বাংলাদেশের অগ্রগতিতে শরিক হয়ে যুক্তরাষ্ট্র গর্বিত: কেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গত সোমবার বাংলাদেশে এক দিনের সংক্ষিপ্ত সফরকালে রাজধানীর ধানমন্ডিতে ইএমকে সেন্টারে নাগরিক সমাজ, তরুণ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে দেওয়ার তাঁর বক্তব্য এখানে তুলে ধরা হলো:

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গত সোমবার বাংলাদেশে এক দিনের সংক্ষিপ্ত সফরকালে রাজধানীর ধানমন্ডিতে ইএমকে সেন্টারে নাগরিক সমাজ, তরুণ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। ছবি: প্রথম আলো
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গত সোমবার বাংলাদেশে এক দিনের সংক্ষিপ্ত সফরকালে রাজধানীর ধানমন্ডিতে ইএমকে সেন্টারে নাগরিক সমাজ, তরুণ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। ছবি: প্রথম আলো

মার্শা (বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট), আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বাংলাদেশে যে দারুণভাবে কাজ করছেন, আসুন, আমরা সবাই মিলে এর জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি সত্যিই অসাধারণ কাজ করছেন।

আমি মার্শা, পাশাপাশি তাঁর সব সহকর্মীকে ধন্যবাদ জানাতে চাই। কেননা, আমরা জানি, এখানে যে কাজ হচ্ছে, তা পুরোটাই একটি টিমওয়ার্কের ফসল। এই দলের সবার সঙ্গে আমি একটু পরে সাক্ষাৎ করব। তাঁরা সবাই কঠোর পরিশ্রম করছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নির্মাণের ক্ষেত্রে আমরা সবাই কঠোর পরিশ্রম করছি। আর আজকের এই বিকেলে এখানে আসতে পেরে আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। সবাইকে অশেষ ধন্যবাদ।

বাংলাদেশে এসে এডওয়ার্ড এম কেনেডি সেন্টারে পরিদর্শন করতে পারা আমার জন্য একটা দারুণ সুযোগ। আমি জানি, বাংলাদেশের ইতিহাসের একটি বিশেষ জায়গায় এবং সেই সঙ্গে এ দেশের মানুষের হৃদয়ে টেড কেনেডির একটি অবস্থান আছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তিনি সমর্থন দিয়েছিলেন। টেড কেনেডি ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন আর এ সমর্থনের বিষয়ে তাঁর অবস্থান ছিল স্পষ্ট। তাঁকে আমি অনেক বছর আগে থেকেই চিনতাম। আমার যখন ১৮ বছর বয়স, সে সময় তাঁর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়। তখন সবে আমি হাইস্কুল পাস করে বেরিয়েছি। ১৯৬২ সালে পুরো একটি গ্রীষ্ম আমি বিনা পয়সায় কাজ করি (হেসে) টেড কেনেডিকে মার্কিন সিনেটের সদস্য হিসেবে নির্বাচিত করতে সহায়তা করার জন্য। তিনি প্রেসিডেন্ট জন এফ কেনেডির শূন্য আসনে নির্বাচন করেছিলেন। টেডের ভাই মাত্র দুই বছর আগেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

ওই নির্বাচনের প্রচারণা ছিল অসাধারণ। আমি সেখানে কাজ করে অনেক কিছু শিখেছিলাম। ওই শিক্ষা এর কয়েক বছর পরই সিনেট সদস্য হতে আমাকে সহায়তা করে। নির্বাচনে কাজ করার সময় আমি ভাবিইনি যে একসময় আমিও তাঁর জুনিয়র সিনেটর হব। সিনেটর টেড কেনেডির সহযোগী হব। আমরা ২৯ বছর একসঙ্গে কাজ করেছি। মাত্র কয়েক বছর আগে তিনি মারা গেছেন। তবে আমি ২৫ বছরেরও বেশি সময় ধরে তাঁর সঙ্গে কাজ করেছি। আজ তাঁর নামাঙ্কিত প্রতিষ্ঠানে এসে আমি সম্মানিত বোধ করছি।

এখানে একটি বিষয় যোগ করতে চাই। তা হলো, আমার মনে হয় তাঁর ও আমার এই জুটি মার্কিন সিনেটে সবচেয়ে বেশি সময় ধরে থাকা জুনিয়র-সিনিয়র সিনেটরের জুটি। ভেবেছিলাম, সারাটি জীবন আমি এভাবেই থাকব। (হাসি) সিনেটর স্ট্রম থার্মন্ড ছিলেন ফ্রিৎজ হলিংয়ের সঙ্গে সবচেয়ে বয়সী ব্যক্তি। তিনি শত বছর বেঁচে ছিলেন। তাই আমিও বলতাম, শত বছর। বা, বেশ ভালো তো। আমারও এমন হবে। (হাসি)

আমার ঢাকায় আসার অনেক কারণ ছিল। এখানে যে সংবর্ধনা পেয়েছি, তার জন্য অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা জানাই। আমি বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। তাঁর সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে। আমি বাংলাদেশের সংস্কৃতি নিয়ে বলতে চাই, এ সংস্কৃতি বিশ্বের সবচেয়ে উন্নত, বৈচিত্র্যপূর্ণ ও সুন্দরগুলোর একটি। এ দেশ সত্যিকার অর্থেই ‘সোনার বাংলা’।

