বাংলাদেশে স্বাধীন গণমাধ্যম দমনের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের জানার অধিকার মুক্ত সমাজের মূল ভিত্তি। তথ্যের অবাধ প্রবাহ না থাকলে গণতন্ত্রে অন্য সব স্বাধীনতা বিপন্ন হয়। এ কারণে বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে সংঘবদ্ধ আক্রমণের বিষয়ে বিশ্বের উদ্বিগ্ন হওয়া উচিত। বাংলাদেশে স্বাধীন গণমাধ্যম দমনের চেষ্টা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিবিসির দক্ষিণ এশিয়া প্রতিনিধি জাস্টিন রোলাটের লেখা এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দ্য ডেইলি স্টার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি দৈনিক। ২৫ বছর আগে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র ফিরে এলে পত্রিকাটি চালু হয়। সাংবাদিকতায় সততার চর্চা এবং মুক্ত ও প্রগতিশীল মত প্রকাশের জন্য পত্রিকাটির খ্যাতি আছে। এটি অনেকটা বাংলাদেশি নিউইয়র্ক টাইমস। তাই, এটা খুবই দুঃখজনক যে, মাহ্ফুজ আনাম এখন রাষ্ট্রদ্রোহ অভিযোগের মুখোমুখি।
রোলাট লিখেছেন, মাহ্ফুজ আনামকে ‘পুরোপুরি নীতিহীন’ ও ‘মিথ্যাবাদী’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ। তাঁকে (মাহ্ফুজ আনাম) কারাগারে পাঠানোরও দাবি করেছেন তিনি। তাঁর এমন বক্তব্যের পর খ্যাতিমান এই সম্পাদকের বিরুদ্ধে বেশ কিছুসংখ্যক রাজনীতিবিদ, ছাত্রসহ অন্যরা মানহানির অভিযোগে মামলা দায়ের করেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডেইলি স্টার এবং বাংলাদেশের সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক প্রথম আলোর অর্থনৈতিক ভিত্তি দুর্বল করতে ইতিমধ্যে গোপন পদক্ষেপ নেওয়া হয়েছে। গত গ্রীষ্ম থেকে বিবিসি বিষয়টি লক্ষ করছে। বাংলাদেশে কিছু বৃহত্তম টেলিকম ও ভোগ্যপণ্য প্রতিষ্ঠানকে এই দুই পত্রিকায় তাদের বিজ্ঞাপন দিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা।
বাংলাদেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এ বিষয়টি আল-জাজিরার কাছে স্বীকার করেছে। গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনরের যোগাযোগপ্রধান বলেছেন, অন্য কতিপয় প্রতিষ্ঠানের মতো তারাও কর্তৃপক্ষের কাছ থেকে এই দুই পত্রিকায় বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার বিষয়ে নির্দেশনা পেয়েছে।
কর্তৃপক্ষের এই পদক্ষেপের ফলে প্রথম আলো ও ডেইলি স্টার এক-তৃতীয়াংশ আয় হারিয়েছে বলে এক হিসাবে দেখা গেছে।
সাংবাদিক ও ভাষ্যকার ডেভিড বার্গম্যানের ভাষ্য, এখন পর্যন্ত আইনে কর্তৃপক্ষের আদেশের কোনো ভিত্তি নেই। কর্তৃপক্ষ আদেশটি স্রেফ জোর করে চাপিয়ে দিয়েছে। এই তৎপরতার উদ্দেশ্য পরিষ্কার। তা হলো, স্বাধীন গণমাধ্যমকে বশে আনা এবং ভিন্নমত দমন করা। তাদের বার্তা হলো, ‘সীমা লঙ্ঘন করলে তারা ব্যবস্থা নেবে’। কিন্তু এ ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট সীমা ঠিক করা নেই। সীমার বিষয়টি গণমাধ্যমের নিজস্ব নীতির ওপর নির্ভরশীল। আর কর্তৃপক্ষের এমন কৌশল কাজে দিচ্ছে বলে মনে হচ্ছে।
বার্গম্যান লিখেছেন, বাংলাদেশে এমন কোনো সংবাদপত্র বা টেলিভিশনের সম্পাদক নেই, যাঁরা ওই নিষেধাজ্ঞার কথা জানেন না। কিন্তু দেশটির ৩০টির মতো টিভি চ্যানেল ও অসংখ্য সংবাদপত্রের মধ্যে কোনোটি এখন পর্যন্ত প্রথম আলো ও ডেইলি স্টারকে ভীতি প্রদর্শনের বিষয়ে প্রতিবেদন করেনি।
বিষয়টি সম্পর্কে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে বিবিসির এই প্রতিনিধি জানতে চাইলে তিনি এ ধরনের (বিজ্ঞাপন বন্ধ) কোনো আদেশের কথা জানেন না বলে দাবি করেন। তিনি বলেন, সংশ্লিষ্ট সংবাদপত্র বা কোনো প্রতিষ্ঠান যদি আনুষ্ঠানিকভাবে অভিযোগ দেয়, তবে তিনি তা তদন্ত করবেন। আর যদি ব্যবসার ওপর কোনো অবৈধ বিধিনিষেধ আরোপ করা হয়, তবে তিনি ব্যবস্থা নেবেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডেইলি স্টার পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধের বিষয়টি বাংলাদেশের গণমাধ্যমে খুব একটা আসছে না। তবে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ ব্যাপক প্রচার পাচ্ছে। কারণ, মাহ্ফুজ আনাম ভুল স্বীকার করেছেন।
