বাংলাদেশে সহিংসতা কমায় জাতিসংঘের স্বস্তি

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার ঘটনা কমে আসার ঘটনাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। শনিবার মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে এ কথা জানান। তথ্য জাতিসংঘের ওয়েবসাইটের।
গত কয়েক সপ্তাহে রাজনৈতিক সহিংসতা কমে আসার পাশাপাশি সিটি করপোরেশন নির্বাচনে বিরোধী দলগুলোর অংশগ্রহণের সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন বান কি মুন। সবার অংশগ্রহণে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
আগামী ২৮ এপ্রিল ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হবে।
বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে রাজনৈতিক দলগুলো শিগগিরই তাদের মধ্যে দূরত্ব কমানোর উপায় বের করবেন বলেও আশা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। এ ক্ষেত্রে বাংলাদেশকে সব ধরনের সহায়তার বিষয়ে জাতিসংঘের অঙ্গীকারের কথা আবারও উল্লেখ করেন তিনি।