বাংলাদেশে 'অর্থবহ সংলাপ' চায় ইউরোপীয় পার্লামেন্ট
>ইউরোপীয় পার্লামেন্টের এক ঘণ্টার ওই বিতর্কে ক্রিশ্চিয়ান দেন প্রেদা, নিনা গিল, আমজাদ বশির ও জিন ল্যাম্বার্ট বাংলাদেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে বক্তব্য দেন
বাংলাদেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার ও রাজনৈতিক দলগুলোকে ‘অর্থবহ সংলাপে’ বসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট।
গত মঙ্গলবার গভীর রাতে ফ্রান্সের স্ত্রাসবুর্গ শহরে ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে বিতর্কের সূচনা বক্তব্যে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী বার্ট কোয়েন্ডার্স এ আহ্বান জানান।
বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং স্থানীয় আঞ্চলিক সংঘাতের প্রসঙ্গ নিয়ে নির্ধারিত বিতর্কে তিনি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক ও নিরাপত্তা নীতিমালাবিষয়ক উচ্চপর্যায়ের প্রতিনিধি ফেদেরিকা মগেরিনির পক্ষে বক্তব্য দেন। বার্ট কোয়েন্ডার্স বলেন, বাংলাদেশের সরকার ও রাজনৈতিক দলগুলোর অর্থবহ সংলাপে বসার এখন সময় হয়েছে।
বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোকে উদ্বেগজনক অভিহিত করে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, মতপ্রকাশের ও রাজনৈতিক স্বাধীনতা পুরোপুরি সুরক্ষা ও বিকাশের লক্ষ্যে সামগ্রিকভাবে একটি নতুন রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন। সহনশীলতা ও রাজনৈতিক বিতর্কের লক্ষ্যে উন্মুক্ত পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার জন্য নিবর্তনমূলক গ্রেপ্তার ও বিরোধী পক্ষের নেতাদের হয়রানি বন্ধ করার সময় এসেছে।
নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে এবং ইইউ চায় বাংলাদেশে মানবাধিকার সমুন্নত হোক। বাংলাদেশের সব নাগরিকের সুরক্ষা নিশ্চিতের তাগিদ দিয়ে তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতির ওপর তাঁরা নজর রাখবেন এবং তাঁদের উদ্বেগের বিষয়গুলো সরকারের সঙ্গে আলোচনা করে সমাধান করবেন।
বার্ট কুয়েন্ডার্স বলেন, ২০১৪ সালের জানুয়ারি থেকে আন্তর্জাতিক সম্প্রদায় ‘বিরোধী দলের’ বর্জন করা ‘বিতর্কিত’ নির্বাচনের সমালোচনার পর থেকেই দুঃখজনকভাবে বাংলাদেশের রাজনৈতিক, মানবাধিকার ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে।
ইউরোপীয় পার্লামেন্টের এক ঘণ্টার ওই বিতর্কে ক্রিশ্চিয়ান দেন প্রেদা, নিনা গিল, আমজাদ বশির ও জিন ল্যাম্বার্ট বাংলাদেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে বক্তব্য দেন। ক্রিশ্চিয়ান দেন প্রেদা সাম্প্রতিক হত্যার ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে হত্যাকারী ও হামলাকারীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
বিতর্কের উপসংহারে বার্ট কোয়েন্ডার্স জানান, বাংলাদেশে সহিংস উগ্রবাদের উত্থানে তাঁরা উদ্বিগ্ন। তিনি মনে করেন, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে, বিশেষ করে সমাজের সবচেয়ে ঝুঁকিতে থাকা লোকজনকে এ জন্য মূল্য দিতে হচ্ছে। তিনি তনু হত্যার প্রসঙ্গটিও টানেন। রাজনৈতিক পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতিতেও তাঁরা উদ্বিগ্ন। এই প্রবণতা বন্ধ করার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব দেন।
ইউরোপীয় পার্লামেন্টের এক প্রস্তাবের বিরোধিতা করে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেন। এর পরিবর্তে তিনি বাংলাদেশের উন্নয়ন লক্ষ্য ও চ্যালেঞ্জ মোকাবিলায় সমর্থনের পক্ষে মত দেন।