প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) সঙ্গে আমার অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বিশদ আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আলী (এ এইচ মাহমুদ আলী) ও অন্য বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে আমার ভালো আলোচনা হয়েছে। আজকের এসব আলোচনায় আমরা স্বাধীনতার পর গত সাড়ে চার দশকে বাংলাদেশ কীভাবে আজকের অবস্থানে এল, তা নিয়ে আলোচনা করেছি। দুটি দেশ স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা এবং আঞ্চলিক থেকে বৈশ্বিক নিরাপত্তার মতো বিষয়ে কীভাবে একযোগে কাজ করতে পারে, আমাদের আলোচনায় সেসব বিষয়ও ছিল।

আমি আপনাদের জানাতে চাই, বাংলাদেশের অগ্রগতিতে শরিক হতে পেরে যুক্তরাষ্ট্র যথেষ্ট গর্ববোধ করে। স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার তিনটি প্রধান উন্নয়ন উদ্যোগের বিষয়। আমরা বাংলাদেশকে স্বাগত জানাই। কেননা, তারাও এসব উদ্যোগে অংশ নিয়েছে।

কখনো কখনো কেউ কেউ আমাদের সম্পর্ক নিয়ে টানাপোড়েন অনুভব করেছেন। যেটা শুরু হয়েছিল ১৯৭১ সালে। তবে আমি গর্বিত যে সিনেটর টেড কেনেডিই বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সমর্থন জানানো একমাত্র মার্কিন নন। ১৯৭১ সালে আমি তরুণ ছিলাম। তখন কেবল ভিয়েতনাম যুদ্ধ থেকে ফিরেছি। আমরা সবাই বাংলাদেশের স্বাধীনতার সমর্থক ছিলাম। ম্যাসাচুসেটস বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের পক্ষে ছিল। আমি এ জন্য গর্ব বোধ করি।

সবাই জানি, এখন একটা ভিন্ন এবং বেশ কঠিন সময় পার করছি আমরা। জলবায়ু পরিবর্তনের কারণে বড় ধরনের ঝুঁকিতে থাকা দেশ বাংলাদেশ। এটি জনবহুল একটি দেশ। দেশের উপকূলীয় নিচু অঞ্চল ভয়াবহ ঝড়ের মুখে পড়ে। এসব বাংলাদেশকে ঝুঁকিতে থাকা দেশগুলোর শীর্ষে রেখেছে। ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের প্রায় দেড় কোটি মানুষ তাদের আবাস হারাতে পারে। আর এসবের কারণেই যুক্তরাষ্ট্র, প্রেসিডেন্ট ওবামা এবং আমি আমাদের স্থানীয় সহযোগীদের নিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। উপকূলীয় এলাকার সম্পদের ওপর নির্ভরশীল লাখ লাখ বাংলাদেশি মানুষের সহযোগিতায় জলবায়ু সহিষ্ণুতা সৃষ্টি, নবায়নযোগ্য জ্বালানির নানা প্রকল্পে সহায়তা, জরুরি আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে আমরা এসব কাজ করে যাচ্ছি।

আপনারা সবাই জানেন, জলবায়ু পরিবর্তন রোধের ক্ষেত্রে কোনো গোপন বিষয় নেই। এটা সুনির্দিষ্ট। এটা জ্বালানি নীতির বিষয়। আপনারা যদি জ্বালানি নীতি ঠিক করতে পারেন, তবে আপনি জলবায়ু পরিবর্তনে সৃষ্ট সমস্যার সমাধান করতে পারবেন। আজই প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) ও পররাষ্ট্রমন্ত্রীর (এ এইচ মাহমুদ আলী) সঙ্গে বৈঠকে মন্ট্রিল প্রটোকলের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছি। হাইড্রোফ্লুরো কার্বনের থেকে নতুন প্রযুক্তি ব্যবহারের বিষয়ে আমরা কথা বলেছি। আর শুধু এ থেকেই আমরা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি আধা ডিগ্রি সেলসিয়াস কমাতে পারি। কাজেই এ বিষয়ে করার অনেক কিছুই আছে। এই পরিবর্তনের জন্য যেসব দেশ লড়াই করছে, বাংলাদেশের তার শীর্ষে থাকা প্রয়োজন এবং আমরা তা চাই।

আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে এ বিষয়ে বাংলাদেশকে সর্বতোভাবে সহায়তা করবে; অতীতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা যেমনটা বাংলাদেশের পাশে থেকেছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র শিক্ষক প্রশিক্ষণ, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন,

স্বাস্থ্য খাতের উন্নতি, শ্রমিক ও নারী অধিকারের ক্ষেত্রে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিতে শত শত কোটি ডলার দিয়েছে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কও আরও বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী দেশ, বৃহৎ রপ্তানি বাজার এবং সেই সঙ্গে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) প্রধান উৎস।


