বাংলাদেশে ৩৯ শতাংশ পরিবারে সাইকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যাতায়াতে গণপরিবহনের পাশাপাশি বাংলাদেশে ব্যক্তিগত যানবাহন যেমন, বাইসাইকেল, মোটরসাইকেল ও মোটরগাড়ির ব্যবহার রয়েছে। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ বলছে, বাংলাদেশে ১০০ পরিবারের মধ্যে ৩৯টিই বাইসাইকেল ব্যবহার করে। আর মোটরসাইকেল ও মোটরগাড়ি ব্যবহারের হার যথাক্রমে ১৮ ও ২ শতাংশ।
গত বৃহস্পতিবার পিউ রিসার্চ সেন্টারের ওয়েবসাইটে প্রকাশিত জরিপে দেখা যায়, পরিবারপ্রতি বাইসাইকেল ব্যবহার করার ক্ষেত্রে পাকিস্তানের (৩৬%) চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ, তবে পিছিয়ে রয়েছে ভারতের (৬২%) চেয়ে। আর ব্যক্তিগত মোটরগাড়ি ও মোটরসাইকেল থাকার শতকরা হার বিবেচনায় বাংলাদেশের তুলনায় ভারত ও পাকিস্তান এগিয়ে রয়েছে।
৪৪টি দেশে গত বছর ওই জরিপ চালানো হয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ব্যক্তিগত সচল মোটরগাড়ি রয়েছে মাত্র ২ শতাংশ পরিবারে। ভারতে এ হার ৬ এবং পাকিস্তানে ৩ শতাংশ। পরিবারপ্রতি ব্যক্তিগত মোটরসাইকেল থাকার হার বাংলাদেশে ১৮, ভারতে ৪৭ এবং পাকিস্তানে ৪৩ শতাংশ।
জরিপের সময় প্রিন্সটন সার্ভে রিসার্চ অ্যাসোসিয়েশনের নির্দেশনা অনুযায়ী মানুষের সঙ্গে টেলিফোন বা সরাসরি আলাপচারিতার মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। বাংলাদেশে গত বছরের ১৪ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত বিভিন্ন পর্যায়ে এক হাজার মানুষের মধ্যে গুচ্ছ আকারে ওই জরিপ চালানো হয়। এ ক্ষেত্রে ১৮ বছরের বেশি বয়সীদের কাছ থেকে তথ্য নেওয়া হয়।
তিনটি নির্দিষ্ট যানবাহন ছাড়াও ব্যক্তিগত মালিকানাধীন মাইক্রোওয়েভ, টেলিভিশন বা বেতারযন্ত্র ইত্যাদি ঘরোয়া জিনিসপত্রের ব্যাপারেও তথ্য নেওয়া হয়। লোকজনকে জিজ্ঞেস করা হয়, এসব পণ্য তাঁদের জীবনযাত্রায় কতটা তৃপ্তি বা সন্তুষ্টি দিতে পারে। এতে দেখা যায়, এ ধরনের পণ্য বেশি বেশি থাকার পরিপ্রেক্ষিতে মানুষের সুখের মাত্রা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়।
পিউ রিসার্চ সেন্টারের ওই জরিপ অনুযায়ী ব্যক্তিগত মোটরগাড়ির মালিকানার হার বিবেচনায় ৪৪টি দেশের মধ্যে বাংলাদেশ ও ভিয়েতনাম সবচেয়ে পিছিয়ে রয়েছে। সবচেয়ে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে ইতালি (৮৯%), যুক্তরাষ্ট্র (৮৮%), জার্মানি (৮৫%), ফ্রান্স (৮৩%) ও দক্ষিণ কোরিয়া (৮৩%), মালয়েশিয়া (৮২%) এবং জাপান (৮১%)। ব্যক্তিগত মোটরসাইকেল ব্যবহারের ক্ষেত্রে শীর্ষ দেশগুলো হচ্ছে থাইল্যান্ড (৮৭%), ভিয়েতনাম (৮৬%), ইন্দোনেশিয়া (৮৫%), মালয়েশিয়া (৮৩%), চীন (৬০%), ভারত (৪৭%), পাকিস্তান (৪৩%) ও নাইজেরিয়া (৩৫%)। এ তালিকায় বাংলাদেশের (১৮%) অবস্থান ১৮তম।
আর পরিবারপ্রতি বাইসাইকেল ব্যবহারকারী দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে যথাক্রমে জার্মানি (৮০%), জাপান (৭৮%), থাইল্যান্ড (৭৪%), পোল্যান্ড (৭০%), চিলি ও ভিয়েতনাম (৬৭%), চীন (৬৫%), ইন্দোনেশিয়া (৬৫%), ইতালি ও দক্ষিণ কোরিয়া (৬৩%), ভারত (৬২%) ও ফ্রান্স (৫৯%)। এ তালিকায় বাংলাদেশের (৩৯%) অবস্থান ২৬তম।
জরিপের অন্তর্ভুক্ত সব দেশ বিবেচনায় পরিবারপ্রতি ব্যক্তিগত সচল মোটরগাড়ি থাকার হার প্রায় এক-তৃতীয়াংশ (৩৫%)। বাইসাইকেল ব্যবহারের ক্ষেত্রে এ হার ৪২ শতাংশ। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের তুলনায় এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে বাইসাইকেলের ব্যবহার বেশি।