ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদায়ী রাষ্ট্রদূত উইলিয়াম আনা গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশে অনুদান প্রতিবছর প্রায় ৪০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইইউ। চলতি বছর থেকে শুরু করে আগামী সাত বছর এই বর্ধিত অনুদান দেওয়া হবে। বর্তমানে প্রতিবছর প্রায় ৫০ কোটি ইউরো বাংলাদেশকে অনুদান দিচ্ছে ইউরোপের ২৮টি দেশের এ জোট। খবর ইউএনবির।
গতকাল বিদায়ী সংবাদ সম্মেলনে কূটনৈতিক প্রতিবেদকদের সঙ্গে মতবিনিময় করেন আনা। তিনি বলেন, গত প্রায় চার বছর দায়িত্ব পালনকালে এ দেশের রাজনীতি ও ব্যবসা-বাণিজ্য কাছ থেকে দেখেছেন। পেশাগত জীবনে বাংলাদেশে দায়িত্ব পালন ছিল তাঁর জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এই সময়টা তিনি খুবই উপভোগ করেছেন বলেও উল্লেখ করেন।
বাংলাদেশের সঙ্গে ইউরোপের সম্পর্কের নানা দিক তুলে ধরে সমঝোতায় পৌঁছানোর জন্য এ রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বিদায়ী রাষ্ট্রদূত।
এ ছাড়া, ইইউভুক্ত দেশগুলোর বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়া বাংলাদেশের চামড়া, চিংড়ি ও চায়ের মতো খাতগুলোতে শ্রমিকদের নিরাপত্তা, কর্মপরিবেশ ও তাঁদের অধিকার রক্ষা এবং পরিবেশের টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন উইলিয়াম আনা। আগামী মাসে ঢাকা ছাড়বেন তিনি। পাকিস্তানে ইইউর প্রতিনিধিদলের উপপ্রধান পিয়ার মায়োডন তাঁর স্থলাভিষিক্ত হবেন।
রাজনৈতিক সমঝোতার জন্য দলগুলোর প্রতি আলোচনায় বসার আহ্বান জানিয়ে উইলিয়াম আনা বলেন, ‘আজও আমরা এই আহ্বান জানাচ্ছি। সব সময়ই আলোচনা দরকার। সংঘাত ও সহিংসতা কখনোই সামনে এগোনোর পথ নয়।’তিনি বলেন, ‘ক্ষমতার অপব্যবহার ও অতি শক্তি প্রয়োগ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিরত রাখা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের জবাবদিহির আওতায় আনতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছি।’
পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান জানান ইইউ রাষ্ট্রদূত। পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীদের মানবাধিকার রক্ষায়ও জোর দেন তিনি।