চলতি মাসের শুরুর দিকে একটি টেলিভিশনে মাহ্ফুজ আনাম স্বীকার করেন, ২০০৭ সালে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে তৎকালীন সেনা-সমর্থিত সরকারের সরবরাহ করা তথ্য অন্য কোনো সূত্র থেকে নিশ্চিত না করে তাঁর পত্রিকায় ছাপা হয়েছিল।
এ প্রসঙ্গে মাহ্ফুজ আনাম ওই টেলিভিশনে বলেছেন, এটা একটা বড় ভুল ছিল। বাজে সম্পাদকীয় বিবেচনা ছিল। কিন্তু মাহ্ফুজ আনামের এই ভুল রাষ্ট্রদ্রোহ কি না, সেটা পুরোপুরি ভিন্ন বিষয়। প্রধানমন্ত্রীর ছেলের দাবি, সামরিক শাসনের সমর্থনে মাহ্ফুজ আনাম ও ডেইলি স্টার-এর ওই সময়কার নিবন্ধের উদ্দেশ্য ছিল, তাঁর মাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া।
তবে এই অভিযোগ যুক্তি দিয়ে দৃঢ়ভাবে অস্বীকার করেছেন মাহ্ফুজ আনাম। তিনি উল্লেখ করেছেন, সে সময় তাঁর পত্রিকায় ২০৩টি সম্পাদকীয় প্রকাশিত হয়েছে, যাতে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি ছিল। একই সঙ্গে মাহ্ফুজ আনাম উল্লেখ করেছেন, দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাকে গ্রেপ্তার করার তীব্র সমালোচনা করে ডেইলি স্টার। গ্রেপ্তারের পর সম্পাদকীয়তে লেখা হয়, ‘আমাদের কাছে শেখ হাসিনার গ্রেপ্তার পুরোপুরি ভুল এবং আইনের যথাযথ প্রক্রিয়া ছাড়া ক্ষমতার উদ্ধত করাঘাত।’
তা ছাড়া শেখ হাসিনা ও দলের অন্য সদস্যদের বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগ কখনো আদালতে বিচার হয়নি। কারণ, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নির্বাহী আদেশে সব মামলা বাদ দেওয়া হয়েছে।
অন্যদিকে বিএনপির বিরুদ্ধে ওঠা একই ধরনের দুর্নীতির অভিযোগ বহাল রাখা হয়েছে। বিএনপির অনেক নেতা এখন কৌশলগতভাবে জামিনে আছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডেইলি স্টার-এর বিরুদ্ধে কোনো তৎপরতার কথা অস্বীকার করেছেন তথ্যমন্ত্রী ইনু। তাঁর ভাষ্য, মাহ্ফুজ আনামের বিরুদ্ধে অভিযোগগুলো এনেছেন বিভিন্ন ব্যক্তি। এতে সরকারের হাত নেই। মাহ্ফুজ আনাম দোষী কি না, তা নির্ধারণ করবেন আদালত।
মাহফুজ আনামের বিরুদ্ধে এ ধরনের আক্রমণের প্রকৃত তাৎপর্য নিয়ে বার্গম্যানের কোনো সন্দেহ নেই। তিনি মনে করেন, এটা স্বাধীন গণমাধ্যম দমনের একটি চেষ্টা। বার্গম্যান এ বিষয়ে নিশ্চিত যে, সরকারের অনুগত ব্যক্তিরা যেকোনো প্রভাবশালী স্বাধীন গণমাধ্যম বা তাদের নিয়ন্ত্রণের বাইরে ভিন্নমতের গণমাধ্যম বন্ধ করে দিতে চান। অথবা নিদেনপক্ষে তা বশে আনতে চান। এই প্রবণতা বাংলাদেশের মতো নড়বড়ে গণতন্ত্রের দেশে অশুভ উপায়ে ক্ষমতা আঁকড়ে ধরার বিষয়টিকে তুলে ধরবে।
যেহেতু বাংলাদেশের গণমাধ্যম এ বিষয়ে কথা বলতে ভয় পাচ্ছে, তাই বাকি বিশ্বের কিছু করার সময় এসেছে।
মাহ্ফুজ আনামের বিরুদ্ধে একের পর এক মামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে)। সংগঠনটি মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলাকে আইনি হয়রানি হিসেবে অভিহিত করেছে। এখন বিশ্বের সরকারগুলোরও একই কাজ করা উচিত বলে মত রোলাটের। তাঁর মতে, এ ক্ষেত্রে শুরুর কাজটা যুক্তরাজ্য সরকার করলেই সবচেয়ে ভালো হয়।
এ প্রসঙ্গে রোলাট ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার অ্যালিসন ব্লেইকের কিছু বক্তব্য উল্লেখ করেছেন। কয়েক সপ্তাহ আগে ব্লেইক বলেছেন, কমনওয়েলথভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ ও যুক্তরাজ্য একগুচ্ছ মৌলিক মূল্যবোধের অংশীদার। এর মধ্যে রয়েছে সংসদীয় গণতন্ত্রের প্রতি অঙ্গীকার, মানবাধিকার সুরক্ষা ও সমুন্নত রাখার প্রতি অঙ্গীকারসহ একটি সহনশীল ও বহুত্ববাদী ব্যবস্থা।
বাংলাদেশ সরকারকে তার অঙ্গীকারের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে ব্লেইকের আহ্বান জানানোর এটাই জুতসই সময় হতে পারে বলে মত রোলাটের।
(ঈষৎ সংক্ষেপিত)