বাংলাদেশে সাংবাদিকদের কাজের সুষ্ঠু পরিবেশ চায় জাতিসংঘ
বাংলাদেশ সরকার দেশের সাংবাদিকদের জন্য স্বাধীনভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করে দেবে বলে আশা প্রকাশ করেছে জাতিসংঘ। গত শুক্রবার এক ব্রিফিংয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ এই অভিমত প্রকাশ করেন বলে জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বাংলাদেশে ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি’ বিষয়ে নিউইয়র্ক টাইমস-এর সাম্প্রতিক সম্পাদকীয়তে সমকামীদের অধিকারবিষয়ক পত্রিকার সম্পাদক জুলহাজ মান্নানসহ বিভিন্ন হত্যাকাণ্ড এবং সেই সঙ্গে সরকারের পক্ষ থেকে ‘অব্যাহত হয়রানি’ প্রসঙ্গে জাতিসংঘের মুখপাত্রের দৃষ্টি আকর্ষণ করা হয়। উদাহরণ হিসেবে প্রশ্নকর্তা বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমানকে কারাবন্দী করার বিষয়টি উত্থাপন করে বলেন, এ আইনহীনতা অবস্থা থেকে বাংলাদেশের উত্তরণের উপায় কী?
সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ বলেন, বাংলাদেশে সাংবাদিক ও ব্লগারদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনাগুলোয় মহাসচিব ও বিশ্ব সংস্থার মানবাধিকারবিষয়ক সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ চায় বাংলাদেশের সরকার এমন একটি পরিবেশ সৃষ্টি করবে, যেখানে সাংবাদিকেরা মুক্তভাবে কাজ করতে পারবেন।
পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অব্যাহত উপস্থিতি এবং বাংলাদেশের জাতিসংঘ মিশনে শীর্ষ সেনা সরবরাহকারী দেশ হওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মুখপাত্র শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘অন্য দেশের মতো বাংলাদেশের ক্ষেত্রেও কোনো সেনা বা কর্মকর্তা মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত নন তা যাচাই করে দেখা হয়।