বাংলাদেশে শিশুদের মায়ের দুধ খাওয়ার হার বাড়ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে শিশু জন্মের পর প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ খাওয়ানোর প্রবণতা দেড় দশক ধরে একই আছে, এই হার বাড়ছে না। অন্যদিকে মায়ের দুধের বিকল্প শিশুখাদ্য অধ্যাদেশ বাস্তবায়ন করা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।বাংলাদেশের জাতিসংঘ শিশু তহবিলে (ইউনিসেফ) কর্মরত পুষ্টিবিশেষজ্ঞ মহসীন আলী গতকাল বুধবার জরুরি অবস্থায় শিশুখাদ্য বিষয়ে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকার আঞ্চলিক সভায় এই কথা বলেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এই আঞ্চলিক সভা হচ্ছে। ১৫টি দেশের প্রায় ১০০ প্রতিনিধি সভায় অংশ নিচ্ছেন। চার দিনের এই সভার গতকাল ছিল দ্বিতীয় দিন। মহসীন আলী বাংলাদেশের পক্ষ থেকে যে বক্তব্য উপস্থাপন করেন তাতে দেখা যায়, ১৯৯৩-৯৪ সাল থেকে ২০০৭ পর্যন্ত ছয় মাসের কম বয়সী শিশুদের শুধু মায়ের দুধ খাওয়ানোর হার বাড়েনি। ১৯৯৩-৯৪ সালে এই হার ছিল ৪৬ শতাংশ। ৯৬-৯৭ সালে তা এক শতাংশ কমে। ১৯৯৯-২০০০ সালে দেখা যায় ৪৬ শতাংশ শিশু শুধু মায়ের দুধ খাচ্ছে। তারপর থেকে এই হার আবার কমতে থাকে। সর্বশেষ জরিপে দেখা গেছে, এই হার ৪৩ শতাংশ। ইউনিসেফের ওই কর্মকর্তা বলেন, জরুরি অবস্থায় শিশুখাদ্যের ব্যাপারে বাংলাদেশের অন্যতম সমস্যা জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থা, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং অন্যদের মধ্যে সমন্বয়ের অভাব। আন্তর্জাতিক এই সভায় বিভিন্ন দেশের একাধিক প্রতিনিধি বলেন, দুর্যোগের আগেই প্রস্তুতি নিতে হবে যাতে ওই পরিস্থিতিতে শিশুখাদ্য কী হবে, কে সমন্বয় করবে, আন্তর্জাতিক সহায়তার দরকার হলে কারা দায়িত্ব নেবে ইত্যাদি। কারণ দুর্যোগ শুরু হলে শিশুদের পুষ্টির বিষয়টি অনেক ক্ষেত্রে চাপা পড়ে যায়। এই সুযোগে কৃত্রিম শিশুখাদ্য ব্যবসায়ীরা দুর্গতদের নিয়ে ব্যবসা করার সুযোগ পায়। শ্রীলঙ্কার প্রতিনিধি দিপ্তি প্রেইরা গৃহযুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগের শিকার শিশুদের সহায়তা করার অভিজ্ঞতা বর্ণনা বলেন, তাঁর দেশে দুর্গত শিশুদের কী খাবার দেওয়া হচ্ছে, তা নিয়মিত নজরদারি করার ব্যবস্থা আছে। এসব খাবার খেয়ে শিশুদের পুষ্টি পরিস্থিতির কী পরিবর্তন হচ্ছে, তা দুই সপ্তাহ অন্তর মূল্যায়ন করা হয়। তবে একাধিক অংশগ্রহণকারী দুর্যোগে শিশুখাদ্যের বিষয়ে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করেন। তাঁরা অভিযোগ করেন, দুর্গত এলাকায় শিশুখাদ্য বিতরণ যতটা গুরুত্ব দিয়ে ছাপা হয়, একই এলাকায় কোনো মা বুকের দুধ খাওয়ালে তা তেমন গুরুত্ব পায় না। এতে অন্য মায়ের কাছে বাজারের দুধের গ্রহণযোগ্যতা বেড়ে যায়, যা পরিণতিতে শিশুর জন্য ক্ষতিকর।