ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ও আফগানিস্তানে অবস্থান জোরদারের তৎপরতা চালাচ্ছে। ভারতেও আইএসের কর্মকাণ্ডের কিছু নমুনা দেখা গেছে। তিনি আইএসের হুমকি রুখতে ভারতের কেন্দ্রীয় সরকারের বাহিনীর সঙ্গে রাজ্যপর্যায়ের বাহিনীগুলোর সমন্বয়ের ওপর জোর দেন।
গত শুক্রবার গুজরাটে ভারতীয় পুলিশের মহাপরিচালক ও মহাপরিদর্শকদের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন রাজনাথ সিং। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন। খবর জি নিউজ ও ইকোনমিক টাইমসের।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এটা বাস্তবতা যে বিশ্বজুড়ে আইএসের কর্মকাণ্ড বাড়ছে। ভারতও এ থেকে বিচ্ছিন্ন নয়। ইন্টারনেটে সামাজিক যোগাযোগমাধ্যম এবং অন্যান্য নানা মাধ্যমে তরুণদের মধ্যে উগ্রবাদ ছড়িয়ে পড়ছে।
এ বিষয়ে জানতে চাইলে নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমডোর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী প্রথম আলোকে বলেন, আইএসের তৎপরতা বাড়ানোর চেষ্টা থাকবে, এটা স্বাভাবিক। কারণ আইএসের চূড়ান্ত লক্ষ্য হলো সারা দুনিয়ায় তাঁদের খিলাফত প্রতিষ্ঠা করা। এ ক্ষেত্রে মুসলিম দেশগুলো ওদের বড় লক্ষ্যবস্তু। এ অবস্থায় মুসলিমপ্রধান দেশ হিসেবে বাংলাদেশও তাদের লক্ষ্যবস্তু হতে পারে। তিনি বলেন, ‘তবে বাংলাদেশে আইএসের কোনো তৎপরতা আছে কি না, সেটার কোনো প্রমাণ আমাদের কাছে নেই। ভারতের কাছে যদি এমন প্রমাণ থাকে, তাহলে আমরা আশা করব তারা এ-সংক্রান্ত তথ্য দিয়ে বাংলাদেশকে সহায়তা করবে।’