বাংলাদেশে ১ হাজার ৬১১টি প্রজাতি 'রেড লিস্টে'
বাংলাদেশে ১ হাজার ৬১১টি প্রজাতির প্রাণীকে ‘রেড লিস্টে’ রাখা হয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার (আইইউসিএন) আয়োজিত এক বৈজ্ঞানিক সম্মেলনে গবেষকেরা এসব তথ্য দেন। গতকাল সোমবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে ওই সম্মেলন শুরু হয়।
‘রেড লিস্ট’-এর মধ্যে রয়েছে প্রজাপতি, কাঁকড়া, স্বাদুপানির মাছ, উভচর, সরীসৃপ, স্তন্যপায়ী ও পাখি। বিলুপ্ত, বিলুপ্তপ্রায়, হুমকির মুখে ও ভবিষ্যতে ঝুঁকিতে পড়তে পারে, এমন প্রজাতিগুলোকে এ তালিকায় রাখা হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে ‘আপডেটিং স্পেসিস রেড লিস্ট অব বাংলাদেশ’ শীর্ষক উপপ্রকল্পটি ২০১৩ সালের ডিসেম্বর থেকে বাংলাদেশ বন অধিদপ্তর বাস্তবায়ন শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দুই বছর কাজ করে ওই ‘রেড লিস্ট’ করেন। গবেষণায় তালিকাভুক্ত প্রজাতিদের বিলুপ্তের কারণ, প্রতিকার ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ও উল্লেখ রয়েছে বলে সম্মেলনে জানানো হয়।
মূল প্রবন্ধ উপস্থাপনের সময় আইইউসিএন বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক শাহেদ মাহাবুব চৌধুরী বলেন, সারা বিশ্বে ১ লাখ ৬০ হাজার প্রজাতিকে এই তালিকায় অন্তর্ভুক্ত করেছে আইইউসিএন। এদের রক্ষা না করলে জীববৈচিত্র্য মারাত্মকভাবে ব্যাহত হবে। আরও অনেক প্রজাতি হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী মে মাসের মধ্যে তালিকাভুক্ত প্রজাতিদের বিস্তারিত বিবরণসহ আটটি বই প্রকাশ করা হবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন সুভাষ চন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে আইইউসিএনের বাংলাদেশ প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমদ ও বাংলাদেশ বন অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক আকবর হোসেন উপস্থিত ছিলেন।