অস্ট্রেলিয়ার বিদায়ী হাইকমিশনার জাস্টিন লি সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির ভূয়সী প্রশংসা করে বলেছেন, বিভিন্ন আন্তর্জাতিক সমস্যার সমাধানে এ দেশের ভূমিকাও প্রশংসার যোগ্য। বিদায়ী হাইকমিশনার গতকাল শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এ কথা বলেন। খবর বাসসের।অস্ট্রেলিয়ার হাইকমিশনার জাস্টিন লি প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের এবং বাংলাদেশকে সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে নিতে তাঁর নিরলস প্রচেষ্টারও প্রশংসা করেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বাধিক সংখ্যক সদস্য প্রেরণের জন্য বিদায়ী হাইকমিশনার বাংলাদেশের প্রশংসা করেন। জাস্টিন লি বলেন, বিশ্ব জলবায়ু পরিবর্তনসংক্রান্ত বৈঠকসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ অত্যন্ত গঠনমূলক ভূমিকা পালন করছে।প্রধানমন্ত্রী বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দাবি ও প্রবিধান উত্থাপনে বাংলাদেশকে সমর্থন দেওয়ার জন্য অস্ট্রেলিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি হাইকমিশনারকে বাংলাদেশে সফলভাবে তাঁর দায়িত্বের মেয়াদ সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যকার সম্পর্কের চার দশক পূর্তিতে আনন্দ প্রকাশ করেন।প্রধানমন্ত্রী বাংলাদেশের জলবায়ু পরিবর্তন তহবিলে অস্ট্রেলিয়ার এক কোটি ৫০ লাখ অস্ট্রেলীয় ডলার প্রদানের প্রশংসা করেন। শেখ হাসিনা মানবসম্পদ উন্নয়ন, বিশেষ করে সবুজ প্রযুক্তি ও কারিগরি প্রশিক্ষণ ও হস্তান্তরে অস্ট্রেলিয়া সরকারের সহায়তা বৃদ্ধির আহ্বান জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, অস্ট্রেলিয়া সব সময় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের সবচেয়ে বড় শিকার বাংলাদেশের জনগণের পাশে থাকবে।শেখ হাসিনা ছাত্র ভিসা আবেদনের জন্য বাংলাদেশের মূল্যায়ন স্তর-৪ থেকে ৩-এ নামিয়ে আনায় অস্ট্রেলীয় সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এতে অস্ট্রেলিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে আরও বেশিসংখ্যক বাংলাদেশি ছাত্রছাত্রীর ভর্তির পথ সুগম হবে।