২ হাজার ৮০০ কোটি ডলারের তৈরি পোশাকশিল্প এই সম্পর্ক বৃদ্ধিতে অনন্য ভূমিকা রেখেছে। দেশের প্রবৃদ্ধির হারকে ৬ শতাংশে রাখতে এটি ভূমিকা রেখেছে। তবে শুধু প্রবৃদ্ধির জন্যই প্রবৃদ্ধি আমাদের মূল লক্ষ্য নয়; প্রবৃদ্ধি ঘটেই চলল কিন্তু তার মূল্যবোধ হলো ভুল, পরিণতি হলো মন্দ—এমনও হতে পারে। প্রবৃদ্ধি হলো, কিন্তু মানুষ হয়তো অধিকার পাচ্ছে না, ন্যায্য উপার্জন পাচ্ছে না বা শিক্ষার সুযোগবঞ্চিত থাকছে। তাই প্রবৃদ্ধিই পরিস্থিতির একমাত্র সূচক নয়। রানা প্লাজার ধস এবং তাজরীন ফ্যাক্টরিতে আগুন—এ দুই মর্মান্তিক দুর্ঘটনা একটি মৌলিক সত্যকে আমাদের সামনে উপস্থিত করেছে। তা হলো, যতক্ষণ না বাংলাদেশের শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত হয় এবং তাঁদের অধিকার নিশ্চিত করা যায়, ততক্ষণ এ দেশ তার মানুষের আশা পূরণ করতে পারবে না এবং উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দিতে পারবে না। এটা খুবই জরুরি বিষয়।

কারখানার নিরাপত্তায় পরিদর্শন বাড়ানো, নিম্নমানের কারখানা বন্ধ করে দেওয়া, শ্রমিক নিগ্রহের কোনো বিষয়ে নির্ভয়ে অভিযোগ করার ব্যবস্থার ক্ষেত্রে বাংলাদেশ সরকার, বেসরকারি খাত, ট্রেড ইউনিয়ন ও আন্তর্জাতিক সংস্থাগুলো যে উদ্যোগগুলো নিয়েছে, যুক্তরাষ্ট্র তাতে ব্যাপকভাবে সমর্থন জানায়।

তবে এসব উদ্যোগ একটি সম্পূর্ণ প্রক্রিয়ার অংশ। শ্রমিকদের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি তাঁদের অধিকারও বাড়াতে হবে। দেশের তৈরি পোশাক শিল্পের কারখানায় শ্রমিকদের ক্ষমতায়ন, তাঁদের ইউনিয়ন করার অধিকার, দর-কষাকষির অধিকারের পূর্ণ ক্ষমতা দেওয়ার মাধ্যমে বাংলাদেশ সত্যিকার অর্থে ব্যাপক লাভ পেতে পারে। কাউকে ঝুঁকিপূর্ণ ও শোষিত হওয়ার সুযোগ রয়েছে—এমন পরিবেশে কাজ করতে বাধ্য করা উচিত নয়। এটা একেবারে সহজ কথা।

আপনাদের কাছে একটি ঘটনা বলতে চাই। বেশ কয়েক বছর আগে আমি উত্তর ম্যাসাচুসেটসের লাওয়েল নামের একটি জায়গায় থাকতাম। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রথম পরিকল্পিত জনপদ। শিল্পবিপ্লব এবং যুক্তরাজ্যের প্রথম দিকের উন্নয়নের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছিল এলাকাটি। এই এলাকার নদীর তীরে বিরাট বিরাট কারখানা গড়ে উঠেছিল। কারণ, এই নদীর পানি কারখানার জন্য দরকার ছিল। সেখানে কাপড়সহ নানা দ্রব্য উৎপন্ন হতো। বিশাল কারখানা ছিল এগুলো। তবে এসব কারখানায় অনেক সময় শিশু শ্রমিক কাজ করত। তারা দুপুরের খাবারের বিরতি পেত না। পেত না টয়লেটের বিরতিও। তাদের ১৬ ঘণ্টা ধরে কাজ করতে হতো। শেষ পর্যন্ত শ্রমিকদের অধিকার দান এবং উন্নত কাজের পরিবেশের দাবিতে আন্দোলন শুরু হলো।

আজকের যুক্তরাষ্ট্রের দিকে তাকান। আমরা এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হিসেবে আবির্ভূত হয়েছি। আমরা এখন বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিও। চীনও দ্রুত উন্নতি করছে। চীনের জনসংখ্যা ১৩০ কোটি। একদিন চীন আরও বড় অর্থনীতির দেশে পরিণত হবে। তবে আমাদের অর্থনীতি হলো উদ্ভাবনের, সৃষ্টিশীলতার। আমাদের অর্থনীতি মানুষকে অধিকতর অধিকার দেয়। কিশোরদের কলেজে যাওয়ার সুযোগ দেয়। তাদের মা-বাবারা ভালো অবস্থায় আছে আর সে জন্য তাদের উত্তর প্রজন্মও ভালো জীবন যাপন করবে। আর এর বড় কারণটি হলো, আমরা শ্রমিকদের অধিকার দিয়েছি এবং তাঁদের কর্মপরিবেশের উন্নয়ন সাধন করেছি। আমরা সবার উপকারের কথা বিবেচনা করেই জাতি হিসেবে উন্নত হয়েছি। যখন একটি দেশের সবাই সুবিধা পায়, তখন পুরো জাতিই উন্নতি করে। এটাই মূল তত্ত্ব। এটা আমরা নিজেদের অভিজ্ঞতা থেকেই জেনেছি। আমরা এখন এটা মেনে নেওয়ার চেষ্টা করছি যে এসব করতে আমরা দীর্ঘ সময় ব্যয় করেছি। কাজটা সহজ ছিল না। এসব পরিবর্তনের কিছু কিছু হয়েছে মাত্র গত ১৫ বছরে। সিনেটর টেড কেনেডি এবং অন্যদের ধন্যবাদ, আমাদের দেশের সবার জন্য স্বাস্থ্যসুবিধা দেওয়ার বিষয়ে আমিও ভোট দিয়েছিলাম। আমাদের দেশ সে কারণেই আজ অধিকতর শক্তিশালী।

