বাংলাদেশেই ভবিষ্যতের সব সম্ভাবনা দেখতে পাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গতকাল তরুণদের উদ্দেশে বক্তব্য দেন তরুণ উদ্যোক্তা সাবিরুল ইসলাম ষ ছবি: প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গতকাল তরুণদের উদ্দেশে বক্তব্য দেন তরুণ উদ্যোক্তা সাবিরুল ইসলাম ষ ছবি: প্রথম আলো

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ উদ্যোক্তা ও লেখক সাবিরুল ইসলাম বলেছেন, আগামী দিনের সব সম্ভাবনা তিনি বাংলাদেশেই দেখতে পান। বাংলাদেশের তরুণদের উদ্দেশে তিনি বলেছেন, ‘চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হও। মৃত্যুর পরেও যেন মানুষের মধ্যে বেঁচে থাকতে পারো, এমন কাজ করো।’
গতকাল বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তরুণদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন সাবিরুল ইসলাম। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টি (ডিসিসিআই), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সঙ্গে যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো।
সাবিরুলের খ্যাতি এখন বিশ্বজোড়া। তিনি এখন ‘ইনস্পায়ার ওয়ান মিলিয়ন’ কার্যক্রম চালাচ্ছেন, যার লক্ষ্য বিশ্বজুড়ে ১০ লাখ তরুণ উদ্যোক্তা তৈরি করা। ইতিমধ্যে এই প্রকল্প নিয়ে তিনি বিশ্বের ২৫টি দেশের প্রায় আট লাখেরও বেশি তরুণের সামনে কথা বলেছেন। একই উদ্দেশ্যে ২২ সেপ্টেম্বর তিনি বাংলাদেশে এসেছেন, থাকবেন ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।
সাবিরুল বলেন, ‘আমাদের বাবা-মায়েরা চান, ছেলেমেয়েরা ভালো চাকরি করবে। ছেলেমেয়েরা নিজে কিছু করবে, এটা তাঁরা ভাবতে পারেন না।’ তিনি শুরু করেন তাঁর জীবনের গল্প দিয়ে। ১৪ বছর বয়সে খুললেন ওয়েবসাইট ডিজাইনের ব্যবসা। ১৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রে যান। ১৭ বছর বয়সে লিখে ফেলেন দ্য ওয়ার্ল্ড অ্যাট ইওর ফিট বইটি। এরপর বদলে যাওয়ার গল্প।
সাবিরুল বলেন, ‘ছোটবেলা থেকে আমাদের একধরনের প্রতিযোগিতা শেখানো হয়। কে কার চেয়ে ভালো ফল করল, কে কার চেয়ে বেশি ভালো চাকরি পেল...। কিন্তু এগুলো কোনো জীবন হতে পারে না। আমি বলছি না যে চাকরি খারাপ। কিন্তু মূল কথা হলো উদ্যোক্তা হতে হবে।’
সাবিরুল আরও বলেন, ‘সবাই উন্নত দেশে যেতে চায়। কিন্তু আমি বাংলাদেশেই ভবিষ্যতের সব সম্ভাবনা দেখতে পাচ্ছি।’ তরুণদের উদ্দেশ করে তিনি বলেন, ‘সরকার, রাষ্ট্র তোমাকে কী দিল, কী পেলে, সেই হিসাব না করে উদ্যোক্তা হয়ে নিজে কিছু করো।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেসিআইয়ের সভাপতি মোস্তাফিজুর রহমান, ডিসিসিআইয়ের সভাপতি সবুর খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. কামালউদ্দিন।