বাংলাদেশে হত্যার ঘটনা বেড়ে চলায় জাতিসংঘের উদ্বেগ
জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক কমিশনের হাইকমিশনার জায়েদ রাদ আল হুসেইন বাংলাদেশে মুক্তচিন্তা, উদারপন্থী, ধর্মীয় সংখ্যালঘু ও সমকামী অধিকারকর্মীদের নির্মমভাবে হত্যার ঘটনা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছেন। গতকাল সোমবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৩২তম অধিবেশনের উদ্বোধনী বক্তৃতা দিতে গিয়ে তিনি এই উদ্বেগ জানান।
বাংলাদেশে সাম্প্রতিক গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে জায়েদ রাদ আল হুসেইন বলেন, ‘পুলিশের গ্রেপ্তারের বিষয়গুলো আমরা লক্ষ রাখছি এবং মানবাধিকার পুরোপুরি সমুন্নত রেখে অগ্রাধিকারের ভিত্তিতে ভয়াবহ এসব অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের আহ্বান জানাচ্ছি।’ মতপ্রকাশের স্বাধীনতা মেনে চলা লোকজনের ওপর হামলাকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাতে তিনি সরকারের পাশাপাশি রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত গোষ্ঠীগুলোকে সুরক্ষায় আরও পদক্ষেপ নিতে বলেছেন।
মতপ্রকাশের, সমাবেশের ও সংগঠিত হওয়ার স্বাধীনতার প্রসঙ্গ টেনে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক কমিশনের হাইকমিশনার বলেন, ‘এ ধরনের স্বাধীনতা চর্চার জন্য যাঁরা কারাভোগ করছেন, অবিলম্বে তাঁদের মুক্তি দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’
জায়েদ রাদ আল হুসেইন বলেন, ‘পুলিশ, নিরাপত্তা বাহিনী ও রাষ্ট্রের অন্য সংস্থাগুলোর পদক্ষেপ অবশ্যই মানবাধিকারের সংশ্লিষ্ট বাধ্যবাধকতা ও ন্যূনতম মানদণ্ডের সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে। প্রতিবেদনে যখন মানবাধিকার লঙ্ঘনের কথা উঠে আসছে, আসলে কী ঘটেছে, তা খুঁজে বের করে অপরাধীদের বিচার করতে এবং ক্ষতিগ্রস্ত লোকজনকে ক্ষতিপূরণ দেওয়া নিশ্চিত করতে কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি।’
এদিকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের এই অধিবেশনের আগে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠনগুলোর জোট এক যৌথ বিবৃতিতে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছে। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে), পেন ইন্টারন্যাশনাল, সেন্টার ফর ইনকোয়ারি, ইন্টারন্যাশনাল হিউম্যানিস্ট অ্যান্ড এথিক্যাল ইউনিয়নসহ কয়েকটি সংগঠন গতকাল এই বিবৃতি দেয়।
লিখিত বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতাসহ সমাবেশ, সংগঠন করা এবং ধর্মীয় স্বাধীনতার চরম অবনতি হয়েছে। বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দল বিএনপি ও তার জোটসঙ্গীদের বিপুল রাজনৈতিক মতপার্থক্যের ফলে সরকার মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে খড়্গহস্ত হয়েছে। এর ফলে আক্রান্ত হচ্ছে বাংলাদেশের নাগরিক সমাজও।