কিন্তু আমরা এখনো অনেকগুলো বিষয় নিয়ে লড়াই করছি। সুতরাং, আপনাদের প্রতি আমার বার্তা হলো, কখনো ক্ষুব্ধ হবেন না। কেননা, রাতারাতি কিছু হয় না। এর জন্য সময় ও শ্রমের প্রয়োজন। আপনাদের নিজেদের স্বার্থে বাংলাদেশের সমৃদ্ধি প্রয়োজন। কিন্তু এখানে আরেকটি কারণও রয়েছে। আমরা সবাই জানি, মানুষের নিরাপত্তাবোধ নিশ্চিত করার মাধ্যমেই প্রকৃত সমৃদ্ধি অর্জন করা সম্ভব। আর উগ্রবাদীরা এমন স্থানকেই চারণভূমি হিসেবে বেছে নেয়, যেখানে মানুষ অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে প্রান্তিক বোধ করে। সহিংসতার মধ্যে প্রবৃদ্ধি অর্জন এবং তা ধরে রাখা অনেক কঠিন। অর্থ নিরাপত্তা চায়। আপনি যদি আশা করেন যে বিদেশি বিনিয়োগকারীরা এখানে আসবেন এবং তাঁদের অর্থ বিনিয়োগ করবেন, তবে অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তবে নিরাপত্তা নিশ্চিত করতে হলে সুশীল সমাজকে এবং গণমানুষের মতপ্রকাশের ক্ষমতাকেও শক্তিশালী করতে হবে। তারা যেন এমনটা ভাবতে বাধ্য না হয় যে কোনো বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে হলে উগ্রপন্থাই একমাত্র পথ।

এসব কারণেই সন্ত্রাসীদের ভয়ংকর নেটওয়ার্ক ধ্বংস করতে, বিশেষ করে আল-কায়েদা ও দায়েশকে পরাজিত করতে বাংলাদেশ এবং প্রতিটি মহাদেশের অংশীদারদের সঙ্গে কাজ করা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। ১ জুলাইয়ে ঢাকার হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা ছিল চরম নিষ্ঠুরতা। স্পষ্টতই বোঝা যায়, ওই হামলার লক্ষ্য ছিল বাংলাদেশকে বিভক্ত করা এবং সুন্দর এই সমাজকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা। এর আগে কয়েক বছর ধরে এই ধরনের ছোট মাত্রার আরও হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশে। সংখ্যালঘু সম্প্রদায়, বিদেশি নাগরিক, ব্লগার কিংবা নিরাপত্তা কর্মকর্তারা প্রায়ই হামলার লক্ষ্যবস্তু হয়েছেন। নিঃসন্দেহে এই হামলাগুলোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে বিভক্তি তৈরি করা। সন্ত্রাসীরা আপনাদের জনগণকে বিচ্ছিন্ন করে বিবাদ সৃষ্টি করতে চায়।

এসব ঘৃণ্য সহিংসতা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘটিত হওয়া এ ধরনের আরও অনেক ঘটনা আমাদের খুব রূঢ়ভাবে মনে করিয়ে দেয় যে যারা এ ধরনের হামলা চালায় বা মদদ দেয়, তাদের ভৌগোলিক সীমানার প্রতি সম্মান, অন্যের অধিকারের বিষয়ে বিবেচনা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাবোধ নেই। বাংলাদেশ বা যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অধিকাংশ মানুষের মূল্যবোধের প্রতিনিধিত্বও তারা করে না। এর পরিপ্রেক্ষিতে সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় ও সুনির্দিষ্ট বার্তা দেওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আইএস জঙ্গিরা ইরাকে কেবল পরিচয়ের কারণেই মানুষকে হত্যা করছে। সেখানে ইয়াজিদি, শিয়া ও খ্রিষ্টান পরিচয়ের কারণে মানুষকে হত্যা করা হচ্ছে। মানুষ জঙ্গিদের মত ধারণ করে না, কেবল এই কারণেই তাদের হত্যা করা হচ্ছে। আইএস জঙ্গিরা সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে। এই কারণে আমি উগ্রবাদের বিরুদ্ধে লড়াইকে অন্যতম কঠিন চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করি। এই সমস্যার সমাধানে আমাদের এক প্রজন্ম বা তার থেকেও বেশি সময় লাগতে পারে। তবে আমি বলতে চাই, আমরা আইএসকে পরাজিত করছি এবং করবই। আমরা বোকো হারাম ও আল-শাবাবকেও পরাজিত করব। আমরা সেই লক্ষ্যে সঠিক পথেই এগোচ্ছি।

আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। এটা কেবল যুদ্ধক্ষেত্রের বিষয় নয়, মানসিকতার বিষয়ও বটে। যদি অনেক তরুণ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত থাকে, বেকারত্ব কিংবা হতাশায় ভোগে এবং এই সুযোগ কাজে লাগিয়ে উগ্রবাদীরা ওই তরুণদের নিজেদের দলে ভেড়াতে পারে, তাহলে এ সহিংসতা বন্ধ করা যাবে না।

মনে রাখবেন, কোনো দেশই সন্ত্রাসবাদ থেকে নিরাপদ নয়। আতঙ্ক ছড়ানো সহজ। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিনে ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন এবং বছরে ৩৬৫ দিন সতর্ক থাকতে হয়। তবে কেউ যদি চায়, তাহলে যেকোনো দিন সে সন্ত্রাসী হয়ে উঠতে পারে। সে নিজেকে এবং আরও কিছু মানুষকেও হত্যা করতে পারে। কিছু শোরগোল সৃষ্টি করতে পারে। গণমাধ্যম যদি সন্ত্রাসবাদের এই ঘটনাগুলোকে খুব ফলাও করে প্রচার না করে, তাহলে হয়তো তা আমাদের সবার জন্য মঙ্গলজনক হবে।
আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের পাশে আছে।

গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, সন্ত্রাসীদের পরাজিত করতে হলে আমাদের গণতন্ত্রের মূলনীতিগুলো পরিত্যাগ না করে বরং তা আরও সুদৃঢ় করতে হবে। একজন লোক কেন সন্ত্রাসী হয়ে ওঠে? এই প্রশ্নের কোনো সুনির্দিষ্ট উত্তর হয়তো নেই। সন্ত্রাসী হয়ে ওঠার অনেকগুলো কারণ থাকতে পারে। তবে ভুলে গেলে চলবে না যে এখন পর্যন্ত গণতন্ত্রই উগ্রবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধের সবচেয়ে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। কেন? কারণ, গণতান্ত্রিক পরিবেশে মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করতে পারে। আপনি আপনার বক্তব্য প্রকাশ করতে পারেন এবং এই কারণে জেলে যাওয়ার কোনো ভয় থাকে না। কোনো বিষয়ে আলোচনা করার ও ভিন্নমত প্রকাশ করার সুযোগ থাকে এবং এর মাধ্যমে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। এ প্রক্রিয়ায় সুশীল সমাজের বিকাশ ঘটে। যখন মানুষ স্বাধীনভাবে বিতর্ক করতে পারে, তখন মিথ্যার দ্বারা প্রভাবিত হওয়া, শান্তির ধর্ম ইসলামকে ভুলভাবে উপস্থাপনা করা এবং নাশকতায় জড়িয়ে পড়ার সুযোগ কমে যায়।

সুতরাং, এটা খুবই গুরুত্বপূর্ণ যে মানুষ সহিংসতার মাধ্যমে ধ্বংস না করে বরং সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে। এখন কিছু লোক যুক্তি দিতে পারেন যে যখন বিভিন্ন দেশ সন্ত্রাসী হামলায় আক্রান্ত হচ্ছে, সেই মুহূর্তে গণতন্ত্রের মূলনীতিগুলো মেনে চলা খুবই কঠিন। আমি সেটা বুঝি। কিন্তু আসলে ঘটনা কি জানেন? আপনার সামনে দুটো পথ আছে। আমি মনে করি, এই সময় গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা বেশি গুরুত্বপূর্ণ। কেননা, আপনি যদি তা না করেন, তাহলে বরং বিরোধিতা,

আতঙ্ক ও উন্মাদনা থেকে আরও দ্রুত উন্মত্ততার সৃষ্টি হতে পারে।

বন্ধুরা, দুই দেশের মধ্যকার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বিশ্বাসের এক নতুন বোধ নিয়ে আজ আমি এখান থেকে যাব। এ নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। আরও বেশি সময়ের জন্য এখানে থাকার ইচ্ছে ছিল আমার। কিন্তু বর্তমান সংঘাতময় অবস্থা এবং দায়িত্বের বোঝা আমাকে কোথাও বেশিক্ষণ থাকার সুযোগ দেয় না। আমার স্ত্রী-সন্তানদের জিজ্ঞেস করুন। এটা আসলেই কঠিন। তবে আমি আপনাদের প্রাণবন্ত, গতিশীল সমাজের শক্তিটা অনুভব করতে পারছি। আমি তা উপলব্ধি করতে পারছি। এখানে দারুণ কাজ করা মার্কিন রাষ্ট্রদূত আমাকে এ বিষয়ে অবগত করেছেন। আমার সহকর্মী নিশা বিসওয়ালও সব সময় তা বলেন। তাঁরা ঠিকই বলেন। দুই দেশের কাছেই এই অংশীদারত্বের প্রয়োজনীয়তা সম্পর্কে আরও দৃঢ় বিশ্বাস নিয়ে আমি এখান থেকে যাব।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আঞ্চলিক নিরাপত্তা নিয়ে এত ঘনিষ্ঠভাবে কাজ করবে—এক দশক আগেও কেউ এ ভবিষ্যদ্বাণী করতে পারত কি না, তা আমি নিশ্চিত নই। এখন বাংলাদেশ বঙ্গোপসাগরে টহল দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের জাহাজ ব্যবহার করছে। এখন সন্ত্রাসবাদ মোকাবিলা থেকে শুরু করে মহাসাগরের পরিবেশ পর্যন্ত অনেক ক্ষেত্রেই আমাদের অভিন্ন স্বার্থ যুক্ত। এসব বিষয়ে আমরা একসঙ্গে কাজ করছি।

এটা অবাক করার মতো বিষয় নয় যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কেবল অভিন্ন স্বার্থের ক্ষেত্রে অংশীদার নয়, বন্ধুও বটে। ১৯৭১ সালে যখন আমি যুদ্ধের প্রতিবাদ করছিলাম আর সুন্দর এই দেশের অধিবাসীরা যখন ভয়াবহভাবে আক্রান্ত হচ্ছিল, তখন বিশ্বের অন্য প্রান্তে কেউ কেউ চোখ বন্ধ করে ছিল। যেমনটা আমি আপনাদের বলেছি, সে সময় আমরা তরুণতর প্রজন্মের একদল মানুষ নাগরিক অধিকার, নারী অধিকার, পরিবেশ বা শান্তিবাদী আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। সময়টা ছিল অসাধারণ। আমরা নতুন নতুন ধারণা ও সম্ভাবনা দেশের জনগণের সামনে তুলে ধরছিলাম। সে সময় টেড কেনেডি বাংলাদেশের পক্ষে সমর্থন ব্যক্ত করেন এবং এখানে সংঘটিত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এই ঘটনা আমাকে গর্বিত ও আলোড়িত করেছিল।

তখনকার চরম গোলযোগপূর্ণ সময়ে সিনেটর কেনেডি এখানে ছুটে এসেছিলেন। তিনি শরণার্থীশিবির ঘুরে দেখেছিলেন। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করেছিলেন। যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে সিনেটে তিনি এখানকার সহিংসতাকে ‘পদ্ধতিগত সন্ত্রাসের রাজত্ব’ আখ্যায়িত করেছিলেন। পরের বছর তিনি আবার এখানে ফিরে এসেছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বটগাছের চারা রোপণ করেছিলেন। যুদ্ধের সময় সেনাদের হামলায় মরে যাওয়া গাছটির স্থানেই নতুন গাছটি রোপণ করেছিলেন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কেবল সংকীর্ণ অর্থনৈতিক ও কৌশলগত বিষয় নিয়েই আলোচনা করেননি; বরং তিনি কথা বলেন সম্পর্ক নিয়ে, যা আরও দৃঢ়, গভীরতর ও বিশ্বজনীন। কেনেডি বলেছিলেন, সরকারের সঙ্গে সরকারের যোগাযোগ যুক্তরাষ্ট্রের প্রকৃত পররাষ্ট্রনীতি নয়, বরং জনগণের সঙ্গে জনগণের, বন্ধুর সঙ্গে বন্ধুর, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগই এ পররাষ্ট্রনীতির মূল কথা। কারণ, এক অর্থে আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই আমেরিকান। আমরা সবাই একই বিশাল মানবসমাজের অংশ।

আমার সাবেক সিনেট সহযোগী যে গাছটি রোপণ করেছিলেন, তা এই দেশের সৃষ্টিতে অবদান রাখা রক্ত, আত্মত্যাগ ও সাহসের এক জীবন্ত প্রতীক। গাছটি এখনো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের বন্ধুত্বের প্রতীক। এই বন্ধুত্বকে দৃঢ় করতে এবং বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সম্পর্ক ও সংকল্পকে জোরদার করতেই আজ আমার এখানে আসা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশের কল্যাণে সেই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সাধনে আপনাদের সবার সঙ্গে কাজ করতে আমি উদ্‌গ্রীব। আমরা যদি একসঙ্গে সঠিকভাবে কাজটা করতে পারি, তবে তা সমগ্র বিশ্বের জন্যই লাভজনক হবে।
আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।

টোনার: আমাদের হাতে কিছু প্রশ্ন করার সময় আছে। প্রথম প্রশ্ন করবেন ভয়েস অব আমেরিকার স্টিভ হারম্যান।

প্রশ্ন:
বাংলাদেশের সরকার জোর দিয়ে বলছে, এখানে ঘটে চলা ক্রমেই বেশি করে দক্ষ হয়ে ওঠা সন্ত্রাসী হামলার ঘটনাগুলো মূলত এ দেশের ভেতর থেকেই সৃষ্ট। আমি ও আমার গণমাধ্যমের সহকর্মীরা সম্প্রতি যেসব বিশ্লেষকের সঙ্গে কথা বলেছি, তাঁরা এই বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করেন। তাঁদের মতে, এ ব্যাপারে বাস্তবতা থেকে চোখ বন্ধ করে রেখেছে বাংলাদেশ সরকার। আপনি কি এর সঙ্গে একমত এবং আপনার আজকের সফরে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে নিরাপত্তা সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে সুনির্দিষ্ট অগ্রগতি হয়েছে কি?

