
ভারতের বহুল প্রচারিত প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু গতকাল বৃহস্পতিবার তাদের এক সম্পাদকীয়তে বাংলাদেশের সদ্য অনুষ্ঠিত নির্বাচন প্রসঙ্গে বলেছে, বাংলাদেশে সত্যিকারের জয়ী কেউ নয়।
সম্পাদকীয়র শুরুতেই বলা হয়, আগে থেকেই যেমনটা ধারণা করা হয়েছিল, বাংলাদেশের নির্বাচন সেভাবেই হয়ে গেল—বিএনপি এবং তাদের মিত্রদের বর্জন, ব্যাপক সহিংসতা, জানমালের ক্ষয়ক্ষতি এবং আওয়ামী লীগের জয়। নির্বাচনের সপ্তাহান্তে মারা গেছেন ৩০ জনের মতো মানুষ। ভোটের দিন নির্বাচন বর্জনকারী দলগুলোর কর্মী ও সমর্থকেরা কেন্দ্রে আগুন দিয়েছেন। নির্বাচন কমিশন বলেছে, ভোট পড়েছে ৪০ শতাংশের কাছাকাছি। কিন্তু বিরোধীরা জোরের সঙ্গে দাবি করছে, প্রকৃত ভোটের হার এর চার ভাগের এক ভাগ। কিন্তু যা-ই হোক, ২০০৮ সালের নির্বাচনে পড়া ভোটের হারের কাছে এটি কিছুই নয়। সেবার প্রায় ৮০ ভাগ ভোট পড়ে এবং শেখ হাসিনা ব্যাপকভাবে বিজয়ী হন।
সম্পাদকীয়তে আরও বলা হয়, কিন্তু এবার একটি ভোট পড়ার আগেই আওয়ামী লীগ বিজয় সম্পর্কে নিশ্চিত হয়ে গিয়েছিল। বিরোধীদের বর্জনের কারণে পার্লামেন্টের অর্ধেকের বেশি আসনে বিজয়ী হয়ে যায় তারা। বাকি আসনগুলোতে আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মূলত তাদের দলেরই বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে এবং আওয়ামী লীগ পেয়েছে ১১০টি আসন। ফলাফল, আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা।
ভোটের হার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তোষ প্রকাশের কথা উল্লেখ করে দ্য হিন্দু বলেছে, তাঁকে অবশ্যই বুঝতে হবে, নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা সহজে মিইয়ে যাবে না।
দারিদ্র্য, অপুষ্টি, শিশু ও মাতৃমৃত্যুহার কমানোর মতো বিভিন্ন সামাজিক সূচকে বাংলাদেশের ভারতকে ছাড়িয়ে যাওয়ার কথা উল্লেখ করে পত্রিকাটি মন্তব্য করে, টানা রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা গত কয়েক বছরের এই অর্জনকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
সম্পাদকীয়তে বলা হয়, বিরোধীদের সঙ্গে সংলাপ ও নতুন নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রসহ অন্যদের আহ্বান নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সহিংসতা বন্ধ করলে এবং জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগ করলেই কেবল বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে। কিন্তু রাজনৈতিক নৈরাজ্যের অবসান ঘটাতে না পারলে মধ্যবর্তী নির্বাচনের প্রয়োজন হতে পারে।
আওয়ামী লীগকে এটা এখন বুঝতে হবে যে, ইসলামি জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের লড়াইটা ঠিকই আছে। কিন্তু দেশকে রাজনৈতিকভাবে বিভক্ত করে সেই লড়াইয়ে জেতা যাবে না। এ ক্ষেত্রে বিএনপির নেত্রী খালেদা জিয়ারও দায়িত্ব আছে। রাজনৈতিক ভিন্নমত প্রকাশের জন্য তাঁকে রাস্তার সহিংসতা ও দুর্বৃত্তপনার বিকল্প খুঁজতে হবে। ইসলামি জঙ্গিবাদের সঙ্গে তাঁর মাখামাখি নিয়ে বলতে হয়, ধর্মীয় কট্টরপন্থীদের সঙ্গে সুবিধাবাদী রাজনৈতিক মিত্রতা একটি দেশকে কোথায় নিয়ে যেতে পারে, সে উদাহরণ তিনি পেতে পারেন পাকিস্তানে।
বাংলাদেশের নির্বাচনকে নয়াদিল্লি ‘সাংবিধানিক বাধ্যবাধকতা’ বলে যেভাবে বর্ণনা করেছে, তা-ও এত বেশি সূক্ষ্ম দ্যোতনাময় যে তা দিয়ে কোনো কাজের কাজ হবে না। বস্তুত, তা একে দলীয় বলে দৃশ্যমান করবে।
ভারত যদি সত্যিই বাংলাদেশের প্রগতিশীল ও মুক্তচিন্তার শক্তিকে সহায়তা করতে চায়, তাহলে এই অচলাবস্থা ভাঙতে আওয়ামী লীগের সঙ্গে তাদের উষ্ণ সম্পর্ককে কাজে লাগানো উচিত।