বাংলাদেশে ৩৫ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল গণভবনে সাক্ষাৎ করেন চীনের বাণিজ্যমন্ত্রী গাও হুচেং l ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল গণভবনে সাক্ষাৎ করেন চীনের বাণিজ্যমন্ত্রী গাও হুচেং l ছবি: ফোকাস বাংলা

বাংলাদেশের বিভিন্ন খাতে চীন ৩৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে চায়। দুই দেশের পারস্পরিক স্বার্থে পণ্যবৈচিত্র্যকরণ ও রপ্তানি বৃদ্ধি এর লক্ষ্য। চীনের বাণিজ্যমন্ত্রী গাও হুচেন গতকাল মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে এ প্রস্তাব দেন। খবর বাসস ও ইউএনবির।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম ওই বৈঠক শেষে বলেন, চীনের মন্ত্রী বাংলাদেশ এবং এর জনগণকে তাঁর দেশের উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি বাংলাদেশে চীনের বিনিয়োগ সমন্বয় করতে একটি কমিটি গঠন করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। ঢাকার অদূরে পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নির্মাণে দুই দেশের মধ্যে একটি বিনিময়পত্র (লেটার অব এক্সচেঞ্জ) স্বাক্ষরিত হয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় গাও হুচেন বলেন, বাংলাদেশ খুবই মানসম্পন্ন পাটজাত পণ্য উৎপাদন করে। চলতি বছরের প্রথমার্ধে বাংলাদেশ থেকে চীনে পাটজাত পণ্যের রপ্তানি ১০ শতাংশ বেড়েছে।
কয়েক বছর ধরে জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশ বজায় রাখার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী বলেন, তাঁর গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
চীনের মন্ত্রী ১৯৫২ ও ১৯৫৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরের কথা স্মরণ করে বলেন, ওই সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বন্ধুত্বের ভিত্তি রচিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চীনের সঙ্গে বন্ধুত্বকে বাংলাদেশ খুবই গুরুত্ব দেয়। ঘনিষ্ঠ প্রতিরক্ষা ক্রয় সহযোগিতাসহ দুই দেশের সম্পর্ক খুবই শক্তিশালী।
আঞ্চলিক যোগাযোগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, অর্থনৈতিক সহযোগিতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমারের (বিসিআইএম) মধ্যে যোগাযোগ জোরদার করার ওপর ঢাকা গুরুত্ব দিয়ে থাকে।
বাংলাদেশের পোশাক খাতে চীনের বিনিয়োগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার চীনের অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জমি বরাদ্দ করেছে। সরকার স্থানীয় বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে ২২টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগে বিনিয়োগের বিপুল সুযোগ রয়েছে। এ বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকীর অনুষ্ঠানে যোগদানের জন্য বাংলাদেশ চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাবে। এ অনুষ্ঠান দুই দেশের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।
এ সময় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান উপস্থিত ছিলেন।