বাংলাদেশে ১১ লাখ বেল সুতা রপ্তানি করবে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত বাংলাদেশে অতিরিক্ত ১১ লাখ বেল সুতা রপ্তানি করবে। এর পাশাপাশি বাংলাদেশ থেকে পাটের ব্যাগ আমদানির ক্ষেত্রে অশুল্ক বাধা দূর করতে আইন সংশোধনেও নয়াদিল্লি উদ্যোগ নিয়েছে। গতকাল রোববার ভারত সফরের শেষ দিনে রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী ফারুক খান। এর আগে ভারতীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে তাঁর কার্যালয়ে এক অনির্ধারিত বৈঠক করেন ফারুক খান।বৈঠক শেষে ফারুক খান জানান, প্রণব মুখার্জি তাঁকে আশ্বস্ত করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ ভারত সফরের সময় ঘোষিত যৌথ ইশতেহার দ্রুত বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা তাঁকে জানিয়েছেন, বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার বিষয়টি ভারত সক্রিয়ভাবে বিবেচনা করছে। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা দ্রুত ইতিবাচক সাড়া পাব।’ ফারুক খান বলেন, বাংলাদেশে অতিরিক্ত সুতা রপ্তানির ব্যাপারেও ভারতীয় বাণিজ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন।ভারত সরকার অভ্যন্তরীণ বাজারে মূল্য নিয়ন্ত্রণে গত এপ্রিল মাসে সুতা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর আগেই তিন লাখ বেল সুতা আমদানির ব্যাপারে ভারতের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী এখনো বাংলাদেশে এক লাখ ৩৫ হাজার বেল সুতা রপ্তানি বাকি আছে। ফারুক খান জানান, আনন্দ শর্মা তাঁকে যে ১১ লাখ বেল সুতা রপ্তানির আশ্বাস দিয়েছেন, তা ওই তিন লাখ বেলের অতিরিক্ত।গত শনিবার ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ফারুক খান সাংবাদিকদের জানান, আগামী বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সম্ভাব্য বাংলাদেশ সফরকালে ভারতে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের বিষয়ে ঘোষণা দেওয়া হতে পারে। ঢাকা শুল্কমুক্ত রপ্তানি সুবিধা চেয়ে ৬১টি বাংলাদেশি পণ্যের তালিকা নয়াদিল্লির কাছে হস্তান্তর করেছে। দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় এই শুল্কমুক্ত সুবিধা চাওয়া হয়েছে।ফারুক খান আরও জানান, বাংলাদেশ তার তৈরি পোশাক খাতের স্থিতিশীলতার জন্যই সুতার সরবরাহ নিশ্চিত করতে চায়। বর্তমানে দেশের মোট চাহিদার ৩০-৩৫ শতাংশ সুতা ভারত থেকে আমদানি করা হয়। ফারুক খান জানান, বাংলাদেশ থেকে ৮০ লাখ পিস তৈরি পোশাক আমদানি করবে ভারত।ভারতে পাটের ব্যাগ রপ্তানিতে অশুল্ক বাধা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে ভারতের বস্ত্রমন্ত্রী রিতা মেননের সঙ্গে তাঁর কথা হয়েছে।