বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের আশঙ্কা দেখছে না বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে ও অদূর ভবিষ্যতে সামরিক অভ্যুত্থানের কোনো আশঙ্কা দেখছে না ভারতের ক্ষমতাসীন বিজেপি। দলটির নেতারা বলেছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তাঁরা শেখ হাসিনার সরকারের পাশে দাঁড়াতে প্রস্তুত। তবে বিএনপির সঙ্গেও তাঁদের যোগাযোগ রয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতের ক্ষমতাসীন নেতৃত্বের ধারণা, বাংলাদেশে এই মুহূর্তে সামরিক অভ্যুত্থানের কোনো আশঙ্কা নেই। ফলে অভ্যুত্থান হলে তাঁরা শেখ হাসিনাকে সমর্থন করবেন কি না, সে প্রশ্নও অবান্তর।
প্রতিবেদনে বলা হয়, বিজেপির নেতারা শেখ হাসিনাকে ভারতের পরীক্ষিত ও আস্থাভাজন মিত্র বলে অভিহিত করেন। তাই শেখ হাসিনার মতো পরীক্ষিত বন্ধুর পাশ থেকে সরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না বলে জানান বাংলাদেশ বিষয়ে খোঁজখবর রাখা বিজেপির নেতারা।
পশ্চিমবঙ্গ বিজেপির নেতা সিদ্ধার্থ সিং বলেন, ‘বাংলাদেশে কোন দল ক্ষমতায়, সেটাও গুরুত্বপূর্ণ বিষয়। সেদিক থেকে বলতেই হবে, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ভারতের স্বার্থের প্রতি এবং আমাদের উদ্বেগের প্রতি দারুণ বিবেচনা দেখিয়েছে।’ তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারত যে জাতীয় স্বার্থকেই গুরুত্ব দেবে, তা বলার অপেক্ষা রাখে না।
বিজেপির পক্ষ থেকে বাংলাদেশ-সংক্রান্ত অনেক বিষয় দেখাশোনা করেন দলটির জাতীয় মুখপাত্র এম জে আকবর। তিনি বলেন, ভারত চায় বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক। কিন্তু ভারত তার জন্য হস্তক্ষেপ করতে রাজি নয়।
ফলে শেখ হাসিনার ব্যাপারে ভারতের ধৈর্যচ্যুতি হয়নি বলেই মনে করছেন বিজেপির নেতারা। বরং তাঁদের যুক্তি, ‘গণতন্ত্রের ওপর আস্থা রাখতে গেলে শেখ হাসিনাই কিন্তু আমাদের একমাত্র অপশন। কারণ ভারত মনে করে, তিনি বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারের প্রধান।’
তবে একান্ত আলোচনায় বিজেপির নেতারা বিএনপির সঙ্গে যোগাযোগ থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়। বিজেপি ক্ষমতায় আসার পর আট মাসের মধ্যে বিএনপির সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলটির শীর্ষ নেতারা। কিন্তু তা স্বাভাবিক রাজনৈতিক সম্পর্কের বাইরে কিছু নয় বলে জানানো হয়। তবে এ-সম্পর্কিত বিষয়ে বিজেপির নেতারা প্রকাশ্যে কথা বলতে চান না, আবার অস্বীকারও করছেন না।
বিজেপির পক্ষ থেকে একটা কথাই জোর দিয়ে বলা হচ্ছে, সেটা হলো বাংলাদেশের সংকটের সমাধান খুঁজতে হবে গণতান্ত্রিক কাঠামোর মধ্যেই।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাম্প্রতিক দিল্লি সফরের সময়ও বাংলাদেশের গণতন্ত্রের প্রয়োজনীয়তার ওপর উভয় দেশ গুরুত্বারোপ করেছে বলেও এ সময় মনে করিয়ে দেন বিজেপির নেতারা।
এদিকে গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন বলেন, ‘এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এটি তাদের সমাধান করার কথা। বাংলাদেশ শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করুক, বন্ধুপ্রতিম প্রতিবেশী হিসেবে এটাই আমাদের প্রত্যাশা।’
গত বছরের ৫ জানুয়ারির বিতর্কিত যে নির্বাচনের বর্ষপূর্তিতে বাংলাদেশের বর্তমান সংকটের শুরু হয়েছে, ভারত সেই নির্বাচনকে বলিষ্ঠভাবে সমর্থন করেছিল বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।