
বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারপারসন হোসে কার্লোস উগাস বলেন, বাংলাদেশে সাংবাদিকতা অনেক কঠিন। পাশাপাশি এখানে কাঠামোগত দুর্নীতিও আছে। এই দুর্নীতি রোধে সাংবাদিক, সিভিল সোসাইটি, এনজিও এবং বেসরকারি খাতকে একত্র হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গতকাল রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারের মেঘমালা কনফারেন্স রুমে এটি অনুষ্ঠিত হয়।
এ বছর নয়জন গণমাধ্যমকর্মী এ পুরস্কার পেলেন। তাঁরা হলেন প্রিন্ট মিডিয়া (জাতীয়) ক্যাটাগরিতে জাগোনিউজ২৪.কমের স্টাফ রিপোর্টার শাহেদ শফিক। প্রিন্ট মিডিয়া (আঞ্চলিক) ক্যাটাগরিতে চাঁদপুরের দৈনিক ইল্শেপাড় পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক রেজাউল করিম। এ ছাড়া ইলেকট্রনিক মিডিয়া প্রতিবেদন ক্যাটাগরিতে এনটিভির শফিক শাহীন, মাছরাঙা টেলিভিশনের বদরুদ্দোজা বাবু, ইলেকট্রনিক মিডিয়া প্রামাণ্য অনুষ্ঠান ক্যাটাগরিতে যমুনা টেলিভিশনের মো. আলাউদ্দিন আহমেদ ও জিএম ফয়সাল আলম, ভিডিও চিত্রগ্রাহক মহসীন মুকুল, কাজী মোহাম্মাদ ইসমাইল ও গোলাম কিবরিয়া পুরস্কার পান।