পররাষ্ট্রমন্ত্রী কেরি: এ প্রশ্নের জবাব হলো, হ্যাঁ। আর দেখুন, প্রথমত আমার জবাব হচ্ছে, আমি মনে করি না, বাংলাদেশ সরকার বাস্তবতা থেকে চোখ বন্ধ করে রেখেছে। আমি এটা বিশ্বাস করি না। আমাদের মধ্যে খুবই স্পষ্ট কথাবার্তা হয়েছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, অবশ্যই প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। আমরা এ বিষয়ে অত্যন্ত খোলাখুলি কথা বলেছি। আমরা এটা খুবই স্পষ্ট করেছি যে যেমনটা এইমাত্র আপনি প্রশ্নে বললেন; আমাদের কাছে এ মর্মে প্রমাণ আছে, ইরাক ও সিরিয়াভিত্তিক আইএসআইএলের (আইএসের আরেক নাম) সঙ্গে বিশ্বের প্রায় আটটি পৃথক জঙ্গিগোষ্ঠীর যোগাযোগ রয়েছে। এগুলোর একটি দক্ষিণ এশিয়ার। তারা এখানকার কিছু লোকের সঙ্গে কোনো না কোনো পর্যায়ে যুক্ত।
আমরা আলোচনায় এটা পরিষ্কার করেছি। এ নিয়ে কোনো তর্ক-বিতর্ক হয়নি। আমার ধারণা, যখন মন্ত্রী বলেন, ‘দেশে সৃষ্ট’, তখন এর অর্থ দাঁড়ায় কোনো বিদেশি যোদ্ধা হামলা করতে এখানে আসেনি, তা করতে এখানকার কাউকে বেছে নেওয়া হয়েছে। কিন্তু তার অর্থ এই নয় যে এটা ইন্টারনেট, সামাজিক যোগাযোগের মাধ্যম বা এ রকম কোনো উপায়ে বাইরে থেকে প্রভাবিত করা হয়নি।

তাই আমাদের সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে সহযোগিতা করতে মন্ত্রী ও প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষার বিষয়টি ছিল অত্যন্ত পরিষ্কার। আজ আমরা বাড়তি কিছু পদক্ষেপ নিতে সম্মত হয়েছি, যার মাধ্যমে আমাদের গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা বিষয়টিকে সামনে এগিয়ে নিতে একত্রে কাজ করবেন। এ-সংক্রান্ত সবদিক নিয়ে কথা বলেছি আমরা। এর মধ্যে আছে বিষয়টি অংশগ্রহণমূলক হওয়ার গুরুত্ব, জনগণের সঙ্গে কাজ করার গুরুত্ব এবং অপরাধীদের ব্যাপারে কঠোর হওয়ার মধ্যেও গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখার প্রয়োজনীয়তা। আমরা মনে করি, এ বিষয়ে সহযোগিতা করতে আমাদের অনেক কিছু করার আছে। কমিউনিটি পুলিশিং নিয়ে এরই মধ্যে আমরা বাংলাদেশের পুলিশের সঙ্গে কাজ করছি। এখন আমরা ঝুঁকির মধ্যে থাকা তরুণদের অর্থনৈতিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে মাদ্রাসাছাত্রদের সঙ্গে ও সংঘাত প্রশমনে কমিউনিটি নেতাদের সঙ্গে কাজ করতে যাচ্ছি। তাই আমি আত্মবিশ্বাসী, বাংলাদেশকে আমাদের দেওয়া সহায়তার ক্রমবর্ধমান লক্ষ্য হবে অভ্যন্তরীণ ও আন্তর্দেশীয় সংগঠনের সন্ত্রাসবাদী হুমকি মোকাবিলায় সরকারকে সাহায্য করা। আমরা এখন এ রকমই এক দানবের সঙ্গে লড়াই করছি। আর আমি পুরোপুরি আত্মবিশ্বাসী যে আমরা আরও সক্ষমতা অর্জনে সক্ষম হব এবং তা কার্যকর হবে।

টোনার:
আমাদের দ্বিতীয় ও শেষ প্রশ্ন করবেন প্রথম আলোর রাহিদ এজাজ।

পররাষ্ট্রমন্ত্রী কেরি:
আচ্ছা।

প্রশ্ন:
পররাষ্ট্রমন্ত্রী কেরি, বাংলাদেশে প্রথমবারের মতো সফরের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি বলেছেন, এখন আমরা খুব জটিল এক বিশ্বব্যবস্থার মধ্যে আছি। আপনি গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখাসহ অন্যান্য বিষয়েও কথা বলেছেন। আপনি যে এখানে এলেন, বাংলাদেশের পাশাপাশি বঙ্গোপসাগরীয় এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতি রক্ষার ব্যাপারে এখানকার সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য আপনার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কি? এবং এ বিষয়ে বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা আপনি দেখতে চান কি না। ধন্যবাদ।

