বাংলাদেশে অন্তর্ভুক্ত সাবেক ভারতীয় ছিটমহলগুলোর বাসিন্দাদের মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রাখা হচ্ছে—এমন অভিযোগ তদন্তের জন্য ভারতের জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, পররাষ্ট্রসচিব এবং পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ দিয়েছে। খবর আসাম ট্রিবিউনের।
সরকারের একাধিক সূত্র জানায়, জমি ক্ষতিপূরণ দেওয়ার লক্ষ্যে পরিচালিত আদমশুমারি থেকে অনেকে বাদ পড়েছেন এবং বিলুপ্ত ছিটমহলগুলোয় নারীদের বন্দী করে যৌন নিপীড়ন করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
বাংলাদেশের অন্তর্ভুক্ত সাবেক ভারতীয় ছিটমহলগুলোর বাসিন্দাদের কমিটি এবং কুচলিবাড়ী সংগ্রাম কমিটির পক্ষ থেকে অশ্বিনী কুমার রায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, যার পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দেখার জন্য এনএইচআরসি নির্দেশনা দিয়েছে। ওই দুটি কমিটির সদস্যরা ভারত-বাংলাদেশ স্থল সীমান্তচুক্তি অনুযায়ী ছিটমহল বিনিময়ের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ছিটমহলবাসীর সুশৃঙ্খল, নিরাপদ এবং সুরক্ষিতভাবে নিজেদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাংলাদেশ ও ভারতের মূল ভূখণ্ডে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করার জন্য দুই দেশের সরকার সম্মত হয়েছিল। তাই এনএইচআরসি মনে করে, কাউকে মৌলিক সুযোগসুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ সত্যি হলে সেটা হবে মানবাধিকার এবং দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির লঙ্ঘন।
ছিটমহলবাসীর অধিকাংশকেই ২০১১ ও ২০১৫ সালের আদমশুমারির অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ রয়েছে। এ রকম মানুষের সংখ্যা ৩০ হাজার। চুক্তি অনুযায়ী নির্ধারিত ক্ষতিপূরণ পাবেন না বলে তাঁরা আশঙ্কা করছেন। ফলে তাঁদের অন্তর্ভুক্ত করে আদমশুমারির জন্য নতুন প্রক্রিয়া শুরু করা দরকার।
অভিযোগে বলা হয়, বাংলাদেশে মিশে যাওয়া ভারতীয় ছিটমহলগুলোর হিন্দু নারীদের বন্দী করে নির্যাতন চালানো হচ্ছে।