরিবর্তন সম্ভব। এ কারণে সরকার নারীশিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে।
সন্ত্রাসী ও জঙ্গিরা কোনো দেশের সীমারেখায় সীমাবদ্ধ থাকে না উল্লেখ করে নুরুল ইসলাম নাহিদ বলেন, বাংলাদেশ সরকার সব ধরনের সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। দেশের ভেতরে সন্ত্রাসী চক্রগুলোকে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় ইউনেসকোর ভূমিকা বিশেষভাবে উল্লেখ করে বলেন, উগ্র জঙ্গিবাদীদের সঙ্গ থেকে দূরে রাখতে যুবসমাজকে মূলধারার সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।
শিক্ষামন্ত্রী বাংলাদেশে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে পাঠ্যপুস্তক দেওয়াসহ শিক্ষায় বিভিন্ন অগ্রগতির তথ্য তুলে ধরেন।
লিডারস ফোরামে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, মাল্টার প্রেসিডেন্ট মেরি লুইজ সোলিরো ফিকাসহ বিশ্ব নেতৃবৃন্দ বক্তব্য দেন। ৪ নভেম্বর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ২০১৫-১৭ মেয়াদে ইউনেসকোর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।