বাংলাদেশে হামলা বিশ্বের অন্যান্য হামলা থেকে আলাদা নয়: বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বলেছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে সন্ত্রাসী হামলার ঘটনাগুলো ঘটছে, তা বিশ্বজুড়ে চলতে থাকা সন্ত্রাসী হামলা থেকে আলাদা কিছু নয়। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের বন্ধুরাষ্ট্রগুলো মিলে এই হামলা মোকাবিলায় একসঙ্গে কাজ করতে চায়।
রাজধানীর বসুন্ধরায় গতকাল রোববার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট ক্লাব আয়োজিত পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এসব কথা বলেন।
সন্ত্রাসবাদের সঙ্গে পরিবেশ নষ্টের যোগসূত্র উল্লেখ করে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, পরিবেশের কোনো সীমানা নেই। পরিবেশ নষ্টের ঝুঁকি কোনো দেশে দেখা গেলে, তার প্রভাব অন্য দেশের ওপরও পড়তে পারে। তেমনি সন্ত্রাসবাদকেও একটি দেশের সীমানায় আটকে রাখা যায় না। এর প্রভাবও অন্য দেশের ওপর পড়ে। তিনি বলেন, ‘আমাদের কাছে থাকা প্রতিবেদন বলছে, এখানকার সন্ত্রাসী হামলা বৈশ্বিক সন্ত্রাসবাদের বাইরে কিছু নয়। গত ১৫ মাসে বাংলাদেশে ৪০টির বেশি সন্ত্রাসী হামলা হয়েছে।’
সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমর রহমান।