পররাষ্ট্রমন্ত্রী কেরি: হ্যাঁ, আমরা পরিকল্পনা করেছি। আমরা এ বিষয়ে খুব বড় পরিসরে কথা বলেছি। আবার সুনির্দিষ্ট বিষয়েও কথা বলেছি। আপনি জানেন, যেমনটা আমি আমার শুরুর মন্তব্যে উল্লেখ করেছি, আমরা বাংলাদেশকে ‘কাটার’ (টহল নৌযান) সরবরাহ করছি, যা বঙ্গোপসাগরে টহলে ব্যবহৃত হচ্ছে। আমরা আশাবাদী যে তৃণমূল পর্যায়ের বেশ কিছু প্রকল্পে একসঙ্গে কাজ করতে পারি, যা সহিংস চরমপন্থা মোকাবিলায় আমাদের সহায়তা করতে পারে। জাতিসংঘে শরণার্থী-বিষয়ক শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন। ওই সংলাপে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তাই আমি আপনাকে বলব, শুধু বঙ্গোপসাগর নয়, এই সময়ে সব বিষয়েই আমরা বাংলাদেশের সঙ্গে খুব খোলামেলা ও বিস্তৃতভাবে কাজ করছি। উগ্রপন্থার বিরুদ্ধে কমিউনিটিগুলোর সামর্থ্য বাড়াতে তৃণমূল পর্যায়ের প্রচেষ্টাগুলোতে সহায়তার লক্ষ্যে ‘গ্লোবাল কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স ফান্ড’ একটি নতুন প্রকল্প। এ প্রকল্পে বাংলাদেশ পরীক্ষামূলকভাবে অংশ নিচ্ছে। সুতরাং, এ বিষয়ে আস্থা রাখা যেতে পারে যে আজকের এ সফরের ধারাবাহিকতায় আগামী দিনগুলোতে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হবে, যা বিসওয়াল ও আমাদের দলের অন্যরা প্রয়োজন বলে একমত হয়েছেন। কাজেই আমি মনে করি, আপনারা ভবিষ্যতে আরও সক্রিয়তা ও আরও সংশ্লিষ্টতা দেখতে পাবেন। এবং সম্ভবত এর ধারাবাহিকতায় আরও উপস্থিতিও।

আমি মনে করি, দায়েশ (আইএসের আরবি নামের সংক্ষিপ্ত রূপ), বোকো হারাম, আল-শাবাব, জইশ আল-ইসলাম, আহরার আল-শাম—বিশ্বজুড়ে এমন অসংখ্য গোষ্ঠী সম্পর্কে আমাদের আলোচনা থেকে এটা স্পষ্ট, আমাদের সবার মধ্যে তথ্যের বিনিময়, সর্বোত্তম পন্থার বিনিময়, সৃজনশীল নতুন কৌশল ও দৃষ্টিভঙ্গির বিনিময় ছাড়া কোনো দেশ সফল হতে পারবে না। এ প্রচেষ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ারগুলোর একটি হলো আমাদের মধ্যে যোগাযোগের বিষয়টি। আপনারা জানেন, যুক্তরাষ্ট্র ৬৭টি দেশের একটি জোট গঠনে সহায়তা করে এতে নেতৃত্ব দিচ্ছে। এ জোট দায়েশ ও অন্যান্য গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও সহিংস উগ্রপন্থা মোকাবিলায় মনোযোগ দিয়েছে।

আমরা গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেছি। দায়েশ কীভাবে চাপ অনুভব করছে, কীভাবে এই সংগঠন ছেড়ে লোকজন পালিয়ে নিজ দেশ বা অন্যত্র যাচ্ছে—এমন কাহিনি এখন আরও বেশি বেশি পড়ছি আমি। এটা এখন সিরিয়া ও ইরাকের সমস্যা সমাধানে আমাদের সহায়তা করছে। তবে এটা আমাদের অন্য দেশগুলো নিয়ে সমস্যায় ফেলছে, যেখানে আইএসের সদস্যরা ঘরে ফিরছে বা যেখানে আইএসের প্রচারণা ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব ছড়াচ্ছে। তাই আমাদের কাজ সব ফ্রন্ট যেমন অর্থায়নের ফ্রন্ট, বিদেশি জঙ্গিদের ফ্রন্ট, যোগাযোগ ফ্রন্ট, পাল্টা বার্তার ফ্রন্ট থেকে লড়াই করা। বিশেষ করে আগেভাগে প্রতিরোধের ফ্রন্ট থেকে লড়াই দরকার, যাতে শিক্ষা, কর্মসংস্থান, সুবিচার, স্বচ্ছতা, জবাবদিহি—এ সবকিছু তরুণদের ব্যর্থতা ও নৈরাশ্যের বদলে উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনার বার্তা পেতে সহায়তা করে। তরুণদের জঙ্গিগোষ্ঠীতে নাম লেখানো ঠেকানোর লড়াইতে এটা বিরাট পার্থক্য গড়ে দিতে পারে। আর সুশাসন—যা আপনারা সবাই চাইতে পারেন—সহিংস উগ্রপন্থার বিরুদ্ধে লড়াইয়ে নেওয়া আমাদের অন্য যেকোনো পদক্ষেপের মতোই সমান গুরুত্বপূর্ণ।

ধন্যবাদ। আবারও বলি, দুঃখিত, এটা কোনো দীর্ঘ সফর নয়। তবে আমি বলব, এটা একটা ভালো সফর। সবাই যে রকম আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন, তাতে আমি সত্যিই খুশি। ধন্যবাদ।