বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জে এফ আর জ্যাকব সমাহিত

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের বীর সমরনায়ক লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব-ফারজ-রাফায়েল জ্যাকবকে (জে এফ আর জ্যাকব) সমাহিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লির হুমায়ুন রোডের ইহুদি কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। খবর আইবিএন লাইভের।
৯২ বছর বয়সে গত বুধবার নয়াদিল্লিতে সেনাবাহিনীর একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন জ্যাকব। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর ১ জানুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
জে এফ আর জ্যাকবের মরদেহ গতকাল সমাহিত করার আগে দিল্লি সেনানিবাসের ব্রার স্কয়ারে রাখা হয়। সেখানে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর, সেনাপ্রধান জেনারেল দলবীর সিং সুহাগ, বিমানবাহিনীর প্রধান মার্শাল অরূপ রাহা, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রাঘবেন্দ্র রাঠোর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল (অব.) ভি কে সিং, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা এল কে আদভানি প্রমুখ। ইসরায়েলি দূতাবাসের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন।
বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়, নয়াদিল্লিতে অবসরপ্রাপ্ত জেনারেল জ্যাকবের মরদেহের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে হাইকমিশনার মোয়াজ্জেম আলী শ্রদ্ধা নিবেদন করেন।
পরে ইহুদি ধর্মীয় রীতি অনুযায়ী জ্যাকবের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়। সমাহিত করার সময় কবরস্থানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি, এল কে আদভানি, ইসরায়েলি রাষ্ট্রদূতসহ তাঁর অল্প কয়েকজন বন্ধু এবং কূটনৈতিক ও সামরিক কর্মকর্তা।
একাত্তরে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখার জন্য সবচেয়ে বেশি পরিচিত জ্যাকব। তখন তিনি ছিলেন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের চিফ অব স্টাফ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করা ভারতীয় মিত্রবাহিনীর সমর পরিকল্পনা ও তা বাস্তবায়নের দায়িত্ব অনেকটাই বর্তেছিল তৎকালীন এই মেজর জেনারেলের ওপর।
জ্যাকবের প্রয়াণে শোক প্রকাশ করে বুধবার বিবৃতি দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ কয়েকজন মন্ত্রী ও কয়েকটি সংগঠন। গতকাল শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ।