আপসের রাজনীতির কারণে মৌলবাদীরা শক্তিশালী হয়েছে : সুলতানা কামাল

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, বাংলাদেশে বর্তমানে সুন্নি পুরুষ ছাড়া আর কেউই মৌলিক অধিকার পুরোপুরি ভোগ করতে পারেন না। তিনি বলেন, পঁচাত্তর-পরবর্তী সময়ে আপসরফার রাজনীতির কারণে দেশে মৌলবাদীরা শক্তিশালী হয়েছে এবং সে কারণেই দেশে নারী ও ভিন্ন ধর্মাবলম্বীরা সংবিধানে বর্ণিত সম-অধিকার থেকে বঞ্চিত।
গতকাল বৃহস্পতিবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে নেদারল্যান্ডসভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল কমিটি ফর ডেমোক্রেসি (আইসিডিবি) এবং ফোরাম ফর সেক্যুলার বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে সুলতানা কামাল এসব মন্তব্য করেন। বাংলাদেশের চলমান যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়।
আইসিডিবি সভাপতি পিটার কাস্টার্সের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং রুয়ান্ডার যুদ্ধাপরাধীদের বিচার এবং সেখানকার ভুক্তভোগীদের জন্য ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে কর্মরত সংগঠন সারভাইভারস ফান্ডের পরিচালক ডেভিড রাসেল।
বাংলাদেশের একটি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের প্রধান সুলতানা কামাল বলেন, ‘আমরা যে দেশ চেয়েছিলাম, বর্তমান বাংলাদেশ তা নয়।’ তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত সম্পর্কে ভিত্তিহীন অপপ্রচার করা হচ্ছে। ওই আদালতে সাক্ষী হিসেবে অভিযুক্তদের আইনজীবীদের জেরার বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘এই বিচারকাজ আন্তর্জাতিক মান অনুসরণ করেই পরিচালিত হচ্ছে।’
রুয়ান্ডার অভিজ্ঞতা তুলে ধরে ডেভিড রাসেল বলেন, তারা মৃত্যুদণ্ডের বিধান তুলে দেওয়ার কারণে যুক্তরাজ্য, নেদারল্যান্ডসসহ পাশ্চাত্যের বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া রুয়ান্ডার গণহত্যায় অভিযুক্ত বেশ কয়েকজনকে সেখানে ফিরিয়ে নিতে পেরেছে। এর ফলে শেষ পর্যন্ত তারা অপরাধের দায় থেকে রেহাই পায়নি।
রুয়ান্ডার গণহত্যার দায়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে, সেই বিচারপ্রক্রিয়ার নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে ডেভিড রাসেল বলেন, যারা দেশটিতে গণহত্যার শিকার হয়েছে, তাদের পরিবারগুলো ওই বিচারে সন্তুষ্ট হতে পারেননি। কারণ, তাতে ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা রাখা হয়নি। রুয়ান্ডার বিচারপ্রক্রিয়ার অভিজ্ঞতা থেকে বাংলাদেশ উপকৃত হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
সভায় সুলতানা কামালসহ অন্য বক্তারা বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার বিচারে আন্তর্জাতিক সম্প্রদায় আগ্রহী না হওয়াকে বিচারকাজ ৪২ বছর বিলম্বিত হওয়ার অন্যতম কারণ হিসাবে বর্ণনা করেন।