বাংলাদেশে শিকড় গাড়ছে আইএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বাংলাদেশে শিকড় গাড়ছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। বাংলাদেশের পাশাপাশি আরও পাঁচটি দেশে শিকড় গাড়ছে আইএস। দেশগুলো হলো মিসর, ইন্দোনেশিয়া, মালি, সোমালিয়া ও ফিলিপাইন।
এনবিসি এ-সংক্রান্ত একটি গোপন নথি পেয়েছে। এই নথির উৎস হচ্ছে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস। নথিটি আগস্ট মাসে তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার। নথিতে দেখা যায়, আইএস তাদের কর্মতৎপরতা বিভিন্ন দেশে ছড়িয়ে দিচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথিতে দেখা যায়, ২০১৪ সালে মার্কিন সামরিক বাহিনী যখন আইএসবিরোধী আক্রমণে যুক্ত হয়, তখন সংগঠনটি সাতটি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করত। ২০১৫ সালে এই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়। তখন ১৩টি দেশে ছড়িয়ে পড়ে আইএসের কার্যক্রম।
ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের নথিতে দেখা যায়, জঙ্গিগোষ্ঠীটি বর্তমানে ১৮টি দেশে পুরোদমে কার্যক্রম চালাচ্ছে। এর পাশাপাশি আইএস বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, মালি, ফিলিপাইন ও সোমালিয়ায় শিকড় গাড়ছে বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
এনবিসি নিউজের সন্ত্রাসবাদ-বিষয়ক বিশ্লেষক ম্যালকম ন্যান্সি বলেন, আইএসের মূল ঘাঁটি হিসেবে পরিচিত ইরাক ও সিরিয়ায় অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে যুক্তরাষ্ট্র। তবে হোয়াইট হাউসের নথি অনুযায়ী নতুন নতুন দেশে শিকড় গাড়ছে ও হামলা চালাচ্ছে সংগঠনটি। সংগঠনের কার্যক্রম বিস্তার করতে চাইছে আইএস। তাদের যুদ্ধক্ষেত্র বিস্তৃত হচ্ছে।
এবার যুক্তরাষ্ট্রের নির্বাচনে সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। মনে হচ্ছে, মার্কিন সরকারও স্বীকার করে নিচ্ছে, আইএসবিরোধী যুদ্ধক্ষেত্রটা ক্রমেই বড় হচ্ছে।