বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ অনেক বেড়ে যাবে, যদি...
মেঘমুক্ত নীল আকাশ। চমৎকার রোদ, কিন্তু তাপ নেই। হোটেলের সামনে সমুদ্রের দিক থেকে কনকনে ঠান্ডা বাতাস বইছে। তাপমাত্রা শূন্যের কাছাকাছি। হেঁটে যাচ্ছি পররাষ্ট্র মন্ত্রণালয় অফিসে। এ এলাকার ভবনগুলো পুরোনো কালের ঐতিহ্য বহন করছে।পররাষ্ট্র মন্ত্রণালয় অফিস ভবনটিও এর অন্যতম। এ ভবনের একাংশে সংস্কারকাজ চলছে। মন্ত্রণালয়ের মিডিয়া সার্ভিস বিভাগের কর্মকর্তা ইয়ান ইয়াননিয়াস বললেন, এটা হবে প্রধানমন্ত্রীর বাসভবন। অবাক ব্যাপার, ভবনের সামনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত। এখানে প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের জন্য আলাদা কোনো নিরাপত্তার দরকার হয় না। নিরাপত্তা শুধু ভবনের ভেতরে!সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্যাসিফিক বিভাগের মিনিস্টার কাউন্সেলর অ্যানডার্স খয়াবাইয়ের সঙ্গেও দেখা করলাম বলতে গেলে নিরাপত্তা তল্লাশি বা ঝুটঝামেলা ছাড়াই। তিনি সংশ্লিষ্ট বিভাগের দক্ষিণ এশিয়া ইউনিটের প্রধান। সপ্তাহ দুয়েক আগে সুইডেনের উন্নয়ন সহযোগিতাবিষয়ক স্টেট সেক্রেটারির সঙ্গে তিনি ঢাকা সফর করে গেছেন। উন্নয়ন সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ বৃদ্ধির ব্যাপারে তিনি বেশ আশাবাদী। জ্বালানি, বিদ্যুৎ, টেলিযোগাযোগ প্রভৃতি খাতে তাঁরা বিনিয়োগে আগ্রহী। তিনি বললেন, ঢাকায় নরডিক চেম্বার অব কমার্স মনে করে, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ভালো, যদিও কিছু সমস্যা আছে। বিশেষ করে, শুল্ক কার্যক্রমের ক্ষেত্রে। তাঁর মতে, বাংলাদেশে রয়েছে চমৎকার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। কিন্তু এর পরিপূর্ণ বাস্তবায়ন দরকার। দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য এটা নিশ্চিত করতে হবে। তাহলে বিনিয়োগ অনেক বাড়বে বলে তিনি বললেন।মিনিস্টার কাউন্সেলর জানালেন, সুইডেনে ‘সুইডেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সুইডেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই বেসরকারি উদ্যোগে বিশেষ ভূমিকা পালন করছে। বাংলাদেশ-সুইডেন সহযোগিতা সম্পর্কের শুরু সেই সত্তুরের দশকে, স্বাধীনতার পরপরই। তখন সুইডেন বাংলাদেশে জাহাজ নির্মাণের উদ্যোগ নেয়। সুইডেন আইসিডিডিআরবিকে সহযোগিতা দিয়ে আসছে। এশিয়া ও প্যাসিফিক বিভাগের ডেস্ক অফিসার দিলানি পেরেরা জানালেন, বর্তমানে বাংলাদেশ থেকে সুইডেনের আমদানি বেশি, রপ্তানি কম; বাণিজ্যিক ভারসাম্য বাংলাদেশের অনুকূলে।ইউরোপে অর্থনৈতিক সমস্যা চলছে। এর মধ্যেও সুইডেনের পরিস্থিতি তুলনামূলক অনেক ভালো। সুইডিশ সরকারি পরিসংখ্যান প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, মূল্যস্ফীতির হার গত বছরের অক্টোবরের তুলনায় এ বছরের অক্টোবরে মাত্র ২ দশমিক ৯ শতাংশ। বেকারত্বের হার মাত্র ৬ দশমিক ৮ শতাংশ (সেপ্টেম্বর, ২০১১), যা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম। সুইডিশ অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য বাড়াতে চায়। এ জন্য তারা বাংলাদেশে বিনিয়োগ পরিবেশের আরও উন্নয়ন কামনা করে।